বাবার বারণ
বয়স তখন ১০ কি ১১, চতুর্থ শ্রেণীতে পড়ি। আত্মনির্ভরশীলতা ও আত্মনিয়ন্ত্রণ বাবার যে অন্যতম বড় পরিচয় তার প্রকাশ পেলাম। আমাদের বাসার পাশে আমগাছ। থোকায় থোকায় আম ধরত। বাসার জানালা দিয়ে ছোট ছোট আম ধরা যেত, যেন আমের রাজ্যে আমি বাস করছি। কিন্তু বাবার বারণ, ‘কারও গাছের আম তার অনুমতি ছাড়া ধরা নিষেধ।’
আমার বাবা নির্বাচিত কমিশনার ছিলেন পাঁচ বছর। এ বছরগুলোতে পারিবারিকভাবে আমি সব অভিজ্ঞতাই অর্জন করেছি। অর্থাভাব, কঠিন পরিস্থিতি, রাজনৈতিক ঝামেলা, কত কী! কিন্তু আমার বাবা আমাদের দায়িত্ব ও কর্তব্যের শিক্ষা দিয়েছেন সব সময়। জনপ্রশাসক মানেই দুর্নীতি, অর্থ ও কাঁড়ি কাঁড়ি উপহার। আমার বাবার বারণ ‘উপহার গ্রহণ করা যাবে না, ইহা (কাজ) আমার দায়িত্ব।’ হূদেরাগে আক্রান্ত হয়ে আমার বাবা হাসপাতালে ভর্তি হন ২০০৪ সালে। কিন্তু তিনি হাল ছাড়েননি। অসুস্থতার মাঝেও দায়িত্ব পালনে অবিচল ছিলেন। নিয়মিত স্বাক্ষর দিতেন জরুরি কাগজপত্রে, খোঁজ নিতেন এলাকার মানুষজনের। তাঁর শক্তি ছিল তাঁর কিছু আপন মানুষ। আরেকটি গুণ না বললেই নয়, মানুষে মানুষে বিভেদ না করা, শিক্ষা, গুণ, মর্যাদা ও অর্থে তিনি মানুষকে ভাগ করতেন না। অবলীলায় বিশ্বাস করতেন মানুষকে, মানুষের আবেগকেও প্রশ্রয় দিতেন মাঝে মাঝে। কত স্কুল, এতিমখানা, মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠান নানা সমস্যা সত্ত্বেও তাঁর একাগ্র নেতৃত্বে দাঁড়িয়ে আছে আপন মহিমায়।
আমিও চাই নির্ভীক হয়ে কঠিন পথে চলতে, চলতেই হবে। কঠিনকে ভালোবাসতেই হবে, যদি তা অর্জনের পাথেয় হয়। তবেই সবাই বলবে ‘সাহাব উদ্দীন ভাইয়ের ছেলে তার মতো।’ বাবা তোমাকে ভালোবাসি, আমাদের বিতর্ক, অমত ও পারস্পরিক সমালোচনা সবকিছুই আমাদের গণতান্ত্রিক পথে চলার শিক্ষা বটে।