বারান্দায় পড়ে আছে দুটি অটোক্ল্যাব যন্ত্র, অস্ত্রোপচার ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী আধুনিক সদর হাসপাতালের অস্ত্রোপচারে (অপারেশন) যন্ত্রপাতি বিশুদ্ধকরণের একমাত্র অটোক্ল্যাব যন্ত্রটি নষ্ট হয়েছে এক মাস আগে। এখন ছোট একটি অটোক্ল্যাব যন্ত্র এনে কোনোমতে অস্ত্রোপচারের যন্ত্রপাতি বিশুদ্ধকরনের কাজ সারা হচ্ছে। এ কারণে গত মাসে প্রসূতিদের অস্ত্রোপচার (সিজারিয়ান অপারেশন) অর্ধেক কমে গেছে। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের বরাদ্দ দেওয়া একটি অটোক্ল্যাব যন্ত্র আট বছর হাসপাতালের বারান্দায় ও অন্যটি চার বছর ধরে মহিপাল ট্রমা সেন্টারে বাক্সবন্দী অবস্থায় পড়ে রয়েছে। এ ছাড়া সাত বছর পড়ে রয়েছে তিনটি স্ট্রিম স্টিরিলাইজার। এসব যন্ত্রপাতির দাম প্রায় ২৭ লাখ ২৮ হাজার টাকা। হাসপাতালের ভেতর জায়গা না থাকায় এগুলো বসানো যাচ্ছে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে। অন্যদিকে সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের দুটি বৈদ্যুতিক জেনারেটর আট বছর অব্যবহূত অবস্থায় পড়ে রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, তেল বরাদ্দ না দেওয়ায় এগুলো চালানো যায়নি। হাসপাতাল সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় ভান্ডার থেকে ২০০৩ সালের ২৫ জুন তিনটি বাক্সে করে স্ট্রিম স্টিরিলাইজার ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। অটোক্ল্যাব যন্ত্রের একটি পাঠানো হয় ২০০৬ সালের ২৩ মার্চ, অন্যটি ২০০২ সালের ৬ আগস্ট। কিন্তু হাসপাতালের ভেতর জায়গা না থাকায় সেগুলো বারান্দায় রাখা ছাড়া অন্য কোনো উপায় ছিল না বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। জানা যায়, তিনটি স্ট্রিম স্টিরিলাইজারের তখনকার দাম ছিল ১৭ লাখ ২৮ হাজার টাকা এবং দুটি অটোক্ল্যাব যন্ত্রের দাম সাড়ে ১০ লাখ টাকা। হাসপাতালের এক চিকিৎসক জানান, ‘এক মাস ধরে একমাত্র অটোক্ল্যাব মেশিনটি নষ্ট হয়ে গেছে। এ কারণে সিজারিয়ান অপারেশন নেমে এসেছে অর্ধেকে। গত অক্টোবরে সিজারিয়ান অপারেশন হয়েছিল ১৬২টি। নভেম্বরে হয়েছে ৭০-৮০টি।’ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হাসিনা বেগম জানান, ‘বিশাল আকৃতির স্ট্রিম স্টিরিলাইজার ও অটোক্ল্যাব যন্ত্র বসানোর কোনো কক্ষ নেই হাসপাতালে। বিদ্যুৎ ও পানির সংযোগ না থাকায় সাধারণ কক্ষেও এগুলো বসানোর সুযোগ নেই। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে (হাসপাতাল) গত ২৫ অক্টোবর চিঠি দেওয়া হয়েছে। কুমিল্লার সিএমএম ইউ ও ফেনীর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকেও একাধিকবার লেখা হয়েছে। কিন্তু কাজ হয়নি।’এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমানে স্থানীয়ভাবে ব্যবস্থা করা ছোট একটি অটোক্ল্যাব যন্ত্র দিয়ে জরুরি অস্ত্রোপচারের কাজ চালিয়ে নেওয়া হচ্ছে।’ তেল বরাদ্দ না থাকায় দুটি বৈদ্যুতিক জেনারেটর ব্যবহার করা যাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।