আজ ২১ জুন। বাবা দিবস। পাঠক-বন্ধু সবার বাবাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। দিনটি ঘিরে বেশ কয়েকটি বন্ধুসভা অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মধ্যে খুলনা ও রাজবাড়ী বন্ধুসভা অন্যতম। তারা তাদের অনুষ্ঠানে বাবাদের হাজির করবে। অনুষ্ঠানটি হবে তাঁদের নিয়ে। বন্ধুদের অভিনন্দন জানাই এমন একটি অনুষ্ঠান করার জন্য। আমরা আশা করব বন্ধুসভার প্রত্যেক বন্ধু বাবার সামনে দাঁড়িয়ে বলবেন, ‘বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি।’
চলছে বৃক্ষ রোপণের উপযুক্ত সময়। সব বন্ধুকে একটি সংবাদ জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে, এবার আমরা বন্ধুসভার প্রত্যেককে বাবার নামে একটি করে গাছ লাগাব। গ্রামে-শহরে যেখানেই হোক না কেন, একটি করে গাছ লাগাব।
সেটি হতে পারে বনজ, ফলদ অথবা ফুলের গাছ। যাঁদের গাছ লাগানোর জায়গা নেই, তাঁরা যেন টবে গাছ লাগান।
বাবাকে ভালোবেসে তাঁর নামে এবারের কর্মসূচি বৃক্ষ রোপণ। ঈদের আগে আমাদের এ কর্মসূচি শেষ হবে। সঠিকভাবে কাজটি করতে পারলে আমাদের লাগানো গাছের সংখ্যা হবে এক লাখ! বন্ধুরা, তাহলে আর দেরি কী, বাবার নামে একটি গাছ রোপণ করি।
নির্বাহী সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ