বারাক ওবামার সেই ২৪ ঘণ্টা
১ মে রোববার ছিল আমার তিন দিন সাপ্তাহিক ছুটির শেষ দিন। সারা দিন মেয়ের সঙ্গে মজা করে, খেলা করে ক্লান্ত। দুজনই ঘুমাতে যাই তাড়াতাড়ি। ঘুমাতে না ঘুমাতেই মুঠোফোন বেজে ওঠে। কলার আইডি হোয়াইট হাউস প্রেস অফিস। ফোন ধরতে ধরতেই ভাবলাম, এত রাতে হোয়াইট হাউস; অবশ্যই জরুরি। হ্যালো বলতেই পরিচিত প্রেস অফিসারের গলা, POTUS (President of the United States of America) is going to deliver a speech. Come as quick as you can. আমি তাকে শুধু বললাম, আই অ্যাম অন মাই ওয়ে...।পাঁচ মিনিটে আমি পৌঁছে গেলাম কার পার্কিংয়ে। এই পাঁচ মিনিটে কীভাবে রেডি হলাম এবং ১৬ তলা থেকে আন্ডারগ্রাউন্ডে কার পার্কিংয়ে পৌঁছালাম, তা বলা বাহুল্য। রাস্তা মোটামুটি ফাঁকা, তাই গাড়ি চালালাম ঝড়ের বেগে। ৪৫ মিনিটের পথ পার হলাম ২৫ মিনিটে। পথে কী ইমার্জেন্সি, তা-ও ভাবার সময় পাইনি।হোয়াইট হাউসে ঢুকতেই আমাদের সবাইকে নিয়ে যাওয়া হলো ইস্ট রুমে। উপস্থিত সবাই অনুমান করতে শুরু করলাম কী ইমার্জেন্সি। কিন্তু কিছু বের করার আগেই পোটাস এসে গেলেন। ভাষণ দিলেন জল্পনাকল্পনা শেষে। বিশাল ব্যাপার, আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেন নিহত হয়েছেন। ভাষণ শেষে ছুটলাম ছবি পাঠানোর জন্য। হোয়াইট হাউসে আমাদের নির্দিষ্ট এএফপি ডেস্কে। ঝটপট ছবি পাঠানো শেষে বের হলাম হোয়াইট হাউস থেকে। হোয়াইট হাউসের সামনে তখন শত শত মানুষের ভিড়। তারা পতাকা উড়িয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছিল রাতের রাজধানীকে। উৎসব-আনন্দে জাগ্রত ছিল হোয়াইট হাউসের চারপাশ। কিন্তু সেখানে বেশ কিছুক্ষণ থাকার উপায় নেই। বাসায় ফিরতে হবে, কারণ সকালে আবার হোয়াইট হাউসে ডিউটি। বাসায় ফিরে মাত্র দুই ঘণ্টা পর ফিরে আসা হোয়াইট হাউসে। দিনটা শুরু হলো বাকি দিনগুলোর মতো। কিন্তু সবার প্রধান আলোচনার বিষয় ছিল ওসামা বিন লাদেন। প্রেসিডেন্টের দৈনিক কর্মসূচি ছিল আর পাঁচটা দিনের মতো স্বাভাবিক। ওই দিন দুপুরে হোয়াইট হাউসে তিনি এক অনুষ্ঠানে বক্তব্য দেন। বিকেলে কেবিনেট মেম্বারদের সঙ্গে ছিল তাঁর মিটিং। কিন্তু সেই দিন তাঁর যেকোনো বক্তব্য বা মুভমেন্ট আমাদের কাছে ছিল অনেক গুরুত্বপূর্ণ।ওই দিন জানতে পারলাম, তিনি নিউইয়র্কে যাবেন গ্রাউন্ড জিরোতে ৯/১১-এর হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে।পরে দুই দিন হোয়াইট হাউস ছিল যথারীতি কর্মময়। বিভিন্ন মিটিং, ভিজিট। প্রস্তুতি চলছিল গ্রাউন্ড জিরোতে শ্রদ্ধা জানানোর। এসবের কোথাও ছিল না ওসামা বিন লাদেন ‘কিলিং’ নিয়ে কোনো কথা বা ছাপ। শুধু ছিল আমাদের হোয়াইট হাউস ট্রাভেলপুলের সাংবাদিকদের আলোচনায়।বৃহস্পতিবার ভোরে আমরা সময়মতো ড্রাইভ করে পৌঁছে গেলাম অ্যানড্রুজ এয়ারফোর্স বেসে। এই বেস থেকেই প্রেসিডেন্ট সব সময় এয়ারফোর্স ওয়ান (এএফওয়ান)-এ ওঠেন। হোয়াইট হাউস থেকে বেসে আসেন মেরিন ওয়ান হেলিকপ্টারে। সিকিউরিটি চেকিংয়ের পর আমরা ট্রাভেলপুলের সাংবাদিকেরা এএফওয়ানে উঠে বসলাম। প্রেসিডেন্ট অন টাইমে পৌঁছাতেই আমরা রওনা দিলাম নিউইয়র্কের উদ্দেশে।৫০ মিনিট পর পৌঁছে গেলাম নিউইয়র্ক জেএফকে এয়ারপোর্টে। আমরা ট্রাভেলপুলে আগে নামি, যাতে প্লেন থেকে প্রেসিডেন্টের নামার ছবিটি তুলতে পারি। পরনে কালো স্যুট, প্রেসিডেন্ট ওবামা বের হলেন হাত নাড়তে নাড়তে। প্লেনের সিঁড়ি থেকে নেমে সোজা চলে গেলেন ল্যান্ডিং এরিয়ার রোপ লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনের কাছে। হাত মেলান কয়েকজনের সঙ্গে। তারপর উঠে বসেন তাঁর জন্য রেডি থাকা মেরিন ওয়ান হেলিকপ্টারে। আমরাও চড়ে বসলাম একটা ব্ল্যাক হকে (মিডিয়ার জন্য হেলিকপ্টার)। আমার ধারণা, ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য প্রেসিডেন্ট প্রায় সব সময় মেরিন ওয়ানে ট্রাভেল করেন নিউইয়র্কে।মাত্র ১৫ মিনিটের মাথায় আমরা গ্রাউন্ড জিরোর খুব কাছে ওয়াল স্ট্রিট ল্যান্ডিং জোনে নামলাম। নেমেই আমরা সাংবাদিকেরা দৌড় লাগাই মটরকেডের মিডিয়া-অভিযানে। বলে রাখা ভালো, গ্রাউন্ড জিরোতে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল পুষ্পস্তবক অর্পণ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হওয়া। কিন্তু আমরা আন-অফিশিয়ালি জানতাম, আরও দুটি অনুষ্ঠানের কথা, হোয়াইট হাউসের ভাষায় যাকে বলে ওটিআর (অফ দ্য রেকর্ড)। মটরকেড তাই প্রথমে পৌঁছাল ম্যানহাটনের ইঞ্জিন ৫৪ ফায়ার হাউসে, সেখানে পোটাস সব ফায়ারম্যানের সঙ্গে হাত মেলান। শুভেচ্ছা বিনিময় করেন, কথা বলেন। ৯/১১-এ টুইন টাওয়ারে প্রথম হামলার পরপর সবার আগে ইঞ্জিন ৫৪ ফায়ার হাউসের ফায়ারম্যানরা পৌঁছায় সাহায্য করতে, তাদের সবাই নিহত হয় দ্বিতীয় হামলায়। এখানে তিনি একটা ফায়ার ট্রাকের সামনে দাঁড়িয়ে ফায়ারম্যানদের সঙ্গে কথা বলেন। লাদেনের মৃত্যুতে ফায়ারম্যানদের আনন্দ যে তাদের সবার চোখ-মুখে খেলা করছিল, তা আমরা সবাই পরিষ্কার দেখতে পেলাম। ওবামা দুপুরের খাবার খান ফায়ারম্যানদের সঙ্গে। সেই সময় আমরা আমাদের ছবি ফাইল করতে ভ্যানে ফিরে আসি।অফিসাররা প্রথম সাহায্য করতে গিয়েছিলেন ৯/১১ হামলার পর। এক ঘরভরা পুলিশ অফিসার, ওবামা সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ওবামা ওসামা বিন লাদেনের কিলিংয়ের কথা উল্লেখ করতেই সবাই তাকে হাততালি দিয়ে শুভেচ্ছা জানান।পুলিশ স্টেশনের পরের গন্তব্য আমাদের গ্রাউন্ড জিরো মেমোরিয়াল অব ৯/১১ অ্যাটাক। পুরো জায়গা ভরে গিয়েছিল ফায়ারম্যান, পুলিশ ও ৯/১১ হামলায় নিহতদের পরিবারের সদস্যে। আমরা আমাদের জন্য নির্দিষ্ট জায়গায় পজিশন নিতেই প্রেসিডেন্ট ওবামা উপস্থিত হলেন। দাঁড়িয়ে থাকা এক সারি ফায়ারম্যান ও পুলিশ অফিসারের সঙ্গে হাত মিলিয়ে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন। মাথা নুয়ে সম্মান জানানোর জন্য ঝুঁকলেন। তখন চারদিক নীরব। সেই নীরবতা ভেঙে গেল আমাদের ক্যামেরার ক্লিক ক্লিক আওয়াজে। শ্রদ্ধা জানানোর পর তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন। এর পরপরই আমরা মটরকেডে ফিরে আসি। এরপর হেলিকপ্টারে আমরা আসি জেএফকে বিমানবন্দরে। এখানেই আমরা প্রেসিডেন্ট ওবামার এএফওয়ানে ওঠার ছবি তুলি। ওবামা প্লেনে উঠে যেতেই আমরাও উঠে পড়ি এএফওয়ানে। ফিরতি পথ ওয়াশিংটন ডিসি। অবশেষে ৯/১১-এর হামলার পেছনে প্রধান মানুষটিকে ধরতে পারল আমেরিকা, হোক না মৃত। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, ফলাফল ওসামা বিন লাদেনের মৃত্যু, যা পুরো আমেরিকায় আনন্দ ছড়িয়ে দেয়। বিশেষ করে, নিউইয়র্কে নেমে আসে খুশির বন্যা।৯/১১-এর হাজার হাজার নিহতের প্রতি প্রেসিডেন্ট বারাক ওবামার শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শেষ হলো একটা কালো অধ্যায়ের। হলো ইতিহাসের মোস্ট ওয়ান্টেড টেররিস্টের অবসান। এএফওয়ানে আমরা সিটে বসে জানালার বাইরে তাকিয়ে দেখছিলাম। বিকেলের সুন্দর আকাশ। হঠাৎ কানে বেজে উঠল প্রেসিডেন্ট ওবামার ভাষণের একটা অংশ—জাস্টিস হ্যাজ বিন ডান।অনুলিখন: ফারজানা খান গোধূলি