বাবার প্রতীক্ষায় দুই ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিঠাপিঠি দুই ভাই নয়ন বিকাশ চাকমা ও চয়ন বিকাশ চাকমার দিন কাটছিল হাসি, আনন্দ ও উচ্ছ্বাসে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর খাগড়াছড়ি গ্রামের এই দুই ভাই ছিল বাবা-মায়ের চোখের মণি। কিন্তু সব হারিয়ে এখন তারা অনাথ। সংসারের রঙিন দিনগুলো এখন অতীত।গত ১৬ ফেব্রুয়ারি রাঙামাটি শহর থেকে ফেরার পথে উপজেলার কাট্টলি এলাকার জোড়া টিলা থেকে অপহূত হন তাদের বাবা মৃগসোনা চাকমা। এই ঘটনার পর শোক সইতে না পেরে তাদের মা রীনা চাকমাও গত ১৫ মার্চ না ফেরার দেশে চলে যান। সব হারিয়ে নয়ন ও চয়ন আশ্রয় নিয়েছিল বৃদ্ধ দাদার বাড়িতে। পুত্র শোকে কাতর দাদা মঙ্গলচান চাকমাও ৬ এপ্রিল শনিবার রাতে মারা যান। এখন ৬৫ বছরের বৃদ্ধ দাদি তাদের শেষ আশ্রয়। দরিদ্র বৃদ্ধা দাদির ক্ষমতা নেই অনাথ দুটি শিশুকে ভরণ-পোষণ করবেন। দুই ভাইয়ের তাই বিদ্যালয়ে যাওয়াও বন্ধ হয়ে গেছে।সারোয়াতলী উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ে নয়ন। আর চয়ন চাকমা খাগড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়ছে। পড়াশোনায় মনোযোগী ছিল দুই ভাই। স্বপ্ন ছিল লেখাপড়া করে বড় কিছু হওয়ার। কিন্তু এখন বেঁচে থাকার সংগ্রাম করতে হচ্ছে তাদের। উত্তর খাগড়াছড়ি গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৬ ফেব্রুয়ারি রাঙামাটি শহর থেকে ফেরার পথে লংগদু উপজেলার কাট্টলী এলাকার জোড়টিলা থেকে নয়ন ও চয়নের বাবা মৃগসোনা চাকমা অপহরণের শিকার হন। দীর্ঘ দেড় মাস পরও তাঁর কোনো খোঁজ মেলেনি। বাবা একদিন না একদিন ফিরে আসবে এমন প্রত্যাশাই করে নয়ন ও চয়ন। তারা বলে, ‘আমাদের মা ও দাদা না ফেরার পথে চলে গেছে। বাবারও কোনো খোঁজ নেই। আমাদের বন্ু্লরা সবাই স্কুলে যায়, কিন্তু আমরা যেতে পারি না। এখন আমরা কী করব, কীভাবে বেঁচে থাকব?’ খাগড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ বিকাশ চাকমা বলেন, ‘চয়ন আমার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়ে। মায়ের মৃত্যুর পর থেকে সে বিদ্যালয়ে আসছে না।’ খাগড়াছড়ি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক অর্ণব চাকমা জানান, নয়ন বিকাশ চাকমা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত। বাবা নিখোঁজ হওয়ার আগে সে নিয়মিত বিদ্যালয়ে আসত। সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যতীন রায় চাকমা বলেন, ‘নয়ন ও চয়নের মা মারা যাওয়ার পর ওরা দাদার আশ্রয়ে ছিল। পরে দাদাও মারা যান। এখন তাদের লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে। আমি শিক্ষকদের বলে দিয়েছি তারা বিদ্যালয়ে গেলে যেন তাদের কাছ থেকে কোনো ফি নেওয়া না হয়।’