বারাক ওবামার প্রতিবেশী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনসেপসিয়োন পিসিসয়োত্তো, বিরামহীন বলে চলেছেন বিশ্বশান্তির কথা
কনসেপসিয়োন পিসিসয়োত্তো, বিরামহীন বলে চলেছেন বিশ্বশান্তির কথা

টানা ৩৩ বছর রাজপথে থেকে অহিংস আন্দোলনের প্রতীক হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের কোনি। ৭৭ বছর বয়সী কোনির পুরো নাম কনসেপসিয়োন পিসিসয়োত্তো। জীবনের নানা ঘাট ঘুরে ১৯৮১ সালে তল্পিতল্পা নিয়ে অবস্থান নেন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির রাজপথে। রাজধানীর প্যানসেলভেনিয়া অ্যাভিনিউতে বাস করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তাঁর নিকটতম প্রতিবেশী কোনির অবস্থান লাফায়েত স্কয়ারে। ব্যক্তিগত বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ভর যৌবনে এসেছিলেন হোয়াইট হাউসের কাছাকাছি। বয়সের ভারে ন্যুব্জ¦ হলেও কোনি বিরামহীন বলে চলেছেন বিশ্বশান্তির কথা, মানবাধিকার আর ন্যায়বিচারের কথা। বছরের পর বছর অপেক্ষা করছেন প্রতিবেশী প্রেসিডেন্টের ডাক পাবেন। নিদেনপক্ষে প্রেসিডেন্টের হয়ে কেউ এসে প্রতিবাদ মুখর প্রতিবেশীটির খোঁজ নেবেন। জানতে চাইবে তাঁর দাবিদাওয়ার কথা। হোয়াইট হাউসের আতিথেয়তা কোনি পাননি। উল্টো জেলে গেছেন, বার কয়েক গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাঁর আস্তানা। কোনি দমে যাননি।
স্পেনে জন্ম নেওয়া কোনি ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্র অভিবাসী হন। নিউইয়র্কে স্পেন কনস্যুলেট অফিসে কর্মরত অবস্থায় প্রেম করে বিয়ে করেন । দাম্পত্যের মাঝপথেই দত্তক হিসেবে গ্রহণ করেন এক মেয়েশিশুকে। কয়েক বছরের মাথায় কোনির সংসার ভেঙে যায়।
ঘরে খুব কমই যান কোনি। পালা করে কখনো দাঁড়িয়ে, কখনো হেঁটে হেঁটে বিলি করছেন প্রচারপত্র। কথা বলেন সারা বিশ্ব থেকে হোয়াউট হাউস দেখতে আসা লোকজনের সঙ্গে। কোনি বলেই চলছেন, ‘যুদ্ধ বন্ধ করো৷ মানুষ হত্যা, শিশু হত্যা বন্ধ করো। অন্যায়ের বিরুদ্ধে বিবেক জাগ্রত করো।’ কেউ থমকে দাঁড়িয়ে কোনিকে বলেন, ‘কথাগুলো ভালো, তবে এসব প্রতিবাদে তো অনেক লোক লাগবে।’ কোনি বলেন, ‘আমরা নিজেরাই নিজের পারিপার্শ্বিকতার জন্য দায়ী। নিজে থেকেই শুরু করতে হবে।’ কোনি আরও বলেন, ‘সবাই যদি সচেতন হয়ে যেত, তাহলে তো আমাকে আর এখানে আসতে হতো না।’
কোনির দীর্ঘ এ অহিংস আন্দোলন নিয়ে পশ্চিমা মিডিয়া বহু সংবাদ প্রচার করেছে। সামাজিক আন্দোলনের প্রতীক কোনিকে নিয়ে সংবাদচিত্র ৈতরি হয়েছে। মাইকেল মুরের বিখ্যাত চলচ্চিত্র ফারেনহাইট নাইন ইলেভেন-এ কোনির প্রসঙ্গ এসেছে। দ্য অরাকল অব প্যানসেলভেনিয়া অ্যাভিনিউ তথ্যচিত্রে কোনির অহিংস আন্দোলনের কথা বলা হয়েছে।
পূর্ব-পশ্চিমের সব রাজনৈতিক বিরোধ, সামাজিক ও রাজনৈতিক অনাচার কোনির নখদর্পণে। সুযোগ পেলেই মহাত্মা গান্ধীর কথা বলেন। গান্ধীর অহিংস আন্দোলন থেকে নিজে প্রেরণা পেয়েছেন, কথাটি প্রায়ই বলে থাকেন। রোদ, বৃষ্টি ও তুষারপাত উপেক্ষা করে কোনি উপস্থিত থাকেন হোয়াইট হাউস-সংলগ্ন এলাকায়। চলমান জনতার স্রোতে কোনি চালিয়ে যাচ্ছেন তাঁর প্রচারণা। পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে, বিশ্বশান্তির দাবিতে, ইসরায়েলের বোমা হামলার প্রতিবাদে কোনির প্রচারণা বিরামহীন এবং ক্লান্তিহীন। প্রতিবাদ জানানোকেই যেন তপস্যা হিসেবে নিয়েছেন। সংবাদকর্মী থেকে সাধারণ পথচারী, কোনির সঙ্গে ছবি উঠাতে আগ্রহী হন। কোনি আপত্তি করেন না কখনো। যদিও তাঁর বক্তব্য শোনার জন্য মিনিট পাঁচেক সময় দেওয়ার শর্ত মানতে হয়।
হোয়াইট হাউসের বিপরীতে ওয়াশিংটন মেমোরিয়াল মনুম্যান্ট। লড়াকু নারী কোনি তাকিয়ে থাকেন। বিড় বিড় করে উচ্চারণ করেন, ‘যখন দেখি নিরপরাধ লোকজন মারা পড়ছে, শিশুদের হত্যা করা হচ্ছে, তখন আহত হই। ন্যায়বিচারের বঞ্চনা আমাকে ব্যথিত করে। প্রতিবাদ ছাড়া আমি তাদের জন্য কীই-বা করতে পারি।’