বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে যান চলাচল হুমকির মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়ক যোগাযোগব্যবস্থা এখন হুমকির মুখে। ঢাকা-ফেনী-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-চট্টগ্রামের সংযোগস্থল মিসরাইয়ের করেরহাট ইউনিয়নের পুরোনো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের সব বেইলি ও নেরো ব্রিজের (সরু সেতু) অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। এ অবস্থায় অতিরিক্ত পণ্য বোঝাই যানবাহন চলাচলের কারণে যেকোনো সময় সেতু ভেঙে মারাত্মক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার বারইয়ারহাট-করেরহাট থেকে রামগড় পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার সড়কে ১০টি বেইলি ও ২০টি নেরো ব্রিজ দীর্ঘদিন সংস্কার হয়নি। সেতুর লোহার রেলিংগুলো মরচে ধরে নষ্ট হয়ে গেছে। খসে পড়ছে পলস্তারা। গর্তের সৃষ্টি হয়েছে সেতুর মাঝামাঝি। করেরহাটে দুটি, বালুটিলায় দুটি, তুলাতলীতে একটি, ভাঙা টাওয়ারে একটি, কয়লা বাজারে একটি ও বাগান বাজারে একটি সেতুর অবস্থা খুবই নাজুক। অর্ধশত বছর আগে নির্মিত ২০টি নেরো ব্রিজের অবস্থাও একই রকম। বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের বাসচালক নুরুল আলম জানান, নড়বড়ে এ সব সেতু দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এভাবেই প্রতিদিন ছোট বড় কয়েক হাজার গাড়ি বিপুল পরিমাণ কাঠ, বাঁশ, বালুসহ বিভিন্ন ধরনের পণ্য বহন করে চলেছে। এ ছাড়া ঢাকা-খাগড়াছড়ি সড়ক ফেনী জেলার সঙ্গেও যোগাযোগের সহজ মাধ্যম। কিন্তু সেতুগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে এলেও সংস্কার বা পুনর্নির্মাণে নজর নেই কর্তৃপক্ষের। এসব সেতু এখন এতই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যে এগুলোর ওপর দিয়ে পায়ে হেঁটে যেতেও আতঙ্কে ভোগেন লোকজন। করেরহাট এলাকার বাসিন্দা তপন দাস জানান, এলাকার প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন আতঙ্ক নিয়ে যাতায়াত করেন ওই সড়ক দিয়ে। রামগড় ট্রাক ও মিনিট্রাক চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দীন প্রথম আলোকে জানান, নষ্ট সেতুর পাটাতনের সঙ্গে লেগে প্রায় দিন অনেক যানবাহনের চাকা ফেটে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন গাড়ির মালিকেরা। তিনি সেতুগুলো দ্রুত মেরামত করার দাবি জানান।মিরসরাইয়ের ১ নম্বর করেরহাট ইউনিয়নের কয়লা গ্রামের বাসিন্দা মো. মহিউদ্দিন জানান, ২০০৭ সালের জুলাইতে কয়লা এলাকায় বেইলি সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী একটি বাস প্রায় দেড় শ ফুট পাহাড়ের নিচে পড়ে যায়। এতে ১২ জন নিহত ও অর্ধশতাধিক যাত্রী আহত হন। এরপরই কর্তৃপক্ষ সেতুর পাশে ‘পাঁচ টনের অধিক ওজনের গাড়ি চলাচল নিষেধ’ লেখা ফলক লাগিয়ে দেয়। কিন্তু চালকেরা নিষেধাজ্ঞা অমান্য করে মাত্রাতিরিক্ত ওজনের পণ্য বোঝাই গাড়ি নিয়ে চলাচল করছেন। ফলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। উল্লেখ্য, ওই সড়কের প্রায় সব সেতুর নিচে কয়েক শ ফুট গভীর খাদ রয়েছে। খাদে পড়ে গেলে মালামাল বা যাত্রীদের অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। এদিকে মিরসরাই-ছাগলনাইয়া সীমান্তবর্তী ফেনী নদীর ওপর শুভপুর সেতুর অবস্থাও খুবই শোচনীয়। অর্ধশত বছরের বেশি সময় পার করা এই সেতুর মরণফাঁদগুলো সুস্পষ্ট হলেও সংস্কারকাজের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অযত্ন-অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে সেতুটি এখন হুমকির মুখে। স্থানীয় লোকজন ইতিমধ্যে সেতুর মাঝামাঝি এক পাশের রেলিং চুরি করে নিয়ে গেছে। এতে করে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। মিরসরাইয়ের ১ নম্বর করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন নতুনভাবে নির্মাণ না করলেও শিগগির সেতুটি সংস্কার করার দাবি জানান। চট্টগ্রাম বিভাগীয় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন সেতু এবং শুভপুর সেতুর দুরবস্থার কথা স্বীকার করে বলেন, সেতুগুলোর তালিকা করে সংস্কারকাজের জন্য বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সেতুর সংস্কারকাজ হাতে নেওয়া হবে।