ঈদের ছয় দিনের ছুটি শেষে আমদানি পণ্য খালাস ও রপ্তানি পণ্য পরিবহনের জন্য ব্যবসায়ীরা সময় পেয়েছেন মাত্র পাঁচ দিন। বন্দরকেন্দ্রিক পণ্য পরিবহনব্যবস্থা পুরোদমে সচল হওয়ার সময়েই আবার টানা হরতালের মুখে পড়ছে আমদানি-রপ্তানি বাণিজ্য। এ কর্মসূচি বেকায়দায় ফেলে দিয়েছে ব্যবসায়ীদের।
এ মাসে পূজা-ঈদ ও সাপ্তাহিক ছুটি এবং হরতালের কারণে মাত্র ১৫ কার্যদিবস হাতে পাচ্ছেন ব্যবসায়ীরা। দুই দলের অনড় অবস্থানের কারণে সামনে আরও কর্মসূচির শঙ্কা কাটছে না। উদ্বেগটাও তাই ব্যবসায়ীদের বেশি।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম মনে করেন, এক মাসে যদি ১৫ দিনই হরতাল-ছুটিতে কেটে যায়, তাহলে ব্যবসায়ীরা কীভাবে ব্যবসা করবেন? টানা ৬০ ঘণ্টার হরতাল ব্যবসা-বাণিজ্যে ছুরিকাঘাত ছাড়া কিছুই নয়। তিনি বলেন, অর্থনীতি অচল করে কোনো কর্মসূচি দেওয়া উচিত নয়। রাজনৈতিক নেতাদেরই বিষয়টি ভাবতে হবে। কারণ হরতালে দেশের ক্ষতি হয়, অর্থনীতির চাকা থেমে যায়।
ব্যবসায়ীরা মনে করেন, আমদানি পণ্য পরিবহনের প্রথম এবং রপ্তানি পণ্য পরিবহনের শেষ ধাপে অবস্থান চট্টগ্রাম বন্দরের। বন্দরের কারণে চট্টগ্রাম থেকে সারা দেশে পণ্য আনা-নেওয়ার হার অন্য অঞ্চলের তুলনায় বেশি। এক দিনের হরতালে বন্দরে পরিচালন কাজে কোনো ব্যাঘাত না ঘটলেও টানা হরতালে পণ্য পরিবহনে অচলাবস্থার তৈরি হয়। কারণ টানা তিন দিনে খালাস বন্ধ হলে বন্দরে পণ্য জমে যাবে। বন্দরের কার্যক্রমেও অচলাবস্থা তৈরি হবে।
চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বারের সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী বলেন, হরতালে বন্দরের কর্যক্রম সচল থাকলেও পণ্য আনা-নেওয়া করা যাচ্ছে না। আগে একদিনের হরতালে রাতে পণ্য আনা-নেওয়া করে ক্ষতি পুষিয়ে নেওয়া যেত। এখন তিন দিনের হরতালে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয়।
জানা গেছে, পেঁয়াজ ছাড়া অন্য সব ভোগ্যপণ্যের প্রায় সিংহভাগই আমদানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। চট্টগ্রাম থেকে সারা দেশে নেওয়া হয় এসব ভোগ্যপণ্য। বন্দরে ও গুদামে পণ্য আটকে গেলে দামেও নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা আছে। গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়াসহ নানা কারণে পণ্য পরিবহন ভাড়াও বেড়ে যায় এ সময়।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ বলেন, টানা হরতালের প্রভাবে পণ্যের দামে প্রভাব পড়বে। এর মাশুল গুণবে সাধারণ ক্রেতারা।
হরতালে বেশি ক্ষতির মুখে পড়ছে তৈরি পোশাক খাত। পোশাক শিল্পের পণ্য রপ্তানিতে সময়ই গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ে বন্দর থেকে কাঁচামাল খালাস করে পোশাক পণ্য প্রস্তুত করতে হয়। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর ভারপ্রাপ্ত প্রথম সহসভাপতি আবদুল ওয়াহাব বলেন, সিংহভাগ পোশাক কারখানাই ঢাকা ও আশপাশের এলাকায়। হরতালে কেউ ঝুঁকি নিয়ে ঢাকা থেকে রপ্তানি পণ্য চট্টগ্রামে পাঠাতে চান না। বাধ্য হয়ে বিমানে পরিবহন বা বাতিল কিংবা ছাড় দিয়ে রপ্তানি পণ্য পরিবহন করতে হয়। তিনি বলেন, দুর্ঘটনার কারণে এমনিতেই পোশাকশিল্পে এখন দুর্দিন চলছে। হরতাল আরও পিছিয়ে দেবে।