বারী সিদ্দিকীর ভাবের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাঁশি কেন কাঁন্দে?’ প্রশ্নটা করে জবাবটা নিজেই বাঁশির সুরে দিলেন শিল্পী। বিলম্বিত লয় দিয়ে শুরু, মধ্য আর দ্রুত লয়ে যখন সুরের খেলা চলছে, তখন অনেকের চোখে পানি। সেটা যেন টের পেলেন শিল্পী, ভাবের ভান্ডারি বারী সিদ্দিকী। স্বগতোক্তির মতো করে বললেন, ‘বাঁশি বাজে না, কাঁদে...।’এরপর ভাবের গানে কাঁদলেন নিজে, ‘আমি একটা জিন্দা লাশ/ কাটিস নারে জংলার বাঁশ...।’ এভাবে গানে গানে গভীর হলো রাত। সবশেষে ‘সোয়া চান পাখি, আমি ডাকিতাছি/ তুমি ঘুমাইছ নাকি?’ ভাটির দেশের সেই গান গেয়ে মনের উজানে নাও বাইলেন শিল্পী। আর তাতে সুরের মায়ায়, ভাবের সাগরে হারিয়ে গেলেন মগ্ন দর্শক। ৮ মার্চ নগরের একটি মিলনায়তনে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের যুগপূর্তি অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।পরিচালক আজিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপপুলিশ কমিশনার মো. ময়নুল ইসলাম, ফারুক আহমেদ ও আমেনা বেগম, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোনাফ, চট্টগ্রাম সিমেন্ট আয়রন অ্যান্ড স্টিল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এম এস আলম, মো. ইছহাক, আসফাক আহমেদ এবং এ এইচ এম শোয়েব বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে জনপ্রিয় জুটি প্রেমসুন্দর বৈষ্ণব ও সুস্মিতা চট্টগ্রামের আঞ্চলিক গান গেয়ে মুগ্ধ করেন দর্শকদের। শাপলা আধুনিক ও সাম্প্রতিক সময়ের জনপ্রিয় কিছু গান করেন। এ ছাড়াও ছিল মজাদার মিউজিক্যাল চেয়ারসহ বিভিন্ন খেলা, ঢোলবাদন ও মূকাভিনয়।পরিচালক লায়ন হাকিম আলী বলেন, ‘১২ বছরের দীর্ঘ পথচলা আর সাফল্যের জন্য ডিলার, রিটেইলার, সরবরাহকারীসহ ক্রেতাদের অনেক অবদান রয়েছে। সবার ভালোবাসায় আমাদের পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে।’ তিনি জানান, দুই হাজার মেট্রিকটন ক্ষমতার তৃতীয় ইউনিট চলতি বছরের শেষনাগাদ উৎ পাদনে যাবে বলে আশা করছেন।’ প্রধান অতিথি মো. শফিকুল ইসলাম পুলিশের বিভিন্ন সামাজিক কার্যক্রমে ডায়মন্ড সিমেন্টের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, ‘শুধু ব্যবসা বা মুনাফার প্রতি মনোযোগী না হয়ে সমাজ উন্নয়নে এ প্রতিষ্ঠান যে অবদান রাখছে তা সবার জন্য অনুকরণীয়।’অনুষ্ঠানে যুগপূর্তি বিক্রয় প্রতিযোগিতায় বিজয়ী চট্টগ্রাম বিভাগের ১২৪ জন রিটেইলার এবং সেরা ডিলারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।কিং অব চিটাগাংয়ের উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত বর্ণাঢ্য উদ্বোধনী পর্বে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কোম্পানির ডিলার, আমন্ত্রিত অতিথি এবং তাঁদের পরিবারের সদস্যদের আইকিউ, মিউজিক্যাল চেয়ারসহ বিভিন্ন খেলা, ঢোলবাদন ও মূকাভিনয়ের আয়োজন করা হয়।