জাতির উদ্দেশে শেষ ভাষণ দেওয়ার পর আর কিছুই করার ছিল না বারাক ওবামার। ভাষণে তিনি গণতন্ত্র রক্ষার কথা বলেছিলেন এবং তিনি খবর পেলেন, বাংলাদেশে একটা দারুণ গণতান্ত্রিক বাণিজ্য মেলা হয়। সেখানে বিশ্বের প্রায় সব কটা দেশের নানা জিনিসের পসরা নিয়ে স্টল বসে। ওবামা আগ্রহী হয়ে উঠলেন এবং কাউকে কিছু না জানিয়ে বাণিজ্য মেলা সফরের উদ্দেশ্যে চলে এলেন বাংলাদেশে।
কিন্তু ‘সেই দিন তো আর নাই’, তাই বারাক ওবামার সফরসঙ্গী হলো না কেউই। তাঁর পরনেও সাধারণ পোশাক। বিমানবন্দর থেকে বেরিয়ে একটা অটোরিকশাচালককে বাণিজ্য মেলা যাওয়ার কথা বলতেই চালক তার মাথাটা প্রবল বেগে নাড়িয়ে জানালেন তিনি ওদিকে যাবেন না। ওবামা ভালো মানুষ। বললেন, ‘প্লিজ চলেন!’
চালক বললেন, ‘আপনি ক্যান, আমারে যদি বারেক ওবামাও ওই দিকে যাইতে কয়, তাও যামু না! ওই দিকে ম্যালা জাম!’
ওবামা অবাক হয়ে ভাবলেন, তাঁর কথা তো এ দেশের অটোরিকশার চালকও জানে। কিন্তু এই ‘জাম’ কী তা তিনি জানেন না। তাই জানতে চাইলেন, ‘জাম কী, ব্রাদার?’
: আপনে কোন দেশ থেইকা আসছেন? নাইজেরিয়া?
: না না ইউএসএ থেকে। হোয়াইট হাউস থেকে।
: আপনারে দেইখা তো মনে হয় না কোনো হোয়াইটের কারবার আছে! যাউকগা, এই দেশে কি ফুটবল খেলবেন আপনে?
: না না, আমি আসছি গণতন্ত্র দেখতে।
: কী দেখতে?
: গণতন্ত্র গণতন্ত্র...মানুষের তন্ত্র। শুনেছি, বাণিজ্য মেলায় নাকি অনেক দেশের স্টল একসঙ্গে থাকে। অনেক রকম মানুষের নাকি যাতায়াত...
: যাতায়াত আর কেমনে! যাইতে চায় অনেক মানুষ, কিন্তু আটকায়া থাকে। যে-ই বাণিজ্য মেলা শুরু হইল সে-ই শুরু হইল মহাজাম।
: আচ্ছা আচ্ছা। তো এই জামটা কী?
অটোরিকশার চালক হতাশ হয়ে বললেন, ‘আপনে তো ভাই বাংলাদেশের কিছুই জানেন না, জাম চিনেন না! আসেন, আপনারে জাম দেখাই!’
অটোরিকশার চালক বারাক ওবামাকে নিয়ে ছুটে চললেন বাণিজ্য মেলার দিকে। কিন্তু কতক্ষণই বা আর ছোটা যায়! কিছুদূর যেতেই প্রচণ্ড জ্যামে আটকে গেল অটোরিকশা। চালক বললেন, ‘এই যে এইখানে এই রকম গাড়ি-রিকশা-বাস আর মানুষে যে গিট্টু লাগছে, এইটারে বলে জাম! এইটা কঠিন জাম। সহজে ছাড়ব না। আপনে চাইলে ঘুমায়াও নিতে পারেন।’
: কিন্তু এই ‘জাম’ ছোটানোর জন্য কোনো ব্যবস্থা নাই দেশে?
: ওই যে দেখেন, দিন-রাইত বাঁশি ফুঁকায়া গিট্টু ছুটানোর চেষ্টা নিতাছে। তয় লাভ নাই।
চালক অটোরিকশার স্টার্ট বন্ধ করে বসে থাকলেন। বারাক ওবামা খাঁচার ভেতর থেকে দেখতে লাগলেন বাইরের শোভা। সবচেয়ে বেশি চোখে পড়ল মানুষের মাথা। আর কানে আসতে থাকল নানান গালিগালাজ। চালক তাঁর আয়নায় ভালো করে দেখতে লাগলেন ওবামাকে। তারপর চট করে বললেন, ‘আপনে দেখতে কিন্তু একদম আম্রিকার পেরসিডেন্ট বারেকের মতন। আপনে তাঁর কেউ লাগেন নাকি?’
ওবামা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘না, আমিই ওবামা। আর আমি এখন প্রেসিডেন্ট নই।’
: ফরেনার ভাই, গুল মাইরেন না! খোমায় একটু না হয় মিলতাছে, তাই বইলা আমারে বোকা পাইছেন?
: না রে ভাই, সত্যিই আমি বারাক বা বারেক ওবামা। কিন্তু এই ‘জাম’ ছুটবে কখন? আমার কি গণতান্ত্রিক বাণিজ্য মেলা দেখা হবে না?
: এই জাম ছুটতে ম্যালা দেরি আছে। এইটা অত সহজ না। বাণিজ্য মেলার জাম, বুঝা গেছে? গাঁইট মাইরা বইসা থাকেন।
ওবামা ‘গাঁইট মাইরা’ বসে থাকলেন। তারপরও জ্যাম ছোটার কোনো নিশানা দেখা গেল না। এক পাশ দিয়ে জনসমুদ্র হেঁটে চলেছে বাণিজ্য মেলার দিকে। গণতন্ত্রের প্রতি মানুষের এই নিবেদন অবশ্য তাঁর ভালো লাগল।
বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও একই জায়গায় একইভাবে বসে থাকতে থাকতে আর কিছুই যখন করার পেলেন না, ওবামা তখন টুইট করলেন, ‘গণতন্ত্রের রাস্তা এত সহজ নয়। তার জন্য অপেক্ষা করতে হয়। অপেক্ষা দীর্ঘ হতে পারে। আর সেই দীর্ঘ অপেক্ষায় কখনো কখনো “জাম”ও লাগতে পারে!’
টুইটের কমেন্টে অনেকে জানতে চাইল, ‘“জাম” কী?’ ওবামা কোনো উত্তর দিলেন না। কারণ, ‘জাম’ কী, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।