বাবার পথেই হাঁটতে চান শ্রেয়সী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মের পর থেকেই গান শুনছি। ঠাকুরমা, বাবা দুজনেই গান গাইতেন। কবে থেকে গান গাইছি তা মনে নেই। কিন্তু পরিবারের সদস্যরা বলেন মুখে বোল ফুটেছে যখন, তখন থেকে দিব্যি গানও গাইছি।সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা রবীন্দ্রসংগীতশিল্পী শ্রেয়সী রায় বলছিলেন কথাগুলো। বাবা ছিলেন সংগীতগুরু অজিত রায়। ‘সংগীত এমন একটা শিল্পমাধ্যম, যার মধ্য দিয়ে মানুষের কাছাকাছি তো বটেই, ঈশ্বরের কাছাকাছিও চলে যাওয়া যায়।’ অজিত রায়ের এই বাণী জীবনদর্শন হিসেবে গ্রহণ করেছেন তাঁর কন্যা শ্রেয়সী।শ্রেয়সী রায় বলেন, ‘ছোটবেলায় বাবার হাত ধরে বুলবুল ললিতকলা একাডেমিতে যেতাম। বাবা গান শেখাতেন আমি বসে থাকতাম আর নাচের ক্লাসে উঁকি দিতাম। যখন তৃতীয় বা চতুর্থ শ্রেণীতে পড়ি তখন আমার গানের হাতেখড়ি হয় বিপুল ভট্টাচার্যের কাছে। এভাবেই সংগীতচর্চা শুরু।’১৯৯২ সালে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলনে শ্রেয়সী প্রথম গাইলেন ‘বড় বেদনার মত বাজে’ গানটি। সেই গান শুনে প্রথম বাবার স্বীকৃতি মিলল। বাবা তাঁকে বললেন, ‘তুমি পারবে।’সেভাবে কোনো প্রতিযোগিতায় অংশ নেননি শ্রেয়সী। ঢাকায় কলেজে পড়ার সময় ১৯৯৪ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হন। এটাই ছিল তাঁর প্রথম প্রতিযোগিতা। এরপর ১৯৯৫ সালে বিটিভির তালিকাভুক্ত হন এবং সে বছরই বৃত্তি নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। কেন রবীন্দ্রসংগীত বেছে নিলেন—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘রবীন্দ্রনাথের গান ও কবিতা সংকটের সময় সাহস ও শক্তি জোগায়। জীবনের প্রতিটি মুহূর্তে রবীন্দ্রনাথকে এ কারণে প্রসঙ্গিক মনে হয়। কখন যে তিনি হূদয়ে স্থান করে নিয়েছেন আমি বলতে পারব না। আমার বাবা (অজিত রায়) গণসংগীত, তিন কবির গান ও তাঁর নিজের রচিত গান গেয়েছেন। নিজের রচিত গানের সংখ্যাও নেহাত কম ছিল না তাঁর। কিন্তু তা সত্ত্বেও তিনি তাঁর শেষ জীবনে রবীন্দ্রনাথেই নিজেকে সঁপে দিয়েছিলেন। মৃত্যুর আগ মুহূর্তেও রবীন্দ্রনাথকে স্মরণ করেছেন তিনি।’বাবা অজিত রায় প্রসঙ্গে তিনি বলেন, ‘শিল্পী হিসেবে বাবাকে চিনেছি বাবা চলে যাওয়ার পরে। একটা মানুষ তাঁর জীবনদর্শনে সংগীতকে কোথায় স্থান দিয়েছিলেন সেটা তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁরা বুঝতে পেরেছেন। তাঁর কোনো লোভ, অহংকার ছিল না।’১৯৯০ সালে শুদ্ধ সংগীত চর্চার সংগঠন ‘অভ্যুদয়’ জন্ম নেয় আজিত রায়ের উদ্যোগে। অভ্যুদয় এখন কীভাবে চলছে? এ প্রশ্ন করতেই শ্রেয়সী বলেন, ‘আসলে বাবা চলে যাওয়ার পর অনেক দায়িত্ব বেড়ে গেছে। আমি ঢাকা-চট্টগ্রাম ছোটাছুটি করছি। আশা করছি ঢাকার অভ্যুদয়ের দায়িত্বটা কেউ নেবে। আর বাবার জন্মদিন উপলক্ষে অভ্যুদয় তাঁর অপ্রকাশিত গানগুলো নিয়ে একটি অনুষ্ঠান করবে। আমার স্বপ্ন অভ্যুদয়কে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার।’ কিছুদিন আগে তিমির নন্দীর সঙ্গে একটি সংগীতানুষ্ঠান ও আরেকটি চ্যানেলে একক সংগীতানুষ্ঠান করেছেন শ্রেয়সী। জানতে চাইলাম কীভাবে পারেন এত কিছু করতে? উত্তরে শ্রেয়সী বলেন, ‘আমার স্বামী প্রদ্যুৎ মজুমদার আমাকে খুব সাহায্য করেন। যার জন্য এসব সম্ভব হচ্ছে।’সংগীতচর্চা সম্পর্কে শ্রেয়সী বলেন, ‘সংগীতে শেখার শেষ নেই। এক জীবনে সব শেখা যায় না। আমার এখনো অনেক বেশি জানতে ইচ্ছে করে, শিখতে ইচ্ছে করে। অনেক গাইতেও ইচ্ছে করে। ছোটবেলায় বাবা কোনো নতুন গানে সুর দিলে আমাকে তুলে দিতেন যেন মনে রাখতে পারি। তখন তো রেকর্ড, ক্যাসেট এত সহজলভ্য ছিল না। বাবা বলতেন যখন গাইবে তখন দাপটের সঙ্গে গাইবে। বাবাই আমাকে বুঝতে শিখিয়েছিলেন রবীন্দ্রনাথকে। তবে যে মুহূর্তে আমি রবীন্দ্রনাথকে আশ্রয় করে দাঁড়াচ্ছি, রবীন্দ্র দর্শনের আরও গভীরে প্রবেশ করেছি, ঠিক তখন বাবা চলে গেলেন বহু দূরে। প্রতিদিন সকালে চোখ খুললেই যেন মনের ভেতরে বেজে ওঠে “সকল পাওয়ার মাঝে, আমার মনে বেদন বাজে নাই, নাই, নাই...।”