বাবার পকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আব্বা ঘুমাচ্ছেন। পা টিপে টিপে তাঁর ঘরে ঢুকলাম। আজ থেকে ৮-১০ বছর আগে যেভাবে ঢুকতাম, অনেকটা সেভাবে। তখন স্কুলে পড়ি। দৈনিক বাজেটে আমার হাতখরচ বাবদ বরাবরই বরাদ্দ থাকত ১০ টাকা। তাতে স্কুলে যাওয়া-আসা, আর দুটি শিঙাড়ার খরচ নাহয় জোটে; কিন্তু মজুর দোকানের কাঠি আইসক্রিম, পিংপং বল, স্কুল ফাঁকি দিয়ে বেড়িবাঁধে ঘুরতে গেলে নৌকা ভাড়া, ভিডিও গেমসের দোকানে ‘মোস্তফা’ খেলার কয়েন, সেগুলো কে জোটাবে? শেষ ভরসা ছিল আব্বার পকেট। চুপি চুপি তাঁর ঘরে ঢুকতাম। দুই টাকা-চার টাকা যা পাই, নিয়ে দে ছুট। মাঝেমধ্যে থাকত আস্ত ১০ টাকার নোট! নেওয়ার সাহস হতো না। আব্বা অফিস থেকে ফেরার পর ভয়ে ভয়ে থাকতাম। আড় চোখে তাঁর হাবভাব দেখতাম, ধরা পড়ে যাইনি তো! মাঝেমধ্যে আব্বা অফিসে রাগারাগি করে বাসায় ফিরে মুখ থমথমে করে বসে থাকতেন, এদিকে আমি ভয়ে কুঁকড়ে থাকতাম।এসব ভাবতে ভাবতে আব্বার বিছানার পাশে গিয়ে দাঁড়ালাম। সুঠাম দেহের মানুষটা কেমন ছোট হয়ে গেছেন! কুণ্ডলী পাকিয়ে শুয়ে আছেন বাচ্চা ছেলের মতো। মা মারা যাওয়ার পর আব্বা খুব ভেঙে পড়েছিলেন। এক সপ্তাহ যেতে না-যেতেই তাঁর অন্য রূপ। সকালবেলা বেশ ঢাকঢোল পিটিয়ে হাঁটতে যান, ছোট বোনটাকে অযথাই ধমক-ধামক দেন, রাতে টিভিতে খবর দেখতে দেখতে আমার সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরগরম আলাপ করেন। ‘আমি ঠিক আছি, আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না’ এমনটা বোঝানোর আপ্রাণ চেষ্টা। মাঝেমধ্যে সকালবেলা হাঁটতে বের হয়ে দুপুরে ঘেমেনেয়ে একাকার হয়ে ফেরেন। যদি বলি, এত দেরি কেন আপনার? ‘ওই আরকি, রাস্তায়...’ মিথ্যা কথাটা গুছিয়ে বলতে না পেরে কোনোমতে বাথরুমে ঢুকে যান। আমি ঠিকই বুঝি, হাঁটতে বের হয়ে রাস্তা হারিয়েছিলেন। এই রাস্তা-ওই রাস্তা ঘুরে ঘুরে ফিরেছেন। পকেটে টাকা না থাকায় রিকশা নিতে পারেননি। কিছু খাওয়াও হয়নি। ভুলে যাওয়ার রোগটা যে তাঁকে ভালোমতোই পেয়েছে, সেটা তিনি কিছুতেই মানবেন না।একবার আব্বাকে একটা পাঞ্জাবি কিনে দিলাম। খুশি হওয়ার চেয়ে রাগ করলেন বেশি। চিৎকার, চেঁচামেচি করে বাড়ি মাথায় তুললেন। ‘দু টাকা কামানি, তার আবার ফুটানি! অযথা টাকা নষ্ট। বোনটার জন্য একটা টিচার রাখলেও তো পারিস।’ সারা দিন রাগে গজগজ করলেন। পরদিন ঘটনা ভুলে যাওয়ায় হাঁফ ছেড়ে বাঁচলাম।আমার অফিসের সময় হয়ে যাচ্ছে। পা টিপে টিপে দরজায় ঝোলানো আব্বার পাঞ্জাবির সামনে গিয়ে দাঁড়ালাম। কোনোমতে পাঞ্জাবির পকেটে টাকা কটা গুঁজে দিয়েই তাড়াতাড়ি বেরিয়ে এলাম। পকেট যে খালি ছিল, এটা তাঁর মনে না থাকলেই হয়...রেদোয়ান আহমেদকাঁঠালবাগান, ঢাকা।