বাবার জন্য...
দুটি বর্ণের একটি ছোট্ট শব্দ, বাবা। হাঁটতে শেখার সময়টাতে ছোট্ট ছোট্ট আঙুল ধরেছিলেন তিনিই। বন্ধু হয়ে পাশে থেকেছেন যেকোনো দুঃসময়ে। ব্যস্ততার অজুহাতে সেই মানুষটিকেই কখনো বলা হয়ে ওঠেনি ‘ভালোবাসি’। তো আর দেরি কিসের? বাবাকে এবার জানিয়ে দিন না কতটা ভালোবাসেন তাঁকে। সামনেই তো বাবা দিবস। বাবা দিবসে বাবার জন্য নিন বিশেষ কোনো উপহার। আর তারপর বাবাকে শুধু বলুন ‘বাবা, তোমায় ভালোবাসি’। তবে বাবার জন্য কোনো পোশাক কেনার আগে চিন্তায় পড়তে হয় অনেককেই। চলতি ট্রেন্ডের পোশাকটা হয়তো তেমন আরামদায়ক নয়। সেটা তাঁকে দিলে হয়তো তাঁর পছন্দ হবে না। আবার তাঁর হয়তো পছন্দ কোনো বিশেষ কাজ। অনেকেই ভারী এমব্রয়ডারি করা পোশাক পরতে চান না। আবার অনেকে হয়তো শুধু গোল গলার পোশাকই পরেন। কেউ আবার পছন্দ করেন হাফহাতা পোশাক। কেনার আগে বুুঝে নিন তাঁর পছন্দ-অপছন্দের কথা। ফ্যাশন হাউস রঙের ডিজাইনার বিপ্লব সাহা বলেন, ‘বাবার জন্য কিছু কেনার আগে বাবা কী পছন্দ করেন সেটা একবার বুঝে নিন। তাঁর পেশা, ব্যক্তিত্ব সেসব মাথায় রেখে পোশাক কিনুন। এখনকার একটু বয়সী বাবারা ঢিলেঢালা, হাই নেকের থ্রি কোয়ার্টার হাতের পোশাক পছন্দ করেন।’ বাবার জন্য পাঞ্জাবি হতে পারে উপহার। সাদার ওপর সুতার কাজ ও এমব্রয়ডারি করা পাঞ্জাবি বেশ চলে এখন। আবার অন্যান্য রঙের পাঞ্জাবিও পছন্দ করেন অনেকে। বাজারে পাবেন সুতি, এন্ডি সুতি বা আদ্দি কাপড়ের পাঞ্জাবি। আবার কোনো কোনো পাঞ্জাবির বোতামে আছে বিশেষত্ব। পাথর দিয়েও যেমন আছে, তেমনি কাঠ দিয়ে তৈরি বোতামগুলোও নজর কাড়ে সহজেই। ফ্যাশন হাউস নগরদোলার শাখা ব্যবস্থাপক শারমিন বলেন, ‘বাবার জন্য পাঞ্জাবি কেনার সময় নিজের পছন্দ এবং বাবার বয়স—এ দুটির সামঞ্জস্য করতে ভুলবেন না।’ বাজারে পাঞ্জাবি পাবেন ৫০০ থেকে দুই হাজার ৬০০ টাকার মধ্যে। আর যদি বাবাকে দিতে চান ফতুয়া, তাহলেও আপনার জন্য বিভিন্ন ডিজাইন এবং বাহারি রঙের ফতুয়া আছে বাজারে। সুতি, এন্ডি সুতির ফতুয়ার চলই বেশি। প্রবর্তনার কর্মী আসাদ বলেন, ‘এখন হালকা রঙের কাপড়ই এই বয়সের মানুষেরা একটু বেশি পছন্দ করেন।’ আবার যেহেতু গরমও বেশি, তাই হাফ হাতা বা থ্রি কোয়ার্টার হাতার ফতুয়া দেওয়াই যায় বাবাকে। কোনোটিতে সুতার কাজ, আবার কোনোটিতে হাতের কাজের প্রাধান্য। রঙের শ্রদ্ধায় গেলে পাবেন বিশেষ কিছু ফতুয়া বাবাদের জন্য। সাদামাটা সুতার কাজ করা ফতুয়া, এমব্রয়ডারি করা ফতুয়া, আবার যদি চান বাবাকে একটু ফ্যাশনেবল দেখতে লাগুক তাহলে কিনতে পারেন এক পাশে কাটা ভি গলার ফতুয়া। এই ফতুয়া আবার ফিতা এবং বোতাম দিয়ে পাশে কাজ করে আনা হয়েছে বৈচিত্র্য। ৪০০ থেকে এক হাজার টাকার মধ্যেই কিনতে পারবেন ফতুয়া। স্ক্রিন প্রিন্ট করা শার্ট কি বাবার পছন্দ হবে না? মাথায় রাখতে পারেন এসব শার্টের কথাও। যদি বাবাকে প্রতিদিনই ছুটতে হয় অফিসে, তাহলে দিতে পারেন ফরমাল শার্ট। শার্ট পাবেন ৫০০ থেকে এক হাজার ২০০ টাকার মধ্যে। আড়ংয়ে পাবেন এ ধরনের শার্ট।বাড়িতে তিনি হয়তো লুঙ্গিতেই স্বচ্ছন্দ, বাজার ঘুরলে মিলবে সেটাও। লুঙ্গি পাবেন রাজধানীর গুলিস্তান ও নিউমার্কেটে। সুতির এসব লুঙ্গির কোনোটিতে বড় চেক, আবার কোনোটিতে ছোট চেক থাকে। বাবা যেমনটা চান তেমনটাই নিতে পারেন। তবে দেখবেন লুঙ্গির কাপড় যেন ভালো হয়। আরও একটি অনুষঙ্গ দিতে পারেন, সেটি হলো পাঞ্জাবির ওপর পরার জন্য কটি। রঙের শ্রদ্ধায় পাবেন এসব কটি। দাম পড়বে ৮০০ থেকে দুই হাজার ২০০ টাকা পর্যন্ত। ফতুয়া বা পাঞ্জাবির সঙ্গে পায়জামা কিনতে গেলে একটু খেয়াল রাখুন। আজকাল কোমরে ইলাস্টিক বসানো পায়জামা পাওয়া যায়। তাতে ফিতা বাঁধার ঝামেলা থাকে না। আবার পকেট আছে কি না তা-ও দেখে নিতে পারেন। আজকাল পাতলা কাপড়ের আরামদায়ক জিনসের প্যান্টও পাওয়া যায়। ফতুয়া বা পাঞ্জাবির সঙ্গে জিনসও পরতে পারেন বাবারা।শুনলেন তো, কী কী কিনতে পারেন বাবার জন্য আর সেসবের দাম পড়বে কেমন। এবার নিজের বাজেট অনুযায়ী মনমতো কিনে নিন কিছু একটা। তার পরও যদি সংশয় থাকে কী কিনবেন, তাহলে শুনুন সাদাকালোর পরিচালক তাহসীনা শাহীনের কথা, ‘বাবা বেশি খুশি হন এমন একটা কিছু তাঁকে দিন, যেটা তিনি বাইরে যাওয়ার সময় পরতে পারেন। সবাইকে বলতেই তাঁরা সুখ পান যে এটা আমার সন্তান দিয়েছে। তাই বাবার জন্য কিনুন এমন কিছু, যেটা বাবার পেশা ও ব্যক্তিত্বের সঙ্গে যায়।’ তাহলে আর অপেক্ষা কেন? বাজারে যান, একটা কিছু কিনুন, আর বিশেষ দিনটিতে বাবাকে বলুন, ‘তোমায় অনেক ভালোবাসি, বাবা।’