সেই ১৯৩৭ সাল থেকেই বাবা সিরাজুল হক ছিলেন শেখ মুজিবুর রহমানের খুব কাছের একজন। বঙ্গবন্ধুর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সিংহভাগের প্রধান আইনজীবী ছিলেন তিনি। ছিলেন বঙ্গবন্ধু হত্যা মামলার পুরো ভাগেও। বাবার মৃত্যুর পর ছেলে আনিসুল হক কাঁধে তুলে নেন প্রধান কৌঁসুলির দায়িত্ব। অবশেষে ২৮ জানুয়ারি কার্যকর হয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে প্রতীক্ষিত এই মামলার রায়। কিন্তু কেমন ছিল রায় ঘোষণার আগের দীর্ঘ প্রতীক্ষার কাল? পড়ুন এবারের মূল রচনায়।মধ্য মাঘের দুপুরে হাওয়া বয় শনশন। শীতল হাওয়া। যানজট ঠেলে যন্ত্রযান এগিয়ে চলে আর সে হাওয়া জুড়িয়ে দেয় মন। গন্তব্য: সুপ্রিম কোর্ট। বিগত রাতে বঙ্গবন্ধুর পাঁচ খুনির ফাঁসি কার্যকর হয়েছে। জাতি হয়েছে কলঙ্কমুক্ত। এই মামলায় বাদীপক্ষের প্রধান কৌঁসুলি ছিলেন আনিসুল হক। তাঁর কাছেই আমাদের যাত্রা। বার লাইব্রেরি খুঁজে নিতে অসুবিধে হলো না। সেখানেই তাঁর চেম্বার। আরও কয়েকজন আইনজীবীর সঙ্গে বসে চা খাচ্ছিলেন। চেম্বারে মানুষের যাতায়াত থামছে না। একটু যে অবসর মিলবে, সে সুযোগ কোথায়? তার পরও আমাদের ডেকে নেন কাছে। বলেন, ‘কী জানতে চান, বলুন?’জানতে চাই তাঁর বাবার কথা। বঙ্গবন্ধু হত্যা মামলার প্রথম প্রধান কৌঁসুলি ছিলেন আনিসুল হকের পিতা সিরাজুল হক। তাঁর কথাই তো জানতে চাইব সবার আগে।আনিসুল হক একটু সময় নেন। চেম্বারে টাঙানো বাবার ছবিটি একবার দেখে নেন, তারপর বলেন, ‘আমার বাবা প্রয়াত সিরাজুল হক ১৯৩৭ সাল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বন্ধু। পড়াশোনা, একসঙ্গে থাকা এবং পরে তাঁরা একসঙ্গে রাজনীতি করেছেন। ১৯৫৮ সাল থেকে শুরু করে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যত মামলা হয়েছে, তাঁর আইনজীবী ছিলেন বাবা। আমি এই কথা বলছি না যে, অন্যরা ছিলেন না; কিন্তু বঙ্গবন্ধুর বিরুদ্ধে শতকরা ৯৭ ভাগ মামলার প্রধান আইনজীবীই ছিলেন সিরাজুল হক। এই পটভূমির কথা স্মরণে রাখলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার হত্যা মামলা যখন শুরু হয়, তখন বাদী আ ফ ম মহিতুল ইসলাম স্বাভাবিকভাবেই সিরাজুল হকের সঙ্গে যোগাযোগ করেন। তখন আমি আমার পিতা সিরাজুল হকের জুনিয়র এবং সেই থেকেই আমরা এই মামলার সঙ্গে যুক্ত। একটা খুব ছোট টিম করে এই মামলার অগ্রগতি, তদন্তের অগ্রগতি সম্পর্কে আমরা খবরাখবর রাখতাম। বলা বাহুল্য, জনাব সিরাজুল হক ছিলেন সেই তদন্তদলের প্রধান। আমরা অর্থাত্ আমি, আইনজীবী মোশাররফ হোসেন, তওফিকা করিম, সাহারা খাতুন ও কামরুল ইসলাম ছিলেন।’বিচারিক আদালতে মামলা যাওয়ার সময়ও কি আপনারাই মামলা চালান? প্রশ্ন করি।উত্তর যেন তৈরিই ছিল আনিসুল হকের। বললেন, ‘১৯৯৭ সালের ১২ মার্চ যখন এই মামলা বিচারিক আদালতে যায়, তখন থেকেই সিরাজুল হককে প্রধান আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়; সেই সঙ্গে আমাদেরও প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। এটাও জেনে রাখা উচিত যে, মামলা শুরু হওয়ার পর বঙ্গবন্ধু পরিবারের জীবিত সদস্য তত্কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা সিরাজুল হকের নিয়োগ সম্পর্কে অবহিত ছিলেন এবং মামলাটি যেন তিনিই পরিচালনা করেন, সে ব্যাপারে তাঁদের অভিমত ছিল। বিচারিক আদালত থেকে ১৯৯৮ সালের ৮ নভেম্বর রায় হয়, সেই রায় হওয়ার পর ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত রায় হিসেবে কনফারমেশনের জন্য হাইকোর্ট বিভাগে আসে, সেখানেও এই ধারাবাহিকতায় জনাব সিরাজুল হক, সেই টিমের সব সদস্য এবং অ্যাটর্নি জেনারেলের অফিসের কয়েকজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এই মামলা পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকেন।’২০০২ সালে সিরাজুল হক মারা যাওয়ার পর তাঁর ছেলে আনিসুল হক প্রধান কৌঁসুলি হিসেবে নিয়োগ পান। বিষয়টি জানতে চাইলে তিনি স্মৃতি হাতড়ে যোগ করেন, ‘২০০০ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্টবিভাগের দ্বৈত বেঞ্চে বিভক্ত রায়ের পর যখন তৃতীয় বিচারপতির কাছে এই মামলা যায়, তখন সিরাজুল হকের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় শেষের দিকে মামলা পরিচালনার দায়িত্ব আমার ওপর অর্পিত হয়। ২০০১ সালের ৩০ এপ্রিল তৃতীয় বিচারপতি রায় দেন। আসামিরা এর বিরুদ্ধে আপিল করেন। কিন্তু তারপর মামলাটি হিমাগারে চলে যায়। এটা হয় সরকার পরিবর্তনের কারণে, বিএনপি সরকার তখন ক্ষমতায়। আপিলের শুনানির জন্যতাদেরকে অনেকবারই অনুরোধ করা হয়েছিল। আমরা যুক্তি দেই যে, যেহেতু আপিল বিভাগে এই মামলা শোনার জন্য পর্যাপ্তসংখ্যক বিচারপতি নেই, সেহেতু সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে অ্যাডহক বিচারপতি নিয়োগ করে মামলা নিষ্পত্তির প্রয়াস নেওয়া হোক; কিন্তু তত্কালীন বিএনপি সরকার আমাদের সেই আবেদন ও নিবেদন কোনোটাই গ্রাহ্য করেনি। তত্কালীন সরকারের আইনমন্ত্রী মওদুদ আহমদ সংবিধানের ৯৮ অনুচ্ছেদের অপব্যাখ্যা করে আমাদের এই মামলাটির শুনানি তখন যেন না হয়, সেটার ব্যবস্থা করেছেন।’আনিসুল হক বলে যান, ‘দুঃখজনক হলেও সত্য, হাইকোর্ট বিভাগের ছয় থেকে সাতজন বিচারপতি এই মামলা শুনতে বিব্রত হন। আমরা আজ পর্যন্ত জানতে পারিনি যে কেন ওনারা বিব্রত হলেন। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সুপ্রিম কোর্টের রুলসে যে দুটি কারণে হাইকোর্ট বা আপিল বিভাগের বিচারপতিরা কোনো মামলা শুনতে বিব্রত হতে পারেন, তার কোনোটাই এই মামলায় বিব্রত হওয়ার সময় বিদ্যমান ছিল না। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার যখন ক্ষমতায়, তখন এই মামলায় লিভ টু আপিল আবেদনটি আপিল বিভাগে লিভ মঞ্জুরের শুনানির জন্য আসে। তখন বঙ্গবন্ধুর পরিবারের নিযুক্ত প্রতিনিধি আইনজীবী ফজলে নূর তাপসের আবেদনক্রমে এবং পরিবারের অনুমতিসহ আমাকে এই মামলার রাষ্ট্রপক্ষের মুখ্য কৌঁসুলি হিসেবে নিযুক্তি দেওয়া হয়। আমি ছিলাম বেতনভুক আর আমাকে সাহায্য করার জন্য অবৈতনিক ব্যবস্থায় আইনজীবী মোশাররফ হোসেন ও আইনজীবী নূরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। লিভ আবেদনের শুনানি জুলাই মাস থেকে শুরু হয় এবং ২৩ সেপ্টেম্বর শেষ হওয়ার পর ২৬ সেপ্টেম্বর ২০০৭ সালে লিভ দেওয়া হয়। এবং এই লিভ দেওয়ার পর আমাদের প্রার্থনা অনুযায়ী বিশেষ বেঞ্চ গঠন করে ২০০৯ সালের ৫ অক্টোবর এই মামলার প্রথম শুনানির দিন ধার্য করা হয়। সেই দিন থেকে মামলার শুনানি শুরু হয় এবং টানা ২৯ দিন চলার পর ৩০ দিনের মাথায় ২০০৯ সালের ১৯ নভেম্বর আপিল বিভাগ এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন।’আমরা জানতে চাই, বঙ্গবন্ধু হত্যা মামলাটি চালানোর ক্ষেত্রে কোনো অগ্রাধিকার নেওয়া হয়েছিল কি না। দুদিকে মাথা নাড়েন আনিসুল হক। বলেন, ‘আমরা কখনোই মামলাটির ত্বরিত শুনানি হোক, এমন চাপ দিইনি। যখন ছয় থেকে সাতজন বিচারপতি বিব্রত বোধ করেছেন, আমরা কোনো আন্দোলনে যাইনি, আমরা কোনো আইনি পথ পরিহার করিনি। অন্যদিকে যদি আপনারা রেকর্ড দেখেন, দেখবেন যে আসামিদের ফৌজদারি কার্যবিধি এবং বাংলাদেশের সংবিধানে দেওয়া যতগুলো অধিকার আছে, আদালতের সকল স্তরে সেই সব অধিকার পাওয়ার চেষ্টা করেছেন আসামিরা। এই কথা বলতে আমি যেটা বোঝাচ্ছি, সেটা হলো বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে এসেছেন। বিচারিক আদালত যখন তাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তখন তাঁরা এই অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে এসেছেন, ইনডেমনিটি অধ্যাদেশ রিপিল (রহিতকরণ) আইনের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে এসেছেন। তবে হ্যাঁ, এই মামলার ত্বরিত শুনানি চেয়েছি শুধু রিভিউ পিটিশনের সময়। আমি তখন বলেছি, আইন অনুযায়ী কিছু বিধান আছে, রিভিউ পিটিশনের যদি ত্বরিত শুনানি না হয়, তাহলে সেই বিধানে অসুবিধা হবে, সে জন্যই রিভিউ পিটিশনের ত্বরিত শুনানি চেয়েছি এবং আমার প্রার্থনা আপিল বিভাগের চেম্বার জজ ও আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ গ্রহণ করে ২৪ তারিখ নির্ধারণ করেছেন।’পাঁচ খুনির ফাঁসি হয়েছে। কিন্তু এখনো কয়েকজন দণ্ড পাওয়া আসামি পলাতক। তাঁদের ব্যাপারে পরবর্তী সময়ে কী হতে পারে—জানতে চাই আমরা।‘যে রায় দেওয়া হয়েছে, তা কিন্তু এই পাঁচজনের ব্যাপারেই দেওয়া হয়নি। বলা হয়েছে, ১২ জনই এই অপরাধ করেছেন, ১২ জনের দণ্ডাদেশই আপিল বিভাগ বহাল রেখেছেন। সরকারের কাছে আমার অনুরোধ, এই ছয় থেকে সাতজন পলাতক আসামিকে যেভাবেই হোক এই রায়ের আওতায় এনে সাজা ভোগ করানোর ব্যবস্থা নেওয়া হোক।’তাঁরা কি আবার আপিল করতে পারবেন?‘প্রথম কথা হচ্ছে, আইনে আছে, তাঁরা আপিল করতে পারবেন। তাঁদের যদি ধরে আনা হয়, কিংবা তাঁরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন, তাহলেও আইনের বিধান অনুযায়ী তাঁরা আপিল করতে পারবেন। কিন্তু শর্ত হলো এই যে, ২০০১ সালের ৩০ এপ্রিল হাইকোর্টের রায়ের পরে এক মাস সময় পাওয়া যায় আপিল বিভাগে আপিল করার। সেটা না করে এত দিন যে তাঁরা বিলম্ব করেছেন, তার প্রত্যেকটি দিনের যুক্তিসংগত কারণ তাঁদের আপিল বিভাগে দর্শাতে হবে। আপিল বিভাগ যদি মনে করেন, এই কারণগুলো যুক্তিসংগত, তাহলে তাঁদের বিলম্ব মার্জনা হবে ও আপিল গৃহীত হবে। যদি আপিল বিভাগ মনে করেন, এই কারণগুলো গ্রহণযোগ্য নয়, তাহলে বিলম্ব মার্জনা হবে না এবং আপিল খারিজ হয়ে যাবে। একটা কথা আমি বলে রাখতে চাই, ২০০৯ সালের ১৯ নভেম্বর আমরা যে রায় পেয়েছি, সেটা কিন্তু একটি পূর্ণাঙ্গ রায়, এটা যে শুধু এই পাঁচজন আসামি সম্পর্কে ওনারা বিশেষভাবে আলোচনা করেছেন, তা নয়। আপিল বিভাগ মামলাটি সার্বিকভাবে দেখে রায় দিয়েছেন। সে জন্য তাঁরা যদি আপিল করেন, বিলম্ব যদি মার্জনা হয়ও, তাঁদের আপিলে সময় লাগার কথা নয়।’তখন শুনানি তো আপিল বিভাগেই হবে?‘নিশ্চয়ই। এটা আইনের বিধান। হাইকোর্টে যে রায় হয়েছে, সেটা ভুল হয়েছে, এটা তাঁদের প্রমাণ করতে হবে। আইনজীবী রাখতে পারবেন তাঁরা। কিন্তু তাঁরা সাক্ষীদের আবার নতুন করে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না। পলাতক অবস্থায় থেকে তাঁরা আপিল করতে পারবেন না। পলাতক থেকে কোর্টে আসার কোনো সুযোগই নেই।’২.বিষয়টি পরিষ্কার হয়। চারপাশে লোকজন চাইছে আনিসুল হকের সঙ্গে কথা বলতে। আমাদের সরে আসার সময় হয়। কিন্তু একজন মেধাবী আইনজীবীর সঙ্গে শুধু মামলা আর বিচার নিয়ে কথা বললে তাঁকে কতটুকু চেনা যায়? আমরা এবার মানুষটিকে চিনতে চেষ্টা করি। বলি, আপনার শেলফে আইনের বই দেখছি, অভিধান দেখছি। কিন্তু আপনি যখন কথা বলেন, বুঝতে পারি কাঠখোট্টা আইনের বাইরেও একটি আলাদা জগত্ আছে আপনার। আপনার পড়াশোনার গভীরতা টের পাই। এ নিয়ে কিছু শুনতে চাই।‘আমি কিন্তু ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলাম। বাবা বিশ্বাস করেননি যে আমি উকিল হতে পারব। তাই উকিল হয়ে যদি রোজগার না করতে পারি, সেই কথা ভেবে তিনি আমার একটা দ্বিতীয় ব্যবস্থা করে রেখে গিয়েছিলেন, যেন মাস্টারি করে রোজগার করতে পারি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ অনার্স ও মাস্টার্স করেছি। সেই ক্ষেত্রে আমি কিছু সাহিত্যের পড়াশোনা করি।’তাহলে তো প্রশ্নটি আপনাকে করতেই হয়, অনেকেই শেক্সপিয়রের জুলিয়াস সিজারের সঙ্গে বঙ্গবন্ধুর তুলনা করেন...মুখের কথা কেড়ে নিয়ে বলেন, ‘ব্রুটাস তুমিও!’এবার তিনি যান বিশ্লেষণে, ‘ব্রুটাস ছিল সিজারের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত বন্ধু। সিজারকে ছুরিকাঘাত করে কয়েকজন, তখনো সিজার মারা যাননি। এরপর ব্রুটাসও ছুরিকাঘাত করে। তখন সিজার বলেন, “ব্রুটাস, তুমিও!” আমার কিন্তু মনে হয় না খন্দকার মোশতাক আহমেদকে বঙ্গবন্ধু এতটা ঘনিষ্ঠ মনে করতেন।’আপনার সংসারের কথা বলবেন না?‘মা মিসেস জাহানারা হক, বড় বোন, ছোট ভাই আর ওদের সন্তানেরা আছে। ১৯৯১ সালের ২ জানুয়ারি থেকে আমি বিপত্নীক। সন্তান নেই।’গান শোনেন না?হাসেন আনিসুল হক, ‘আমার বয়স ৫৪ বছর। আমি হেমন্ত, মান্না দে, সতীনাথ, লতা, সাবিনা ইয়াসমীনের গান শুনি। আর হ্যাঁ, গজল আমার খুব প্রিয়। শুনুন, আমি খেলাধুলার খুব ভক্ত। ফুটবল, ক্রিকেট দেখি। ব্রিটিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, ইতালির সিরি আ দেখতে ভালো লাগে।’কবিতা পড়েন না?‘দেখুন, আমি রবীন্দ্রনাথ আর কাজী নজরুল ইসলামের কবিতা পড়তেই বেশি পছন্দ করি। এঁদের দুজনের নাম ছাড়া তো কবিতাঙ্গন অচল। আর শুনুন, আমি ঘুমাতে পছন্দ করি। অবসর পাওয়া যায় না, তার পরও অবসর পেলে কসবার পানিয়ারূপ গ্রামে চলে যাই। বাবা কিছু জমিজমা রেখে গেছেন, গৃহস্থালি করি।’আমরা বেরিয়ে পড়ি। উচ্চ আদালতের ব্যস্ততা তখন আরও বেড়েছে। বের হওয়ার সময় শুনতে পাই তিনি ফোনে বলছেন, ‘আর কোনো টিভি-টকশো, সাক্ষাত্কার নয়, এবার কয়েক দিনের জন্য বিশ্রাম চাই আমি।’