বারবার ফিরে আসে সেই শঙ্খচিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিল হাতে বাবুল ফকির। ছবি: প্রথম আলো
চিল হাতে বাবুল ফকির। ছবি: প্রথম আলো

বাড়ির কাছাকাছি আকাশে উড়ে ডাকতে থাকে এক শঙ্খচিল। ডাকে আর উড়তে থাকে। শঙ্খচিলের এই ডাকে সাড়াও দেন একজন। এটা প্রায় নিত্যদিনেরই ঘটনা। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আনিপাড়া গ্রামে দেখা যায় এ দৃশ্য।
শঙ্খচিলের ডাকে ঘর থেকে বেরিয়ে আসেন যিনি, তিনি বাবুল ফকির। পেশায় একজন জেলে। আনিপাড়া গ্রামে তাঁর বাড়ি।
শঙ্খচিল আর বাবুলের মধ্যে গড়ে উঠেছে বোঝাপড়ার দারুণ এক রসায়ন। ঘটনা গত মাসের। অন্য দিনের মতোই ১৫ ফেব্রুয়ারি নদীতে গিয়েছিলেন মাছ ধরতে। সেদিন বাড়ি ফেরার পথে মাটিতে পড়ে থাকতে দেখেন বড় একটি পাখি। বাবুল ফকির কাছে গিয়ে দেখেন, বড়সড় একটা শঙ্খচিল। অবস্থা সংকটাপন্ন। পরম মমতায় মুমূর্ষু সেই চিলকে তুলে নেন তিনি। গ্রামের একজনের সহায়তায় বাইকে ছোটেন কলাপাড়া উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ে। সেখানেই শঙ্খচিলের শুশ্রূষা করা হয়। তারপর চিকিৎসকের পরামর্শ নিয়ে পাখিটাকে নিয়ে ফেরেন বাড়িতে।
কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ড্রেসার মো. বাবুল খান বলেন, ‘শঙ্খচিলের রানিক্ষেত রোগ হয়েছিল। ফলে চিলটি দুর্বল হয়ে মৃত্যুর মুখে পড়েছিল। আমরা প্রাথমিক সেবা দিয়েছি। বাবুল ফকিরও বাড়িতে গিয়ে আমাদের পরামর্শমতো সেবা–যত্ন করেছেন।’
সপ্তাহখানেক পরিচর্যার পর সুস্থ হয় সেই চিল। বাবুল ফকির শঙ্খচিলটিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। বাড়ির কাছে শ্বাসমূল উদ্ভিদের (ম্যানগ্রোভ) বনাঞ্চলে প্রথমে ছেড়ে দেন। সেখান থেকে চিলটি উড়ে বাবুল ফকিরের বাড়ি ফিরে আসে। বাড়ির উঠোনে, গাছগাছালির ডালে বসে চলে না যাওয়ার আকুতি প্রকাশ করে। এভাবে দু-তিন িদন চলতে থাকে। চতুর্থ দিন অর্থাৎ মার্চ মাসের প্রথম দিকে হঠাৎই শঙ্খচিলটি উড়ে যায়। ঘটনার এখানেই শেষ নয়। বাবুল ফকিরের মায়ায় এখন প্রায় প্রতিদিনই তাঁর বাড়ির গাছগাছালির ওপর এসে শঙ্খচিলটি বসে। বাবুল ফকির বলেন, ‘ছোডকাল অইতেই পশুপাখির প্রতি আমার কেমন জানি একটা টান আছে। পশুপাখির কষ্ট দ্যাখলে মনডা আনচান করে। চিলডা উদ্ধার কইর‍্যা বাঁচাইতে পারছি, হেইডাই আমার আনন্দ।’

আন্ধারমানিক নদ ও বঙ্গোপসাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন বাবুল ফকির। সংসারের বাড়তি আয়ের জন্য নদীতীরের ম্যানগ্রোভ বনের গোলপাতার গাছের রস সংগ্রহ করে তা দিয়ে গুড় তৈরি করে বাজারে বিক্রি করেন। স্ত্রী ফিরোজা বেগম, কন্যা আয়শা আক্তার ও ছেলে জাকারিয়াকে নিয়ে তাঁর সংসার। আয়শা আক্তার এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। একসময় মেয়েকে নিয়েও নদী-খালে মাছ শিকার করেছেন তিনি। জাকারিয়া জীবনের তাগিদে এখন বাবার সঙ্গে মাছ শিকারের কাজ করে।

বাবুল ফকির আরও বলেন, ২০১৪ সালেও সোনালি রঙের একটি ব্যতিক্রমী পাখির জীবন তিনি রক্ষা করেছেন। পাখিটি কবুতরের মতো দেখতে। ঠোঁট বড়, তবে লাল। পা দুটিও লাল। ওই পাখিটিও অসুস্থ ছিল। সেটাও উদ্ধার করে লালনপালন করেছেন। পরে গঙ্গামতীর সংরক্ষিত বনে পাখিটি ছেড়ে দিয়েছেন।

তবে এবারের শঙ্খচিলকে ঠিকই চিনেছেন বাবুল ফকির। আর পাখিটা তো ভোলেনি তাঁকে। তাই তো বারবার ফিরে আসে বাবুল ফকিরের বসতভিটার আকাশে।