বাবার সুরধারাই নিশীতার রক্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিশীতার রক্তের ভেতরে যে সুরের ধারা, সেটি তিনি উত্তরাধিকার হিসেবেই পেয়েছেন। কীর্তনিয়া বাবা শাক্যপদ বড়ুয়ার বুকে সুরের যে ঝরনাধারা তা-ই যেন নিশীতার রক্তে এসে মিশেছে। ক্লোজ-আপ ওয়ান তারকা কিংবা দেশজুড়ে গায়িকা হিসেবে খ্যাতি ছড়িয়ে পড়ার পেছনে যে মানুষটির অবদান বেশি, তিনি শাক্যপদ বড়ুয়াই। ‘বাবার অনুমতি ছাড়া আসলে এতটুকু আসা সম্ভব হতো না। বাবার বন্ধু ও সহকর্মীরা অনেক সহযোগিতা করেছেন ক্লোজ-আপ ওয়ান প্রতিযোগিতা চলার সময়।’বিশ্ব বাবা দিবস সামনে রেখে নিশীতা তাঁর বাবা প্রসঙ্গে বললেন, ‘শুধু গায়িকা হিসেবে নয়, একজন মানুষ হিসেবে কীভাবে বেড়ে উঠতে হবে, তারও দিকনির্দেশনা থাকে বাবার কথায়।’ নিশীতা বলেন, ‘বিভিন্ন সময় বাবা আমাকে দর্শক-শ্রোতার সঙ্গে কীভাবে নিজের মেলবন্ধন তৈরি করব—তা শিখিয়ে দিয়েছেন। কীভাবে দর্শকদের মন কাড়া যায়, তার কৌশল বাবাই আমাকে বলে দেন। বলতে গেলে বাবা আমার শিক্ষক, সমালোচক—সব। বাবা একজন নিরপেক্ষ দর্শক হিসেবে আমার কাছে তাঁর প্রত্যাশার কথা জানান। আর পরিবেশনার ব্যাপারেও তাঁর সাহায্য পাই।’নিশীতার চাকরিজীবী বাবা খুব সহজ-সরল একজন মানুষ। কর্মক্ষেত্র থেকে এসেই সময় পেলে কীর্তন অনুশীলন করেন। অবসর পেলেই নতুন কীর্তনের সুর করেন আর বই পড়েন। নিশীতা বলেন, ‘আমি যখন পড়ার ঘরে যাই, বাবাকে দেখি খুঁজে খুঁজে বই পড়ছেন। মজার কোনো বিষয় পেলেই তিনি আমাদের পড়ে শোনান। ব্যাপারটা আমার খুবই ভালো লাগে।’ গায়িকা হিসেবে নিশীতার সাফল্য বাবা কেমন উপভোগ করেন? জানতে চাইলে নিশীতা বলেন, ‘বাবা সচরাচর আমার সঙ্গে অনুষ্ঠানে যান না, মাঝেমধ্যে যখন যান, তখন অন্যদের পরিবেশনা দেখে উদ্বেগের মধ্যে থাকেন আমার পরিবেশনা কেমন হবে—সেটা ভেবে। যখন দেখেন আমার পরিবেশনা দর্শক খুব উপভোগ করে তখন তিনি খুব আনন্দ পান। খুশিতে হয়তো লাফিয়ে ওঠেন না, কিন্তু তাঁর চেহারায় যে অমল আনন্দ দেখি, তাতেই আমার মন ভরে যায়, চোখে জল আসে। আমার পরিবেশনা দেখতে দেখতে বাবার চোখও বহুবার ছলছল করতে দেখেছি।’ নিশীতা শোনালেন বাবার সঙ্গে তাঁর শৈশবের এক মজার স্মৃতির কথা, ‘বাবা একদিন আমাকে মেরেছিলেন, আমার ফরসা শরীরে দাগ পড়েছিল। সেদিন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে অনুভব করি, কেউ আমাকে মলম লাগিয়ে দিচ্ছেন। প্রথমে ভেবেছিলাম—মা। একটু পর আমার হাতে জলের স্পর্শ পেলাম, চোখ খুলে দেখি বাবার চোখের জলই আমার গায়ে গড়িয়ে পড়েছে। মা কিন্তু তখন হেসে হেসে বলছিলেন—মেরেছে আবার মলমও লাগাচ্ছে!’নিশীতা এখন দেশের বাইরে, মুঠোফোনে সুদূর যুক্তরাষ্ট্র থেকে নিজের বাবাসহ সব বাবার প্রতি শুভেচ্ছা জানালেন। আর তাঁর বাবার উদ্দেশে বললেন, ‘সবসময় চেষ্টা করি যে, বাবা-মার কথামতো চলব কিন্তু মাঝেমধ্যে সব কথা শোনা হয় না। তাই আজকে বাবা দিবসে বাবার কাছে ক্ষমা চাইছি আর বলছি—হয়তো মাঝেমধ্যে কথা শুনি না কিন্তু বাবা জেনে রেখো, তোমার মেয়ে তোমার মান-সম্মান অক্ষুণ্ন রাখবে, কখনো তোমাকে নিচু হতে দেবে না।’