কক্সবাজারের মহেশখালী উপজেলা সদরের বাবু দিঘিতে চলছে বড়শি উৎসব। দিঘির পাড়ে ১৪টি বাঁশের মাচায় উৎসুক মাছ শিকারিদের ভিড় জমছে। গত ১৭ আগস্ট থেকে সপ্তাহের প্রতি শুক্রবার এই দিঘির পাড়ে মাছ শিকারিদের মিলনমেলা বসছে । উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় সাত একর আয়তনের এই দিঘিতে ২০০০ সাল থেকে প্রতিবছর বড়শি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা প্রশাসন গত মাসের শুরুতেই ১৪ জন মাছ শিকারির কাছে ১৪টি টিকিট বিক্রি করেছে। প্রতিটি টিকিটের দাম পড়েছে ১০ হাজার টাকা। এ থেকে আয় হয়েছে এক লাখ ৪০ হাজার টাকা।গত ১৭ আগস্ট শুরু হওয়া এই উৎসব চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। কক্সবাজার, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে অনেকে দুই মাসের জন্য চলে এসেছেন দিঘিতে ছিপ ফেলবেন বলে। সপ্তাহের কেবল একটি দিন শুক্রবারেই মাছ শিকারের অনুমতি মেলে। এই হিসেবে দুই মাসে ১০ দিন মাছ শিকারের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। একটি মাচা থেকে সর্বোচ্চ পাঁচটি বড়শি ফেলার নিয়ম আছে।গত শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মাছ শিকারিরা দিঘির পাড়ে বাঁশের মাচায় বসে একাগ্র হয়ে মাছ ধরছেন। কেউ দিঘির পানিতে মাছের খাবার ছিটিয়ে দিচ্ছেন। কেউ বা ছিপ তুলে দেখছেন মাছ ধরা পড়েছে কি না। দোহাজারী থেকে বড়শি উৎসবে অংশ নিতে এসেছিলেন নুরুল ইসলাম। তিনি বলেন, ‘মাছের খাবার তৈরি করতেই প্রায় পাঁচ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু সে অনুপাতে মাছ ধরা পড়ছে না। এর পরও শখের বসে মাছ শিকার করছি।’ সাতকানিয়া থেকে আসা কামাল হোসেন বলেন, ‘প্রায় পাঁচ কেজি ওজনের একটি কাতল ধরতে পেরে বেশ ভালো লাগছে।’ এ প্রসঙ্গে মহেশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ‘উপজেলা প্রশাসনের এই দিঘিতে মাছ ধরার জন্য দূর-দূরান্ত থেকে লোকজন আসেন। এবার ভালো মাছ ধরা পড়ায় খুশি অংশগ্রহণকারীরা।’