বারান্দার জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টির ঝাপটায় ঘুম ভাঙল মাঝরাতে। অন্য সময় হলে হয়তো বৃষ্টি উপভোগ করতাম। কিন্তু এই মুহূর্তে বৃষ্টি উপভোগ করার উপায় নেই। বিছানা ভেজার আগেই একটা ব্যবস্থা নিতে হবে। বেডমেট ফরহাদকে টেনে তুললাম। ও ঘুম জড়ানো কণ্ঠে বলল, ‘কী হয়েছে?’ আমি বললাম, বৃষ্টি এসেছে। তাড়াতাড়ি ওঠ। ফরহাদ এক মুহূর্ত দেরি না করেই ঘুম থেকে উঠল। ততক্ষণে বিছানার এক অংশ ভিজে গেছে। সারা রাত আর ঘুমাতে পারলাম না। সলিমুল্লাহ মুসলিম হলের বারান্দায় এক ভয়াবহ জীবন পার করছি। প্রথম বর্ষের কথা। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর যখন জানলাম, আমি সলিমুল্লাহ মুসলিম হলে আসন বরাদ্দ পেয়েছি, তখন মনে মনে খুশিই হলাম। ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম বিখ্যাত হল এটি। উৎসাহ নিয়ে হলে আসি থাকার জন্য। ধাক্কা খাই যখন জানতে পারি প্রথম বর্ষে থাকতে হবে হলের বারান্দায়। ঢাকায় আত্মীয়স্বজনের বাসা আছে। সংকোচ আর ব্যক্তিস্বাধীনতার জন্য থাকি না। অগত্যা মেনে নিতে হয় বারান্দার জীবন। সে কী ভয়াবহ দুঃসহ স্মৃতি। মশা, পোকামাকড় আর কুকুর-িবড়ালের সঙ্গে রাত যাপন। কখনো কখনো বাসা থেকে মায়ের ফোন আসে। উদ্বিগ্ন কণ্ঠে মা জিজ্ঞেস করেন, ‘বাবা, ঠিকভাবে রুম পেয়েছিস তো? রাজনৈতিক ঝামেলা নেই তো? এক রুমে কতজন থাকিস তোরা?’ মায়ের প্রশ্নের উত্তর দিতে পারি না। মাঝেমধ্যে মিথ্যা বলতে হয়। বলি, হ্যাঁ মা। এই তো। বেশ ভালো আছি। মুঠোফোন রাখার পর বুকের মধ্যে চিনচিন ব্যথা অনুভব করি। বন্ধু সালাহউদ্দীন কাঁধে হাত রেখে বলে, ‘এটাই তো জীবন রে। সব ঠিক হয়ে যাবে একদিন। আমরাও রুম পাব।’
সেই একদিন কবে জানি না। তবে বারান্দার জীবনও খারাপ নয়। কোনো কোনো রাতে প্রবল জোছনায় ভেসে যায় হলের মাঠ। হাওয়া এসে শরীরে কাঁপন ধরিয়ে দেয়। কষ্টময় জীবনকে এক মুহূর্তে ভুলে যাই। কখনো কখনো হলের রুমগুলোর দিকে তাকাই। কোনো কোনো সময় আটজনের রুমে একজন। কেউ আবার বহিরাগত রাখছেন রুমে।
অথচ দেশের সর্বোচ্চ শিক্ষাপীঠে পড়তে এসে আমরা থাকছি বারান্দায়। কী ভয়াবহ নিয়তি! ঠিক কাকে দোষারোপ করব আমরা? কার কাছে যাব? বিশ্ববিদ্যালয় প্রশাসন? নাকি কোনো বড় ভাই? আচ্ছা এঁরা কী বোঝেন না নিতান্তই গ্রাম কিংবা মফস্বল থেকে আসা চরম অসহায় এসব ছাত্রের ঢাকা শহরে আশ্রয় নেওয়ার কোনো জায়গা নেই। বাধ্যতামূলক তাই এ বারান্দার জীবন মেনে নেওয়া। কখনো প্রচণ্ড শীত শরীরের ভেতরের হাড়গুলোকে ঠক ঠক করে কাঁপিয়ে দেয়। তবুও জীবন থেমে থাকে না। বারান্দার সেই আবছায়া আলোতেই শহীদুল ভাইকে বিসিএেসর প্রস্তুতি নিতে দেখা যায়। জাহীদ ভাই সারা রাত মুঠোফোনে প্রিয়তমাকে শোনান আনন্দ আর বেদনার কাব্য। ওপাশ থেকে কবিতার ভাঙা ভাঙা শব্দ ভেসে আসে কানে। রাত আরও গভীর হয়। কালের সাক্ষী হয়ে থাকা সলিমুল্লাহ মুসলিম হলের বারান্দায় চরম অযত্ন আর অবহেলায় কেটে যায় আরও একটি কষ্টের রাত।
রাব্বী আহমেদ
ঢাকা বিশ্ববিদ্যালয়।