
বিদেশে এলে মনটা যেন বাড়িতেই পড়ে থাকে। খেলায় মন বসাতে কষ্ট হয়। সারাক্ষণ মনে হয় আব্বু কী করছেন? কেমন আছেন? বছর পাঁচেক ধরেই তিনি অসুস্থ। স্ট্রোক করে এখন বাসার চার দেয়ালে বন্দী। জীবনটা তাঁর কাছে এখন পেছনে তাকিয়ে নানা স্মৃতি হাতড়ে সময় কাটানোর বড় উপলক্ষ। কথা জড়িয়ে যায়, আমরা হয়তো কিছুটা বুঝি। বাইরের কেউ আব্বুর কথা সেভাবে আর বুঝতে পারেন না।
কিন্তু সত্তরোর্ধ্ব জীবনে যে কীর্তি রেখেছেন আমাদের সামনে, তা মুছে যাওয়ার নয়। বারবার তাঁকে মনে পড়ে। তাই জার্মানিতে খেলতে এসেও ঢাকায় ছুটে যেতে ইচ্ছে করে। মন চায় বাসায় গিয়ে তাঁকে বাচ্চাদের মতো গোসল করাই। কথা বলি। গল্প করি।
আব্বুর খেলা আমি দেখিনি। সেই সময়ের পূর্ব বাংলা হকি দলের জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন সেন্টার ফরোয়ার্ড হিসেবে। এখনো তাঁর কথা বলেন সাবেক হকি খেলোয়াড়েরা। আবদুর রাজ্জাক সোনা মিয়া নামটা শুনলে শ্রদ্ধায় নত হয়ে যান তাঁর সময়ের খেলোয়াড়েরা। অনেকের মুখেই শুনেছি, আব্বুকে তাঁরা এ দেশের ইতিহাসে অন্যতম সেরা হকি খেলোয়াড়ের আসনে রাখেন।
নিয়তির লিখনই হয়তো, তাঁর ছেলে হিসেবে আমি হকি স্টিকই হাতে তুলে নিয়েছিলাম। আমগাছে তো আমই হয়! দুই মেয়ের পর তাঁর ঘরে প্রথম ছেলে হিসেবে যখন আমি এলাম, আব্বু নাকি অনেক খুশি হয়েছিলেন। যাক, নিজের হকি শৌর্য বহন করার উত্তরাধিকার পেলেন বুঝি। হামাগুড়ি দিয়ে একটু উঠে দাঁড়ালাম যখন, বয়স বেশি হলে চার! ওইটুকু বয়সেই আব্বুর হাত ধরে হকি মাঠে যেতাম। তখন থেকেই হকির প্রেমে পড়লাম।
আব্বু যখনই স্টেডিয়ামে আসতেন কোচিং, আম্পায়ারিং বা অন্য কোনো কাজে, আমি নাকি কান্না জুড়ে দিতাম তাঁর সঙ্গী হতে। এটা পরে আম্মুর মুখে শুনেছি। আমি নাকি সেজেগুজে আগে থেকেই তৈরি হয়ে থাকতাম মাঠে যাওয়ার জন্য। আর আব্বু মাঠের এক পাশে আমার হাতে স্টিক আর বল ধরিয়ে দিয়ে নিজের কাজে ডুব দিতেন। সত্যি বলতে, আব্বুর স্টিক নাড়াচড়া করেই আমার শৈশব কেটেছে। বাসায় তাঁর নাকি একটা ভাঙা স্টিক ছিল। ওটা নিয়েই বেশি খেলতাম বলে পরে জেনেছি আম্মুর মুখে। সেই যে স্টিক-বলের সঙ্গে বসবাস, আজও আমার জগৎজুড়েই ওই দুটি বস্তু। ক্যারিয়ারের শুরুর দিকেও স্টিক কিনতে হতো না আমার। বাবার স্টিকই ব্যবহার করতাম।
পুরান ঢাকায় নান্নার বিরিয়ানির ওদিকটায় গোলাম মোস্তফা লেনে আমাদের বাসা। সেখানে বারান্দায় স্টিক দিয়ে বল মারতাম সারাক্ষণ। এভাবেই বাড়ি থেকে ঠিকানা হলো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান—বিকেএসপি। আব্বু-আম্মু প্রতিটি প্যারেন্টস ডেতে বিকেএসপিতে যেতেন। তখন নাকি আমাদের কোচ নুরুল ইসলাম স্যার আব্বুকে বলতেন, ‘আপনার এই ছেলে একদিন অনেক ভালো খেলোয়াড় হবে। দেশের জন্য সম্মান আনবে।’
কতটুকু কী করতে পেরেছি, সেই মূল্যায়ন অন্যরা করবেন। তবে আমি বলতে পারি, ২০০৩ সালে জাতীয় দলে এসে ১৪ বছর খেলেছি। অধিনায়ক হয়েছি। অনেক পুরস্কার পেয়েছি, সেরা খেলোয়াড়, সেরা গোলদাতা হয়েছি। জাতীয় দলকে এশিয়ান হকি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন করেছি। আব্বু এটা দেখে ভীষণ খুশি হয়েছেন।
তিন বোন দুই ভাইয়ের মধ্যে আমি তৃতীয়। ছোট ভাইও হকি খেলে। আমরা আসলে পরিপূর্ণ একটা হকি পরিবার। আর আজ যে আমি জিমি নামে পরিচিত, আব্বুই আমার এই নামটা রাখেন—যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের নামের সঙ্গে মিলিয়ে। এখনো আমি বাড়ির বাইরে থাকলে আব্বু কান্নাকাটি করেন। আমাকে মিস করেন। আমিও তাঁকে খুব মিস করি। সম্মান করি, ভালোবাসি। এই জীবনে যা কিছু অর্জন সবই তো তাঁর কল্যাণে।
কী আশ্চর্য দেখুন, জাতীয় হকি দলে যখন আমি ডাক পেলাম, সেই দলের কোচ তখন আব্বু! বাবা-ছেলে একই দলের কোচ ও খেলোয়াড়! আব্বু খুব গর্বিত হন, যখন লোকে বলে ওই যে জিমির বাবা। তাঁর একটা উপদেশ কখনো ভুলব না। সব সময় বলতেন, ‘সম্মান পাওয়া সহজ, কিন্তু ধরে রাখা কঠিন। তুমি ওটা ধরে রেখো।’
আব্বুকে নিয়ে কথা আসলে ফুরোবার নয়। অনেক স্মৃতি আছে। জার্মানি থেকে বাসায় ফোন করলেই উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করেন, কেমন আছি। অনেক কিছু জানতে চান, কিন্তু পরিষ্কার বোঝাতে পারেন না। সুদর্শন মানুষটা অসুস্থতার কারণে জীবনের ছন্দ হারিয়ে ফেলেছেন। তাই খারাপ লাগে, কষ্ট পাই। তবু বাংলাদেশ থেকে কয়েক হাজার মাইল দূরে বসেও মনে হয়, এই তো তাঁর পাশেই আছি। বাবা দিবস উপলক্ষে তাঁকে একুটুই বলতে চাই, ‘লাভ ইউ আব্বু।’
লেখক: হকি খেলোয়াড়
অনুলিখন: মাসুদ আলম