প্রতিদিন ক্যামেরা হাতে ছুটেছেন ঢাকার বাংলা কিংবা ইংরেজি দৈনিকের হয়ে। এখন সকাল আটটায় সেই ক্যামেরা নিয়েই পৌঁছে যান হোয়াইট হাউসে। মার্কিন প্রেসিডেন্টের সময়সূচি অনুযায়ী কাজ। কখনো ওবামার সঙ্গে বিদেশযাত্রা, কখনো বা ওবামার অবসরযাপন। বাংলাদেশের ছেলে জুয়েল সামাদের এ কাজের অভিজ্ঞতার পাশাপাশি জানা যাক ইরাক যুদ্ধের ঝুঁকিপূর্ণ সময়ের কথাওএকের পর এক গুলি বেরিয়ে যাচ্ছে কানের পাশ দিয়ে। চারপাশে দাউদাউ আগুন। মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠছে ধরণি। এসবের মধ্যেই জীবন বাজি রেখে ছুটে চলেছেন অকুতোভয় এক বাংলাদেশি যুবক; ভিনদেশের মাটিতে বিপজ্জনক ‘মিশন’ সম্পন্ন করার কাজে। গল্প-উপন্যাসের পাতায় এমন দুঃসাহসী ‘চিরনবীন’ বাংলাদেশি তরুণের খোঁজ আপনারা বিলক্ষণ পেয়ে থাকবেন। কিন্তু বাস্তবে? বইয়ের পাতা থেকে এবার চলুন আপনাদের নিয়ে যাই কঠিন বাস্তবে। ইরাক যুদ্ধের ময়দানে। যেখানে ‘নায়ক’-এর খালি হাতে শখানেক লোক ঘায়েল করার মতো অতিপ্রাকৃত ক্ষমতা নেই। নেই শত্রুর গুলি সব সময় শুধু ‘কানের পাশ দিয়ে’ বেরিয়ে যাওয়ার পূর্ণ নিশ্চয়তা। যুদ্ধ, গুলি, বোমা বিস্ফোরণ—এসব শব্দ তাদের সব ভয়াবহতা আর প্রাণঘাতী রূপ নিয়ে এখানে হাজির।সময় ১৮ সেপ্টেম্বর ২০০৪। ঘড়ির কাঁটা ১১টা ছুঁই ছুঁই। ইরাকের বাগদাদ নগর তখনো অশান্ত। এরই মধ্যে আবারও হামলা। অকস্মাত্ গাড়িবোমার আঘাতে বিস্ফোরিত হলো মার্কিন সেনাদের দুটো গাড়ি। বাগদাদ নগরের কাছেই ঘটেছে বিস্ফোরণ। খবর পেয়েই ক্যামেরা নিয়ে ছুটলেন বাংলাদেশের আলোকচিত্রী জুয়েল সামাদ। ঘটনাস্থলে পৌঁছেই বুঝলেন, সাক্ষাত্ মৃত্যুকূপে পা দিয়ে ফেলেছেন। অবস্থা বেগতিক দেখে পিছু হটতে শুরু করেছে খোদ মার্কিন সেনারাই। দুই পাশের রাস্তায় মানুষ বলতে শুধু জুয়েল একা। পিছু ফেরার পথ নেই। হামলাকারীদের খোঁজে মাথার ওপর চক্কর দিচ্ছে মার্কিন সামরিক হেলিকপ্টার। জুয়েল অগত্যা সেনাবাহিনীর সহায়তা চাইলেন। কিন্তু এ মুহূর্তে কোনো সাংবাদিকের জীবনের দায়িত্ব নেওয়ার মতো পর্যাপ্ত সময় নেই তাঁদের। জুয়েল কিছু বুঝে ওঠার আগেই দ্রুত পেছনে সরে যেতে শুরু করল মার্কিন সেনারা। জুয়েল ফাঁকা রাস্তায় একা। গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট। মাথায় হেলমেট। হাতে ক্যামেরা। ওপরে বিমান থেকে ক্যামেরাকে অস্ত্র মনে করে কেউ হামলা করে বসতে পারে, সে ভয়ে নড়তেও পারছেন না। একটু আগে ওয়্যারলেসে আসা বার্তায় নির্দেশ ‘শুট, এনিথিং ইজ মুভিং’ মাথায় আটকে গেছে। নড়তে গেলেই হেলিকপ্টার থেকে গুলি করে বসতে পারে। ভেবে দেখলেন, নিজেকে প্রকাশ করাই ভালো। ওরা যদি বুঝতে পারে তিনি নিরস্ত্র, নিশ্চয়ই গুলি করবে না। বুকের ভেতর রীতিমতো বাড়ি খাচ্ছে হূিপণ্ড। যেকোনো মুহূর্তে একঝাঁক গুলি এসে ছিন্নভিন্ন করে দিতে পারে শরীর। সব ভয়ডর পেছনে ফেলে এগোলেন সামনে। বিস্ফোরিত গাড়ি দুটোর একেবারে কাছাকাছি। পটাপট ছবি ওঠাতে লাগলেন ক্যামেরায়। একটু পর হাম্বিতে (যুদ্ধভ্যান) চেপে এক মার্কিন সেনা হাজির। চোখে বিস্ময়— ‘তুমি এখানে কী করছ!’ ‘আমি আমার কাজ করছি। তোমরা তো আমার দায়িত্ব নিলে না।’ জুয়েলের উত্তর। ‘তুমি কি সরে যেতে চাও?’ ছবি তোলার কাজ ততক্ষণে শেষ। জুয়েল জানিয়ে দিলেন, তিনি যেতে চান। খানিক বাদে জুয়েলকে নিয়ে নিরাপদ জায়গার সন্ধানে ছুটল সামরিক যান। পেছনে তখনো বিরতিহীন গুলিবর্ষণ চলছে। এরও বেশ খানিক পরে তিনি জানতে পারলেন, তাঁর উপস্থিত-বুদ্ধিটা কাজ দিয়েছে। ওপর থেকে ঘটনা বুঝতে পেরে তাঁকে সরিয়ে নেওয়ার জন্য ওয়্যারলেসে বার্তা পাঠিয়েছে হেলিকপ্টারে থাকা মার্কিন সেনারা।ইরাকের বাগদাদ থেকে গন্তব্য এবার আফগানিস্তানের গর্দেজ। ২০০২ সালের মার্চের ঘটনা। জায়গাটা কাবুল থেকে অনেক দূরে। এফ-২ বোমারু বিমানগুলো কার্পেট বম্বিং করতে শুরু করেছে। যথারীতি ক্যামেরা সঙ্গে নিয়ে ছুটলেন জুয়েল। সঙ্গে একজন প্রতিবেদকও আছেন এবার। বোমা ফেলার দৃশ্যের ছবি তুললেন কোনো রকম অঘটন ছাড়াই। কাজ শেষ করে গর্দেজ শহরে ফিরতে ফিরতেই হয়ে গেল ছবি পাঠানোর সময়। কিন্তু স্যাটেলাইট অ্যান্টেনা বসানোর জন্য গাড়ি থামানো মানেই মহাবিপদ! সঙ্গী আরেক সাহসী সাংবাদিকও জানিয়ে দিলেন, এ জায়গাটায় থামা মোটেও নিরাপদ নয়। কিন্তু জুয়েল হাল ছাড়তে রাজি নন। জীবনের ঝুঁকি নিয়ে তিনি ছবি তুলেছেন। ওই ছবি পাঠিয়ে দ্রুত কাজ সম্পন্ন করতে পারলে তবেই না তাঁর শান্তি। দেরি না করে রাস্তার পাশে থামানো হলো গাড়ি। গাড়ির ছাদে বসানো হলো স্যাটেলাইট অ্যান্টেনা। পাঠানো শুরু করলেন ছবি। এরই মধ্যে আচমকা প্রচণ্ড শব্দে কেঁপে উঠল চারদিক। জুয়েল তখনো নিবিষ্ট মনে ছবি পাঠিয়ে চলেছেন। প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। সঙ্গী সাংবাদিক ছুটলেন ঘটনার কারণ জানতে। একটু পর হাঁপাতে হাঁপাতে ফিরে এলেন তিনি। তাদের পেছনের গাড়িটি বিস্ফোরিত হয়েছে গ্রেনেড হামলায়। গাড়িতে ছিলেন টরন্টো স্টার পত্রিকার একজন নারী-সাংবাদিক ও তাঁর স্বামী। গ্রেনেড হামলায় ঊরু থেকে বিচ্ছিন্ন হয়ে উড়ে গেছে ভদ্রমহিলার পা। ধরাধরি করে গাড়িতে ওঠানো হলো তাঁকে। নিয়ে যাওয়া হলো গর্দেজ হাসপাতালে। ওই দৃশ্যেরও ছবি তুললেন জুয়েল। বহু পরে তাঁর মনে হয়েছে, গ্রেনেডটা অনায়াসে একটু সামনেই গাড়িতে এসে পড়তে পারত।ইরাক ও আফগানিস্তান যুদ্ধে অসম সাহসিকতার পরিচয় দেওয়া বার্তা সংস্থা এএফপির এই বাংলাদেশি সাংবাদিককে অচিরেই আমরা দেখব বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সহচর হিসেবে। বারাক ওবামা কর্তৃক তাঁকে ‘চকলেট’ উপহার দিতে চাওয়ার মতো তুচ্ছ কিন্তু মনে রাখার মতো ঘটনাও আমরা শুনব। এর আগে আমরা চট করে জেনে নিই জুয়েল নামের এই তরুণের আরেক লড়াইয়ের কথা। যে লড়াইয়ে ভিলেনের নাম দারিদ্র্য। পুরান ঢাকায় কেটেছে জুয়েলের শৈশব। ‘জন্মের এক মাস পর থেকে আমি দাদা-দাদির কাছেই মানুষ হয়েছি। দাদা ও দাদিই ছিলেন আমার কাছে মা-বাবা, ভাই-বন্ধু সবকিছু।’ কয়েক দিন আগে নিউইয়র্ক থেকে পাঠানো ই-মেইলে লিখেছেন জুয়েল সামাদ।বাবা আবদুস সালাম নিজেও ছিলেন আলোকচিত্রী। সব মিলিয়ে ভালোই চলছিল। অকস্মাত্ বেঁকে বসল নিয়তি। সড়ক দুর্ঘটনায় মারা গেলেন বাবা। জুয়েল তখন পড়েন মোটে ক্লাস নাইনে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে স্বাভাবিকভাবেই ভয়াবহ আর্থিক টানাপোড়েনের মধ্যে পড়ল জুয়েলদের পরিবার।১৯৯৩ সাল। এসএসসি পরীক্ষার ফলাফল হয়েছে। ছয়টা লেটার নিয়ে পাস করেছেন জুয়েল। আট শ-র কাছাকাছি নম্বর। সাড়া ফেলে দেওয়ার মতো না হলেও বেশ ভালো ফল। তাঁর চেয়েও খারাপ ফল করা বন্ধুবান্ধবেরা সব কলেজে ভর্তি হওয়ার সুখস্বপ্নে বিভোর। কিন্তু দারিদ্র্য এসে পথ আগলে দাঁড়াল জুয়েলের। কলেজে পড়ে অনেক বড় কিছু হওয়ার স্বপ্ন জলে ভাসিয়ে জুয়েল নামলেন ‘সোনার হরিণ’ হিসেবে স্বীকৃত চাকরির সন্ধানে। কিন্তু চাকরি মিলবে কই? এক-বুক মমতা নিয়ে এগিয়ে এলেন ডেইলি মর্নিং সান পত্রিকার প্রধান আলোকচিত্রী আবু তাহের খোকন। মানুষটাকে জুয়েল কাকা বলে ডাকতেন। তাঁর সহায়তায় ডেইলি মর্নিং সান-এ শুরু হলো ডার্করুমে কাজ শেখার পালা। ট্রেতে কেমিক্যালের মধ্যে ফিল্ম ডেভেলপ করা, কম্পোজ করা। সবকিছু খোকন কাকা নিজেই হাতে ধরে শেখালেন। সেখানে নামকরা আলোকচিত্র-সাংবাদিকেরা আসতেন। এরই মধ্যে জুয়েলের ছন্নছাড়া জীবনে এল ছোট এক সুখের মুহূর্ত। একটা পেনট্যাক্স ক্যামেরা নিয়ে নিজেই শুরু করলেন ছবি তোলার কাজ। ভাগ্যের চাকা বুঝি এবার ঘুরতে শুরু করল। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করলেন। ছোটখাটো কয়েকটা পত্রিকায় কাজ করার পর ১৯৯৬ সালের শেষ দিকে জুয়েলের চাকরি হয়ে গেল জনকণ্ঠ পত্রিকায়। গন্তব্য এএফপিবার্তা সংস্থা এএফপির বিশ্বজোড়া খ্যাতির কথা কে না জানে। ওই এএফপির দক্ষিণ এশিয়ার প্রধান জন ম্যাকডুগ্যাল এলেন ঢাকায়। ঢাকা ব্যুরোতে আলোকচিত্র-সাংবাদিক নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞাপন বেরোল পত্রিকায়। জুয়েল ওই বিজ্ঞাপন খেয়ালই করেননি। তিনি জনকণ্ঠ পত্রিকায় নিজের কাজ নিয়ে খুশি। এদিকে সব আবেদনকারীর সাক্ষাত্কার নেওয়া হয়। কিন্তু কাউকে ঠিক মনে ধরে না জনের। ফিরে যাওয়ার ঠিক আগের দিন জনকণ্ঠ পত্রিকায় একটা ছবি দেখে দারুণ পছন্দ হয় জনের। ওই ছবির আলোকচিত্রীর নাম জুয়েল সামাদ। জুয়েলের কানে খবর পৌঁছাল। তিনি গেলেন। কিন্তু পরীক্ষা শেষ হয়নি সেখানেই, এএফপির ক্যামেরা হাতে দিয়ে তাঁকে বলা হলো, ‘ইউ হ্যাভ ওনলি থার্টি মিনিটস টু টেক সাম পিকচারস অন রিকশা ড্রাইভারস।’ জুয়েল ছবি তুললেন। পরের দিন আরেকটা কাজ। এবার ছবি তুলতে হবে পানিদূষণের। সব ছবিই মনে ধরে গেল জনের। মনে যে ধরল এর প্রমাণ, জুয়েল কয়েক দিন পর পেয়ে গেলেন বার্তা সংস্থা এএফপির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার প্রস্তাব। প্রতি ছবির জন্য পারিশ্রমিক। জুয়েলের সামনে একদিকে তখন জনকণ্ঠর নিশ্চিত চাকরি, অন্যদিকে এএফপির হাতছানি। আর মাথায় এত দিনের প্রাণের বন্ধু ফারজানা গোধূলির সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন। হবু স্ত্রী গোধূলিই মত দিলেন, ‘এএফপি হচ্ছে সমুদ্র। ওই সমুদ্রের যোগ মহাসমুদ্রের সঙ্গে। যত যা-ই হোক, তোমাকে এএফপিতে যোগ দিতেই হবে।’গোধূলি নিজেও আলোকচিত্রী। আর্থিক নিশ্চয়তা আর নির্ভরতা নিয়ে পাশে দাঁড়িয়ে গেলেন জুয়েলের। অন্য সব ঝামেলা নিলেন নিজের কাঁধে। জুয়েল বুকে সাহস পেলেন। পরের বছর বিয়েটাও সেরে ফেললেন তাঁরা।একসময় গোধূলিও চলে এলেন এএফপিতে। বিয়ের পর কয়েক বছর দুজন কাজ করলেন দেশে।এরপর এল দেশের বাইরে যাওয়ার ডাক। তখন আর পেছন ফিরে তাকানোর সময় কই?দূরদেশের ডাকএএফপির সুবাদে শুরু হলো ক্যামেরা কাঁধে দেশের বাইরে দায়িত্ব পালনের কাজ। পাকিস্তান, আফগানিস্তান ঘুরে ইন্দোনেশিয়ায় জুয়েল এলেন ব্যুরোপ্রধান হিসেবে। এর মধ্যে ইরাক আর আফগানিস্তানে যুদ্ধের ময়দানে যেতে হয়েছে একাধিকবার। ২০০৮ সালের আগস্টে এল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে ডাক। ওবামার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার হপ্তাখানেক আগে অফিশিয়ালি দায়িত্ব পেলেন ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে কাজ করার। তারপর এএফপির আলোকচিত্রী হিসেবে বারাক ওবামাকে ‘কাভারেজ’ করার দায়িত্ব। প্রেসিডেন্ট-পরিবারের জনসমক্ষে কোনো অনুষ্ঠান মানেই ক্যামেরা হাতে থাকবেন বাংলাদেশের ছেলে জুয়েল সামাদ!বারাক ওবামার সঙ্গী‘ডু ইউ ওয়ান্ট সাম ক্যান্ডি?’ প্রশ্নকর্তা প্রেসিডেন্ট বারাক ওবামা স্বয়ং। প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশি তরুণকে, তাঁর মধ্যে তখন ভর করেছে এক শ ভাগ বাংলাদেশি লজ্জা। অতি বিনয়ের সঙ্গে, ‘নো, থ্যাংকস’ বলে দ্রুত সেখান থেকে কেটে পড়লেন তরুণ। চারপাশের অন্য সব সাংবাদিক তো অবাক। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্টের হাত থেকে চকলেট উপহার নেওয়ার সুযোগ কেউ হারায়! ঘটনা খুব বেশি আগের নয়। ওবামা তখন পুরো পরিবার নিয়ে ছুটি কাটাতে গেছেন মার্থাস ভিনিয়াড নামের এক দ্বীপে। নিজের সন্তানদের জন্য দোকানে ক্যান্ডি কিনতে গিয়েই ওবামা হাসিমুখে প্রশ্নটা করেছিলেন পাশে দাঁড়িয়ে থাকা আলোকচিত্রী জুয়েলকে। সেবার যথারীতি প্রেসিডেন্টের অবসরকালীন সংবাদ সরবরাহ করতে সঙ্গী হয়েছেন জুয়েল সামাদ। ওই দিন আসলে রোজা রেখেছিলেন বলেই ক্যান্ডি নিতে রাজি হননি জুয়েল। ‘বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে নিয়ে কাজ করার উত্তেজনা তো থাকবেই। শুরুতে অনেক রোমাঞ্চ কাজ করছিল। পরে ব্যাপারটা সহজ হয়ে এল।’ বলছিলেন জুয়েল।মানুষ হিসেবে বারাক ওবামাকে কেমন মনে হয়?‘প্রথম দিকে বারাক ওবামাকে শুধু একজন প্রেসিডেন্ট হিসেবে দেখতাম। কিন্তু পরে তাঁকে অন্যভাবে আবিষ্কার করতে শুরু করি। তিনি খুব অ্যানার্জেটিক একজন মানুষ। মানুষকে আকর্ষণ করার অসাধারণ এক ক্ষমতা তাঁর মধ্যে আছে।’স্ত্রী গোধূলি এখন চলে এসেছেন যুক্তরাষ্ট্রে। মা আছেন ঢাকায়। বোন স্বামীর সঙ্গে সৌদি আরবে। দেশে আসা হয় বছরে অন্তত একবার। জুয়েল সামাদ হোয়াইট হাউসে প্রতিদিন সকাল আটটায় হাজির হয়ে যান ক্যামেরা হাতে। যেভাবে হাজির হতেন এই ঢাকার মর্নিং সান কিংবা জনকণ্ঠ অফিসে। তারপর প্রেসিডেন্টের সময়সূচি অনুযায়ী নিত্যদিনের কাজ। কখনো এয়ারফোর্স ওয়ানে চেপে বিদেশযাত্রা, কখনো বা আবার নিছকই প্রেসিডেন্টের অবসরযাপন। সব ছবিই জুয়েল ক্যামেরায় বন্দী করেন পরম নিষ্ঠায়।এরই মধ্যে একদিন ঢাকা থেকে ফোন। ওয়াশিংটন ডিসিতে তখন রাত ১১টা বাজে। ফোনের ওপাশে জুয়েলের কণ্ঠ শুনি, ‘কোনো চিন্তা করবেন না। প্রশ্ন পাঠিয়ে দিন, আমি উত্তর পাঠাচ্ছি।’ তারপর ই-মেইলের পর ই-মেইল, ফোন, এসএমএস। জুয়েল একবারের জন্যও উত্তর পাঠাতে বিন্দুমাত্র দেরি করেননি।