বাবু বার্তা ও মায়েদের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিয়ে ‘বাবু বার্তা’ নামের বইটি পড়ছেন গর্ভবতী এক নারী।
মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিয়ে ‘বাবু বার্তা’ নামের বইটি পড়ছেন গর্ভবতী এক নারী।

মা হওয়া নারী জীবনের এক অনন্য অধ্যায়। কিন্তু মাতৃত্ব সহজ কোনো বিষয় নয়। মা হওয়ার শারীরিক ও মানসিক চাপ অনেক। গর্ভধারণের সময় থেকে সন্তান প্রসব ও শিশুর যত্নআত্তিতে অত্যন্ত স্পর্শকাতর সময় পার করতে হয় সব মায়েদের। এ বিষয়ে মায়েদের সহায়তায় ‘বাবু বার্তা’ নামে একটি পুস্তিকার মুদ্রিত ও অডিও সংস্করণ প্রকাশ করেছে বেসরকারি সংস্থা ডিনেট। হবু মায়েদের হাতে হাতে এই পুস্তিকা পৌঁছে দিয়ে সচেতনতা বাড়তে সারা দেশে ‘মায়েদের গল্প’ নামে ক্লাব গঠনের কর্মসূচিও গ্রহণ করেছে সংস্থাটি।


গর্ভাবস্থার বিভিন্ন ধাপে সময়ানুযায়ী স্বাস্থ্য সুরক্ষায় করণীয় সম্পর্কে হবু মায়েদের সঠিক নির্দেশনা দেওয়া, এ সময়ের নানা স্বাস্থ্য জটিলতাগুলো সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাবলি জানানো এবং নবজাতকের যত্ন ও স্বাস্থ্য বিষয়ক জ্ঞান বাড়ানোর লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে ‘বাবু বার্তা’ নামের এই পুস্তিকাটি। সংস্থাটি জানিয়েছে, প্রসূতি মা ও শিশুর স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞদের প্রত্যক্ষ সহায়তায় বইটির বিভিন্ন অধ্যায় লেখা ও সাজানো হয়েছে।

গ্রাম ও শহরের অক্ষরজ্ঞানহীন/অল্প শিক্ষিত ও সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে সচেতনতা বাড়ানো এই কর্মসূচির প্রধান লক্ষ্য। তাই নানা বিষয়ের তথ্যগুলোকে প্রচুর ছবিসহ উপস্থাপন করা হয়েছে পুস্তিকাটিতে। আর মুদ্রিত সংস্করণের পাশাপাশি পুস্তিকাটির একটি অডিও সংস্করণও প্রকাশ করেছে ডিনেট। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় ডিনেটের নেতৃত্বে এই প্রকল্প বাস্তবায়নে কাজ করবে আরও ১২টি বেসরকারি প্রতিষ্ঠান। বাংলাদেশের ৬টি বিভাগের ১৯টি জেলার ৩৮ হাজার হবু মায়ের কাছে পৌঁছে দেওয়া হবে বাবু বার্তা নামের পুস্তিকাটি।

‘বাবু বার্তা’ নামের পুস্তিকাটি মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ে নানা ছবি ও তথ্য দিয়ে সাজানো হয়েছে।
‘বাবু বার্তা’ নামের পুস্তিকাটি মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ে নানা ছবি ও তথ্য দিয়ে সাজানো হয়েছে।

হবু মায়েদের জন্য বিনোদনের ব্যবস্থা করে তাঁদের মানসিক চাপ কমানো এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রকল্প এলাকাগুলোতে ‘মায়েদের গল্প’ নামে বিশেষ ক্লাব গঠন করা হবে। গর্ভবতী নারীরা সদস্য হওয়ার মাধ্যমে এই ক্লাবের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। এই ক্লাব পরিচালনার দায়িত্বে থাকবেন একজন সহায়তাকারী। ক্লাবে হবু মায়েদের জন্য বিনোদনমূলক নানা অনুষ্ঠান, মজার খেলা, ধাঁধা, ব্যায়াম, কৌতুক, বইপড়াসহ নানা ধরনের আকর্ষণীয় কার্যক্রম থাকবে। প্রাথমিকভাবে ১২টি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ১ হাজার ৭৮৪টি ‘মায়েদের গল্প’ ক্লাব গঠন করা হবে সারা দেশে।

ডিনেটের বেবি বেসিকস বাংলাদেশ কর্মসূচি পরিচালক ইফফাত নেওয়াজ প্রথম আলোকে জানান, যুক্তরাষ্ট্রে প্রাথমিক শিক্ষা সমাপ্তকারী নারীদের জন্য এমন একটি বই প্রকাশের পর তা ব্যাপক সাফল্য পায়। সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে লাইবেরিয়া ও বাংলাদেশের অনগ্রসর নারীদের জন্য এই বই প্রকাশে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ প্রকল্পের বিশেষত্ব সম্পর্কে তিনি বলেন,‘দেশের ১৯টি জেলা থেকে প্রায় ২০০ নারী এখন এ বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। পুরো মে মাসজুড়ে ঢাকায় আমাদের এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে। যাতে নারীরাই গর্ভবতী নারীদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা দিতে পারে সে জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণ প্রাপ্তরাই মায়েদের গল্প ক্লাবগুলো পরিচালনা করবেন। প্রশিক্ষণ কর্মসূচি শেষে আগামী মাস থেকেই ক্লাবগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।’