বারবার ক্ষতির শিকার ক্ষুদ্র ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলাবদ্ধ চকবাজার কাঁচাবাজার এলাকার কে বি আমার আলী সড়ক
জলাবদ্ধ চকবাজার কাঁচাবাজার এলাকার কে বি আমার আলী সড়ক

বৃষ্টি হলেই জলাবদ্ধতার কবলে পড়বে নগরের চকবাজার কাঁচাবাজার এলাকা। এটাই যেন এখানকার ব্যবসায়ীদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। তাই বারবার ক্ষতির মুখে পড়েন ক্ষুদ্র ব্যবসায়ীরা। গত শুক্রবারও এর ব্যতিক্রম হয়নি। রাত থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে তলিয়ে যায় এলাকাটি। এদিকে এবার নতুন করে জলাবদ্ধতার শিকার হয়েছে আগ্রাবাদের বাদামতলীর বিপণিবিতান লাকী প্লাজাও।
চকবাজারের ব্যবসায়ীরা জানান, বাজার ও পাশের সড়কে রাতেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ভেসে গেছে অনেকের তরিতরকারি। মুদির দোকানেও পানি ঢুকে পড়ে নষ্ট হয়েছে ভোগ্যপণ্যসহ নানা সামগ্রী। এ ছাড়া বাজারের পাশের বিপণিবিতানও শিকার হয়েছে জলাবদ্ধতার। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির হিসাব করা না গেলেও অর্ধকোটি ছাড়িয়ে যাবে বলে জানান তাঁরা।
সিটি করপোরেশনের চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দারও স্বীকার করেছেন জলাবদ্ধতায় সৃষ্ট দুর্ভোগের বিষয়টি। তিনি অবশ্য দাবি করেছেন, এলাকার জলাবদ্ধতা নিরসনে তাঁরা সর্বোচ্চ চেষ্টা করছেন। তারপরও ঠেকানো যাচ্ছে না। এ জন্য প্রয়োজন বিশদ পরিকল্পনা।
এই ওয়ার্ড দিয়ে প্রবাহিত হয়েছে নগরের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম চাক্তাই খাল। এ ছাড়া এই ওয়ার্ডে আছে হিজড়া খালও। বৃষ্টির সময় এই দুই খালের পানি উপচে আশপাশের এলাকা তলিয়ে যায়।
গত শুক্রবারের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে ওই দিন বন্ধ ছিল কাঁচাবাজার ও আশপাশের বিভিন্ন বিপণিবিতান। এর রেশ রয়ে যায় শনিবারও। এ এলাকার অন্যতম বড় বিপণিবিতান আধুনিক চক সুপার মার্কেটের নিচতলাও ডুবে যায় বৃষ্টিতে।
গতকাল দুপুরে আধুনিক চক সুপার মার্কেটের নিচতলায় গিয়ে দেখা যায়, মালিক ও কর্মচারীরা দোকানের ভেতরে জমে থাকা পানি নিষ্কাশন করছেন। কেউ পানিতে ভিজে যাওয়া মালামাল দোকানে ছড়িয়ে-ছিটিয়ে রেখেছেন।
বিপণিবিতানের নুরী ক্লথ স্টোরের মালিক হাফেজ আহমেদ জানান, প্রায় তিন ফুট পানিতে ডুবে যায় দোকান। এতে দোকানের ভেতর থাকা শাড়ি ও লুঙ্গি নষ্ট হয়ে গেছে। এসব কাপড় এখন আর বিক্রি করাও সম্ভব হবে না। ক্ষতির পরিমাণ প্রায় ২০ হাজার টাকা।
প্রসাধনসামগ্রীর দোকান খাজা গরীবে নেওয়াজ স্টোরের মালিক সাইফুল ইসলাম বলেন, সকাল নয়টার দিকে দোকানে এসে দেখেন কোমর–পানি। এই পানি পরিষ্কার করতে পুরো দিন সময় লেগেছে। দোকানের প্রায় ৭০ হাজার টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, ‘আমরা এই দুর্গতি থেকে মুক্তি চাই। প্রতিবছরই জলাবদ্ধতায় আমাদের দোকানগুলোর হাজার হাজার টাকার মালামাল ভিজে নষ্ট হয়ে যায়।’
এই বিপণিবিতানের নিচতলায় ৬৫টি দোকান রয়েছে। এর মধ্যে কাপড়, প্রসাধনসামগ্রী, জুতাসহ বিভিন্ন দোকান আছে। শুক্রবারের বৃষ্টিতে সব কটি দোকান কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আধুনিক চক সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. ইছহাক প্রথম আলোকে বলেন, প্রতিবছরই জলাবদ্ধতায় মার্কেটের দোকানপাট ডুবে যায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। শুক্রবারের জলাবদ্ধতায় দোকানগুলোর প্রায় ৪০ লাখ টাকা ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ করেন, জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি পেতে বিভিন্ন সময় সিটি করপোরেশন ও কাউন্সিলরকে বলা হয়। কিন্তু তাঁদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি।
এদিকে বৃষ্টিতে ডুবে গিয়েছিল চকবাজারের কাঁচাবাজার। এই বাজারের প্রায় ২০০ দোকান রয়েছে। জলাবদ্ধতার কারণে শুক্রবার ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধ ছিল।
মো. আলমগীর নামের এক সবজি বিক্রেতা বলেন, অন্যান্য দিনের তুলনায় শুক্রবারই সবচেয়ে বেশি বিক্রি হয়। কিন্তু জলাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। সারোয়ার উদ্দিন নামের এক শুঁটকি ব্যবসায়ী বলেন, পানি ওঠার আগেই দোকানে এসে তিনি মালামাল ওপর তুলে রাখেন। এতে শুঁটকি নষ্ট হয়নি।
কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার প্রথম আলোকে বলেন, ওয়ার্ডের খাল ও নালাগুলো নিয়মিত পরিষ্কার করা হয়। কিন্তু চাক্তাই খালের মুখ ভালোভাবে পরিষ্কার করা না হলে পানি নামতে পারবে না। চাক্তাই খালের মুখ তাঁর ওয়ার্ডে পড়েনি।

লাকী প্লাজায় জলাবদ্ধতা
গত শুক্রবারের বৃষ্টিতে আগ্রাবাদের লাকী প্লাজার নিচতলার উত্তর পাশের ছয়টি দোকানে পানি ঢুকে পড়ে। এর মধ্যে মুদি, সেলুন ও খাবারের দোকান রয়েছে।
বিতরণ হেয়ার ড্রেসার সেলুনের স্বত্বাধিকারী আবদুল কাদের বলেন, ‘আমি পাঁচ-ছয় বছর ধরে এখানে ব্যবসা করছি। আগে দোকানে কখনো পানি ঢোকেনি। এবার প্রথম। নিচে থাকা আইপিএসসহ বেশ কিছু মালামাল নষ্ট হয়েছে।’
তিনি জানান, রাতেই পানি ঢুকে পড়ে। সকালে এসে দেখেন দোকান পানিতে থইথই।
বেশি ক্ষতির শিকার হয়েছে মা জেনারেল স্টোর নামের মুদির দোকানটি। প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকানি আনোয়ার হোসেন। তিনি বলেন, পূর্বপ্রস্তুতি না থাকায় ক্ষতি এড়ানো যায়নি। এবার নালা উপচে পানি ঢুকেছে।
এ ছাড়া খাবারের দোকান ফুড ফ্যান্টাসি, ফুড ফেস্টিভ্যাল ও এভারেস্ট সেলুনে পানি ঢুকে পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।