আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র চলছে চিকিৎসক ছাড়া। আট মাস আগে হাসপাতালের একমাত্র দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক অন্যত্র বদলি হয়ে যাওয়ায় তাঁর স্থলে নতুন কেউ যোগ দেননি। ফলে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।বারশত স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা জানান, দৈনিক গড়ে ৪০ থেকে ৫০ জন রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। স্বাস্থ্যকেন্দ্রে একজন চিৎিসকের পদসহ ছয়টি পদ আছে। চিকিৎসক টুটুল তালুকদার আট মাস আগে অন্যত্র বদলি হয়ে চলে যাওয়ার পর ওই পদে এখনো কেউ যোগ দেননি। চিকিৎসকের সহকারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত একজন উপসহকারী কমিউনিটি স্বাস্থ্যকর্মকর্তা বর্তমানে চিকিৎসাসেবা দিচ্ছেন। তিনি কোনো কাজে হাসপাতালের বাইরে অবস্থান করলে রোগীদের চিকিৎসা না নিয়ে ফিরে যেতে হয়।সরেজমিনে দেখা যায় একজন আয়া ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। আয়া নুিল প্রভা চৌধুরী বলেন, আট মাস ধরে ডাক্তার নেই। উপসহকারী কমিউনিটি স্বাস্থ্যকর্মকর্তা রোগীদের চিকিৎসা করেন। ওষুধ আনার জন্য তিনি যদি আনোয়ারা যান তাহলে কেন্দ্রে আসা রোগীরা চিকিৎসা না পেয়ে ফিরে যান।স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগী হাসিনা বেগম (৪৩) বলেন, ‘আমি বহুদূর থেকে এসেছি। দুই ঘণ্টা বসে থেকেও ডাক্তারের দেখা পেলাম না।’জানতে চাইলে উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা মৃণালিনী দত্ত মুঠোফোনে প্রথম আলোকে বলেন, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক না থাকায় আমাকে রোগীদের চিকিৎসা দিতে হয়। মাঝে মাঝে ওষুধপত্র আনতে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গেলে রোগীরা চিকিৎসা না পেয়ে ফিরে যান।আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসান শাহরিয়ার কবীর আট মাস ধরে বারশত স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক না থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, আগের চিকিৎসক বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। গত সপ্তাহে একজন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে তিনি শিগগিরই সেখানে যোগ দেবেন।