বামা গ্রামের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বামা গ্রামে নিজের বাড়িতে ১১৩ বছর বয়সী প্রবীণ হুয়াং পুক্সিন
বামা গ্রামে নিজের বাড়িতে ১১৩ বছর বয়সী প্রবীণ হুয়াং পুক্সিন

সেই এক যুগ ছিল, যখন পথ্যে কাজ না হলে ডাক্তার বাবুরা লিখে দিতেন, ‘বায়ু পরিবর্তন আবশ্যক’।
বায়ু পরিবর্তন করাতে চান? তবে আপনি চীনের বামা থেকে ঘুরে আসতেই পারেন। গুয়াঙ্কিজি শহর থেকে বেশ খানিকটা দক্ষিণে সবুজে ঘেরা এ গ্রাম বাইরের পৃথিবী আর প্রযুক্তি থেকে অনেকটাই বিচ্ছিন্ন এখনো।
বাঁশবাগানের ছাউনি, লাবণ্যময় ইউক্যালিপটাস আর বাদামগাছে ভরা বামার প্রাকৃতিক বলয় এখানকার মানুষকে করেছে দীর্ঘ জীবনের অধিকারী।
এ গ্রামে অন্তত ৮১ জন অধিবাসী পেরিয়েছেন শতবর্ষের কোঠা। তাঁদের দেখতে আসা দর্শনার্থীদের সংখ্যাও কম নয়। ২০১৩ সালের এক হিসাবে দেখা যায়, বছরের প্রথম পাঁচ মাসে এখানে ৬ লাখ ৪০ হাজারেরও বেশি পর্যটক ভিড় জমিয়েছেন।
৫৮ বছরের কুই জুডং দুই-দুইবার ডাক্তারের ছুরি-কাঁচির নিচ থেকে বেঁচে এসে এই বামাতে গিয়ে ফিরে পেয়েছেন নিজের হারানো লাবণ্য।
১১৩ বছর পেরোনো হুয়াং পুক্সিন শোনান তাঁর দীর্ঘ জীবনের রহস্য। এই রহস্যের মূলে রয়েছে পরিমিত পরিশ্রম আর খাবার। এখানকার মানুষ মাঠে কাজ করেন আর ভাজা খাবার না খেয়ে সেদ্ধ করা খাবার খান। সেই সঙ্গে এখানকার খনিজ পানির ভূমিকাও রয়েছে।
বৃদ্ধ যাঁরা আছেন, তাঁরাও একা নন, সব সময় বন্ধুবান্ধব আর আত্মীয়-পরিজন নিয়েই তাঁদের জীবনের হাসিখেলা। তাঁদের সরল জীবনযাপনে নেই কোনো উচ্চাশা, কিংবা এগিয়ে যাওয়ার লড়াই।
প্রতিবছর পর্যটকেরা ভিড় করছেন এখানে। এই বর্ধিত শহুরে জনগোষ্ঠীর অসচেতনতা এবং বেইজিং স্টাইলে চলাফেরা হুমকি হয়ে দাঁড়িয়েছে বামার জন্য। এখানকার স্বচ্ছ আর বিশুদ্ধ নদীর জলকে তাঁরা ক্রমেই নোংরা করে চলেছেন।
তাঁদের আগমনে পাল্টে যেতে শুরু করেছে এখানকার তরুণদের পেশাও। তরুণদের অনেকেই এখন পর্যটকদের কাছে বিভিন্ন পণ্য বিক্রয় করেন মাঠে শ্রম দেওয়ার বদলে।
বামা এখন আর অতটা বিচ্ছিন্ন এক নীরব প্রাকৃতিক লীলাভূমি নয়। এমনকি কমতে শুরু করেছে এখানকার শতবর্ষী মানুষের সংখ্যাও।

গার্ডিয়ান অবলম্বনে