বাবার চোখে তারা
বাংলাদেশের ক্রিকেটের তিন বড় নাম—মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এই তিন ক্রিকেট তারকাকে নিয়ে বলছেন তাঁদের বাবা। লিখেছেন রানা আব্বাস

গোলাম মুর্তজা
মাশরাফি বিন মুর্তজার বাবা
ছেলের খেলা থাকলে টেনশন সামলান যেভাবে
আমি সব সময়ই ওর সঙ্গে আছি। একদম অনূর্ধ্ব-১৭ থেকে শুরু করে আজ পর্যন্ত। ও যেদিন খেলা ছাড়বে, আমার মনের অবস্থা যে কী হবে...জানি একদিন ছাড়তেই হবে। তবুও ভাবতেই কষ্ট লাগে। যা-ই হোক, আমার চিত্ত খুব একটা দুর্বল নয়। ভীষণ বাস্তববাদী আমি। ওর খেলা নিয়মিতই দেখি। খেলতে গেলে টেনশন থাকবেই। টেনশনকে সহনীয় পর্যায়ে রাখার ক্ষমতা আমার আছে।
খেলোয়াড় হিসেবে মাশরাফি
খেলোয়াড় হিসেবে সে কেমন, এটা একেকজনের কাছে একেক রকম হবে। এ নিয়ে কিছু না বলাই ভালো।
মানুষ হিসেবে মাশরাফি
তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।
মাশরাফির কোন দিকটা পরিবর্তন করলে আরও ভালো হবে
আমরা যেমন মানুষকে কাছে পেয়ে অনেক সময় ছাড়তে চাই না, আচরণে তাকে নানাভাবে মুগ্ধ করার চেষ্টা করি। ওর আবার এমন নাটুকেপনা পছন্দ নয়। সে কিন্তু ভেতরে-ভেতরে মানুষকে ভীষণ ভালোবাসে। তবে সেটির নাটুকে বহিঃপ্রকাশ করে না।
মাশরাফির খারাপ সময়টা মানিয়ে নেন কীভাবে?
ওর চোট ও পুনর্বাসনের সময়টা যে কী কষ্টকর বলে বোঝাতে পারব না। এটা সাধারণভাবে ব্যাখ্যা দেওয়াও কঠিন। ক্যারিয়ারের খুব ভালো পর্যায়ে থেকে হঠাৎ এমন পরিস্থিতি যে পড়ে, তারই বা কী হয় আর আমাদের কী হয়—ভাবতে গেলে গা শিউরে ওঠে! ও তো চঞ্চল প্রকৃতির, এক জায়গায় বসে থাকার মানুষ নয়। আনন্দ-মজা করতে বেশি ভালোবাসে। অথচ তাকে ২৪ ঘণ্টা শুয়ে থাকতে হয়েছে বিছানায়। সবার ভালোবাসা, পরিবারের সবার সমর্থন আর অদম্য মনোবলেই কঠিন সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে পেরেছে সে।
অবসরে বাবা-ছেলের সময় যেভাবে কাটে
সুযোগ পেলেই আমরা ঘোরাঘুরি করি। এই তো গত এপ্রিলে পরিবারের সবাই মিলে কাশ্মীরে ঘুরে এলাম। অনেক মজা হলো। জীবনটাকে সুন্দর-সাবলীলভাবে উপভোগ করতে চাই আমরা।
ছেলের দেওয়া সেরা উপহার
এটা বলা মুশকিল। তার সবকিছুই আমার সেরা উপহার।

খন্দকার মসরুর রেজা
সাকিব আল হাসানের বাবা
ছেলের খেলা থাকলে টেনশন সামলান যেভাবে
একদমই টেনশন নিতে পারি না। ওর খেলা তাই দেখা হয় না।
খেলোয়াড় হিসেবে সাকিব
খেলোয়াড় হিসেব ভালো না হলে সে এত দিন খেলছে কীভাবে! ওর খেলা আমি সেভাবে দেখি না, তাই এ বিষয়ে বলতে পারছি না।
মানুষ হিসেবে সাকিব
তার সবচেয়ে ভালো দিক হচ্ছে ব্যক্তিত্ব। বাজে কথা বলবে না। রাস্তাঘাটে চললে মাথাটা নিচু করে সোজা চলে যাবে। ডানে-বামে একটুও তাকাবে না।
সাকিবের কোন দিকটা পরিবর্তন করলে আরও ভালো হবে
যদি রাজনীতি করার ইচ্ছে থাকে, বলব এই ভাবনাটা বদলাতে। তার নীতিতে শুধু খেলাই থাকুক। সবাই তাকে এত সম্মান দিয়েছে, এত ভালোবাসা পেয়েছে খেলার সুবাদেই।
সাকিবের খারাপ সময়টা মানিয়ে নেন কীভাবে?
খেলোয়াড়ের ভালো-খারাপ দুটি সময়ই থাকবে। এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। সব ম্যাচেই যে ভালো করবে, তা তো হবে না। ভালো খেললে মানুষ প্রশংসা করবে, খারাপ খেললে সমালোচনা হবে—এটা মেনে নিতেই হবে।
অবসরে বাবা-ছেলের সময় যেভাবে কাটে
বেশির ভাগ সময়ই দুজন যার যার কাজে ব্যস্ত থাকি। ওভাবে খুব একটা ঘোরাঘুরি হয় না। কোথাও অনুষ্ঠান থাকলে একসঙ্গে যাওয়া হয় অবশ্য। আর এখন নাতনি হয়েছে। বাড়িতে হলে নাতনির সঙ্গেই সময় কাটে আমাদের।
ছেলের দেওয়া সেরা উপহার
সে দেশের জন্য সম্মান বয়ে আনছে, ক্রিকেটের তিন সংস্করণেই বিশ্বের সেরা অলরাউন্ডার হয়েছে—আমার কাছে এর চেয়ে বড় উপহার আর কী হতে পারে!

মাহবুব হামিদ
মুশফিকুর রহিমের বাবা
ছেলের খেলা থাকলে টেনশন সামলান যেভাবে
আগে অনেক টেনশন কাজ করত। এখন এটা কমেছে। মুশফিক যখন ব্যাটিংয়ে নামে চুপচাপ ও স্বাভাবিক থাকার চেষ্টা করি।
খেলোয়াড় হিসেবে মুশফিক
খেলার প্রতি ওর একাগ্রতা বেশি ভালো লাগে। ঘণ্টার পর ঘণ্টা একাগ্র মনে সে অনুশীলন করে। অনুশীলন একজন খেলোয়াড়কে আরও নিখুঁত করে তোলে। ও যেভাবে অনুশীলন করে, আমার আত্মবিশ্বাস যে আরও ভালো করবে। এত কষ্ট-পরিশ্রমের পর অনেক সময় প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি না মিললে খারাপ লাগে, মুশফিকের নিজের মধ্যেও হতাশা কাজ করে। তবে এটা হতেই পারে। ওপরওয়ালা চেষ্টার বাইরে নিশ্চয়ই কিছু দেন না। সে আপনি যে পেশাতেই থাকুন। এ জন্য চেষ্টা করে যেতেই হবে।
মানুষ হিসেবে মুশফিক
শতভাগ সৎ মানুষ।
মুশফিকের কোন দিকটা পরিবর্তন করলে আরও ভালো হবে?
আবেগটা নিয়ন্ত্রণে রাখতে হবে। ও খুব মেজাজি। গুণীজনেরা বলেন, মানুষ যখন উত্তেজিত হয়ে পড়ে, তখন সে বেশি ভুল করে। পেশা কিংবা ব্যক্তিজীবন—সব জায়গায় মেজাজ ধরে রাখলে আরও ভালো করতে পারবে সে।
মুশফিকের খারাপ সময়টা মানিয়ে নেন কীভাবে?
ওকে প্রায়ই বলি, কখনো হতাশ হবে না। সর্বোচ্চ চেষ্টাটাই করে যাবে। খারাপ সময় গেলে সেটা কেটে যাবে। কখন কী হবে, আমরা কেউ জানি না। তুমি শুধু তোমার কাজটা করে যাও।
অবসরে বাবা-ছেলের সময় যেভাবে কাটে
আমরা একান্নবর্তী পরিবার। ঢাকা ও বগুড়ায় সবাই একসঙ্গে থাকি। আমাদের বাড়িতে সব সময়ই বিরাট হইচই হয়। একা থাকতে পারি না আমরা।
ছেলের দেওয়া সেরা উপহার
উত্তর দেওয়া কঠিন। আগে যতটা উপহার পেতাম এখন তো আরও বেশি পাই!