বারবার সংঘাতে বিচ্ছিন্ন নাড়াইছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও অশান্ত হয়ে উঠেছে নাড়াইছড়ি। আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার আটটি গ্রামের বাসিন্দারা। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ভারত সীমান্তবর্তী এই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে আদিবাসী-সমর্থিত দুটি রাজনৈতিক দল। এতে বেশ কয়েক দিন নৌযান চলেনি। বন্ধ ছিল পণ্য ও যাত্রী পরিবহন।নাড়াইছড়ি থেকে সবচেয়ে কাছের বাজার বাবুছড়া ২৬ কিলোমিটার দূরে অবস্থিত। যেতে সময় লাগে সাত-আট ঘণ্টা। বর্ষাকালে নদীপথই একমাত্র ভরসা। চাল-ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যই আসে নৌপথে। দুটি রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষের কারণে প্রায়ই বন্ধ হয়ে যায় নৌযান চলাচল। চলতি মাসের ১৩ ও ১৪ জুলাই দুটি দলের মধ্যে কয়েক দফা সংঘর্ষের পর নৌ-চলাচল বন্ধ হয়ে যায় আবারও। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পণ্য ও যাত্রীবাহী নৌকার চলাচল শুরু হলেও আতঙ্ক কাটেনি এলাকাবাসীর। এসব ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু লারমা) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পরস্পরকে দায়ী করেছে।জানা গেছে, ২০১০ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত নাড়াইছড়ি এলাকায় ১৫ বারের চেয়ে বেশি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। হতাহতের সংখ্যা কত সে হিসাব নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। গত ১৩ ও ১৪ জুলাই উভয় পক্ষের মধ্যে দুই দফা বন্দুকযুদ্ধের ঘটনা ঘটার পর ২২ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ ছিল। এ কারণে বাবুছড়া থেকে নাড়াইছড়ি এলাকায় কোনো খাদ্যসামগ্রী পৌঁছেনি। তবে ২৩ জুলাই সেনাবাহিনীর পাহারায় নাড়াইছড়িতে খাদ্যসামগ্রী নিয়ে যায় ১১টি ইঞ্জিনচালিত নৌকা। ২৫ জুলাই থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদারকিতে নৌযান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে আসে।সম্প্রতি বাবুছড়া বাজারে গেলে নাড়াইছড়ির বেশ কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা হয়। তাঁরা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে এখন নৌযান চলাচল করছে। তবে এখনো একটি পক্ষ মালামাল পরিবহনে বাধা দিচ্ছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ভারত সীমান্তবর্তী নাড়াইছড়ি দখল নিতে ২০১০ সালের ২০ নভেম্বর জেএসএস ও ইউপিডিএফের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রথম লড়াই শুরু হয়। এরপর ২০১১ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কয়েক দফা সংঘর্ষ হচ্ছে। বন্দুকযুদ্ধ চলাকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নাড়াইছড়ি ক্যাম্পের আমিনুল ইসলাম নামে এক বিজিবি জওয়ান গুলিবিদ্ধ হন। বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরিতোষ চাকমা জানান, নাড়াইছড়িতে ২০ গ্রামে প্রায় ৮০০ পরিবারের বসবাস। এলাকায় সংঘর্ষ হলে আতঙ্ক দেখা দেয় তাদের মধ্যে। নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় খাদ্যসংকট দেখা দেয় পরিবারগুলোতে।ইউপিডিএফ দীঘিনালার ইউনিট-প্রধান কিশোর চাকমা বলেন, ‘বাবুছড়া থেকে নাড়াইছড়ির নৌ-চলাচল ১৪ জুলাই থেকে বন্ধ রয়েছে বলে শুনেছি। জনসংহতি সমিতি (জেএসএস সন্তু) পক্ষের লোকজন নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে। যোগাযোগ বন্ধ থাকার কারণে আমরাও জনসাধারণের খোঁজখবর নিতে পারছি না। গোলাগুলির ঘটনাগুলো শুনেছি, তবে কাদের মধ্যে ঘটেছে তা বলতে পারি না।’ জনসংহতি সমিতি (সন্তু) কেন্দ্রীয় কমিটির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজিব চাকমা বলেন, জনসংহতি সমিতির পক্ষ থেকে নৌযান চলাচল বন্ধ করা হয়নি। নাড়াইছড়ি সম্পূর্ণ ইউপিডিএফের নিয়ন্ত্রণে। তারাই নৌযান চলাচল বন্ধ করেছে। সেখানে আমাদের কোনো সাংগঠনিক শাখা ও কার্যক্রম নেই। নাড়াইছড়ির গোলাগুলির ঘটনার সঙ্গেও জেএসএস (সন্তু) পক্ষের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লোগাং জোনের অধিনায়ক লে. কর্নেল আবদুর রহমান বলেন, নাড়াইছড়ি এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। নাড়াইছড়ি এলাকার পরিস্থিতি শান্ত ও সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখতে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।