বাম-বিকল্প শক্তি গড়ার আহ্বান
মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাসদ নেতারা। গত শনিবার বিকেলে ফেনী শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে আয়োজিত দলীয় সমাবেশে এ আহ্বান জানানো হয়।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লবের ৯৮তম বার্ষিকী পালন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা বাসদের আহ্বায়ক হারাধন চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা কমরেড রাজেকুজ্জমান, খেতমজুর ও কৃষক নেতা নিখিল দাস, সিপিবি নেতা মহিবুল হক চৌধুরী ও মালেক মনসুর।
বক্তারা বলেন, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সরকার ক্রমেই দেশের গণতন্ত্র, গণতান্ত্রিক শাসন, প্রশাসনসহ সব প্রতিষ্ঠান ধ্বংস করে চলছে। সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করছে। গুম, খুন, বিচার–বহির্ভূত হত্যা, নারী-শিশু নির্যাতন ভয়াবহ মাত্রায় বেড়েছে। দলীয়করণ, লুটপাট, সন্ত্রাস, দখলদারিসহ দুঃশাসনে মানুষ অতিষ্ঠ। গ্যাস-বিদ্যুতের দাম বেড়েছে। জীবনযাত্রার ব্যয় বেড়েছে। অথচ শ্রমিকদের বেতন বাড়েনি। এই অবস্থা পরিবর্তনে বক্তারা বাম গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানান।