বাম্পার ফলনে কৃষকের দুঃখ
গ্রামে গ্রামে এখন বোরো ধান গোলায় তুলছে কৃষক। তাই ব্যস্ততা দিনরাত কৃষাণের বাড়িতে। তবে সোনালি ধানে গোলা ভরলেও কৃষকের মুখে হাসি নেই। ধান কাটার জন্য মজুরের টাকা জোগাড় করতেই তাদের হিমশিম অবস্থা। কারণ একজন শ্রমিকের দৈনিক মজুরি ৫০০ টাকা থেকে ৬০০ টাকা। অথচ প্রতিআড়ি (১০ কেজি) ধানের বিক্রয়মূল্য মাত্র ১৪০ টাকা। এত কম দামের কারণে কৃষকেরা এখনই ধান বিক্রি করতে চান না।সরকার প্রতিআড়ি ধান ১৮০ টাকা দরে (প্রতিকেজি ১৮ টাকা) কেনার ঘোষণা দিয়েছে। কিন্তু সরাসরি সরকারের কাছে বিক্রির ব্যবস্থা না থাকায় ফড়িয়ারা কৃষকের কাছ থেকে ১৩০ থেকে ১৪০ টাকায় কিনে নেন। আর সরকারের দেওয়া দাম পান তাঁরা।মৌসুমের শুরুতে কালবৈশাখী ঝড় ও আগাম বৃষ্টির কারণেও একদফা ক্ষতির মুখে পড়েন কৃষক। জমিতে হাঁটু থেকে কোমর পানি জমে যাওয়ায় অনেকের পাকা ধান নষ্ট হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, এবারের বোরো মৌসুমে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন স্থানে ধানের বাম্পার ফলন হয়েছে। গোলা ভরে ধান তুলছেন কৃষক। কিন্তু বাজারে ধানের দাম কম হওয়ায় এর সুফল চাষিরা পাচ্ছেন না। মাথাপিছু আয় বেড়ে যাওয়ায় ধান কাটার মতো কায়িকশ্রমে এখন আগের মতো শ্রমিক পাওয়া যায় না। ফলে ধান কাটার মৌসুমে অতিরিক্ত দাম দিয়ে শ্রমিক নিয়োগ দিতে হয়। কক্সবাজার এলাকায় এবার ধান কাটার জন্য দৈনিক শ্রমিকের মূল্য পড়ছে ৫০০ টাকা। চট্টগ্রামে ৬০০ টাকা বলে বোরো চাষিরা জানিয়েছেন।চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বর্তমান বাজারমূল্য অনুযায়ী এক একর জমির ধান কেটে ঘরে আনতে খরচ হচ্ছে প্রায় ছয় হাজার টাকা। এরপর ধান মাড়াইয়ের জন্য খরচ পড়ে দেড় হাজার থেকে এক হাজার ৮০০ টাকা। এবারের বোরো মৌসুমে ইউরিয়া ও টিএসপি সারের দামও ছিল গত বছরের চেয়ে তুলনামূলকভাবে ২০ থেকে ৩০ শতাংশ বেশি। সেচেও যথারীতি ব্যয় বেড়েছে। কিন্তু ধানের দাম কোথাও কোথাও ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মো. খসরু মিয়া প্রথম আলোকে বলেন, ‘এবারের বোরো মৌসুমে চট্টগ্রামে বাম্পার ফলন হয়েছে। কিন্তু এখানে মজুরি খরচ বেশি হওয়ায় কৃষকেরা বিপদে পড়েছেন। সরকার যে দামে ধান কেনার ঘোষণা দিয়েছে তাতেও কৃষকেরা মোটামুটি পোষাতে পারতেন। কিন্তু বাজারব্যবস্থা এমন যে তাতে কৃষকেরা সরাসরি ধান বিক্রি করতে পারেন না। তবে আশা করি এ অবস্থা বেশি দিন থাকবে না।’ রামু উপজেলার চাকমারকুল ইউপি সদস্য নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ধান চাষের চেয়েও বেশি খরচ পড়ে রোপণ আর কাটার সময়। ফলে দেখা যায়, জমির দাম, সার আর সেচখরচ মিলে যে খরচ, তাতে এ বছর এক কেজি ধানের উৎপাদন ব্যয় দাঁড়ায় ২২ টাকা। কিন্তু বর্তমানে ধান বিক্রি হচ্ছে প্রতিকেজি মাত্র ১৪ টাকায়। ধানের দাম এত কম হওয়ায় আগামী সময়ে চাষও কমিয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। বিপুল পরিমাণ ধান উৎপাদনের জন্য ইতিমধ্যে তিন বার জাতীয় পুরস্কারও পান তিনি। চট্টগ্রামের শস্যভান্ডার বলে পরিচিত রাঙ্গুনিয়ার গুমাইবিলের নামকরা কৃষক মোহাম্মদ সিরাজ। এবারের বোরো মৌসুমে তিনি চাষ করেছেন প্রায় ১০ একর জমি। অন্য বছরের মতো রাঙ্গুনিয়ার এ মাঠটি এবারও ভরে গেছে ধানে। কিন্তু কৃষকেরা বেকায়দায় আছেন। সিরাজ প্রথম আলোকে বলেন, ‘যে স্বপ্ন নিয়ে বোরো চাষ করেছিলাম, এখন তা অতীত। বাজারে সবকিছুর দামই বেড়েছে। তাই ভেবেছিলাম ধানের দামও বাড়বে। কিন্তু তা আর হয়নি।’