বাবার স্নেহ থেকে চিরকাল বঞ্চিত আমরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার নাম সেলিনা আকতার। আমরা চার বোন—সালমা, নাজমা ও নাসরিন। নাসরিন সবার ছোট। কোনোদিন বাবাকে দেখেনি। সে পৃথিবীতে আসার আগেই বাবা চলে গেলেন। বাবাকে মেরে ফেলা হয়েছে। আমার বয়স তখন চার বছর। বাবার স্নেহ কী জিনিস সেটা বোঝার বয়সই আমাদের হয়নি। ১৯৭১ সালের ১৪ এপ্রিল বাবাকে আমাদের ঘর থেকে ধরে নিয়ে যায়...। সেই থেকে তাঁর জন্য অপেক্ষা করতে করতে আমাদের ৪০টা বছর কেটে গেল। কোলে তিনটি আর পেটে একটা শিশু নিয়ে আমার মা ফাতেমা খাতুন সংগ্রাম করতে করতে জীবন কাটিয়ে দিলেন। আজ আমাদের মা-ও নেই। মা প্রায় সময় বাবার কথা বলতেন। বাবা দেশকে কীভাবে ভালোবাসতেন। কেন তাঁকে মেরে ফেলা হয়েছে সেসব কথা। যতবার মা বাবার কথা বলতেন, ততবার তার ভেতরে দুঃখের চেয়ে গর্বিত উজ্জ্বল মুখটাই বেশি দেখেছি। আমারও অহংকার হয়, এমন বাবা কয়জনেই বা পায়! আমার বাবা আবদুল আজিজ খান ছিলেন বন্দরের জেনিটর। থাকতাম বন্দর ভবনের পেছনে একটি দোতলা বাড়িতে। নিচের তলায় ছিল গ্যারেজ আর বন্দর ফটোগ্রাফারের কার্যালয়। দোতলার ঘরটিতে থাকতাম আমরা। বন্দর ভবনের চৌহদ্দির ভেতরে আর কারও বাসা ছিল না। মা বলতেন, একাত্তরে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের পর বাবা ছিলেন খুবই উদ্দীপ্ত। আওয়ামী লীগের রাজনীতি ও নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। বাবা বলতেন, সংস্কৃতি মানুষের চেতনাকে জাগিয়ে দেয়। ১৯৭১ সালের মার্চ মাসে বন্দর ভবনের মাঠে বাবারা একটি নাটক করেছিলেন। এ কে এম আসাদুজ্জামানের লেখা সেই নাটকের নাম ছিল জল্লাদের পতন। বাবা সেই নাটকে টিক্কা খানের ভূমিকায় অভিনয় করেছিলেন। এই নাটক মঞ্চস্থ হওয়ার পর বাবা বন্দরের বিহারি অফিসারদের রোষানলে পড়েন। পঁচিশে মার্চে পাকিস্তানিদের নির্বিচারে মানুষ হত্যা, আর তারপর দিন স্বাধীনতার ঘোষণার পর পর বাবা আর তাঁর কয়েকজন বন্ধু মিলে বন্দর ভবনে কালো পতাকা আর বাংলাদেশের মানচিত্রখচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে দিয়েছিলেন। এরপর প্রচণ্ড ক্ষেপে যায় বিহারি অফিসারেরা। বাবাকে ডেকে তারা সেই পতাকা নামিয়ে ফেলার নির্দেশ দেয়। বাবা তা মানেননি। একটা ঘটনার কথা খুব মনে পড়ে। ২৪ মার্চ ‘সোয়াত’ জাহাজ অবরোধের দিন বন্দরে খুব গোলাগুলি হয়। মনে হচ্ছিল আমাদের গায়ের ওপর এখনই গোলা এসে পড়বে। বাবা সেদিন আমাদের সবাইকে বন্দর ভবনের ভেতরে একটি কক্ষে নিয়ে যান। সেখানে প্রতিটা ক্ষণ যাচ্ছিল মৃত্যু-আতঙ্কের মধ্যে। ‘সোয়াত’ জাহাজ অবরোধের দু-এক দিন পর সেনাবাহিনী বন্দর ভবন দখল করে। আমরা বন্দর ভবনের পেছনের বাসাটিতে আবার চলে এলাম। সেনাবাহিনী বন্দর ভবনে ক্যাম্প করার পর আশপাশের সবাই প্রাণের ভয়ে পালাতে লাগল। বাবা সাহস করে বন্দর ভবনের বাসায়ই থেকে গেলেন। আশপাশে অসহায় আরও কিছু পরিবার আশ্রয় নিয়েছিল আমাদের ঘরে। ছোট্ট দুটো ঘরে অনেক মানুষের বাস। রাতের বেলা মেয়েরা একটা ঘরে, আর পুরুষেরা এক ঘরে মেঝেতে লম্বা বিছানা পেতে শুয়ে থাকতাম। সেনাবাহিনী প্রায় সময় এসে আমাদের ঘর তল্লাশি করে যেত। বাবাকে ডেকে নিয়ে গিয়ে নানা প্রশ্ন করত। বাবা এসে বলতেন, ‘বন্দরের কোথায় কী আছে জানতে চায়। প্রাণ গেলেও আমি ওদের সঠিক খবর বলব না।’একদিন রাতে বেশ কয়েকজন পাকিস্তানি সৈন্য আমাদের বাসায় ঢুকে। তারা সরাসরি মেয়েদের কক্ষে টর্চের আলো ফেলে। তারপর একজন মহিলাকে ধরে নিয়ে যায়। বাবা অনেক অনুনয় করলেও হানাদারেরা তা শুনল না। তারা বাবাকে বাইরে নিয়ে গিয়ে সারারাত দাঁড় করিয়ে রাখল। আরেকদিন বাবা এসে খুব কাঁদলেন। সেদিন বাবাকে ওরা খুব মেরেছে। বাবা বুঝতে পেরেছেন, এভাবে অত্যাচার করতে করতে ওরা এক দিন তাঁকে মেরে ফেলবেন। ঘরে এসে বাবা আমাদের তিন বোনকে জড়িয়ে ধরে বসে থাকতেন। চোখের জলে ভিজিয়ে রাখতেন আমাদের।বাবা যে আওয়ামী লীগ করতেন, বন্দর ভবনে স্বাধীন দেশের পতাকা উড়িয়েছিলেন, জল্লাদের পতন নাটকে অভিনয় করেছিলেন—সেসব কথা রিজভি নামে এক বিহারি অফিসার পাকিস্তানি সেনাদের বলে দিয়েছিল। বাবাকে শেষবার ১৪ এপ্রিল ডেকে নিয়ে গিয়েছিল রিজভি। বাবা বলেছিলেন—কেন যাব?এ প্রশ্নের উত্তরে রিজভির সঙ্গে আসা লোকজন বাবাকে লাথি মারে। প্রথম দুদিন বাবাকে বন্দর ভবনের সিকিউরিটি অফিসে রাখা হয়। তারপর বাবার কোনো খোঁজ আর পাওয়া যায়নি। মা শুধু চোখের জল ফেলে সারা জীবন অপেক্ষা করেছিলেন। বন্দরের সিকিউরিটি অফিসে খোঁজ নিলে ওরা হাসত। বাবার একটি ছবি ছাড়া এখন আমাদের আর কিছু নেই। শুধু ছোটবেলার সেই আতঙ্কিত বাবার জড়িয়ে ধরার স্পর্শটুকু যেন আজও পাই। বন্দর ভবনে একটি ফলকে একাত্তরের শহীদদের তালিকায় বাবার নাম লেখা আছে। সেটা মাঝেমধ্যে গিয়ে দেখি। আর গর্বে আমাদের বুক ভরে যায়।অনুলিখন - ওমর কায়সার