বারো মাসে তেরো সেলফি!

বছরের বারো মাস একরকম কাটে না। ব্যাপক ফুর্তিতে দলবেঁধে ঘুরে বেড়ালেন কদিন। কিন্তু বাড়ি ফিরেই আপনাকে পেয়ে বসল নিঃসঙ্গতা! আবার এমনও হয় যে টানা কাজ নিয়ে মজে আছেন, ঘর থেকে বেরোতেই ইচ্ছে করছে না! কখন যে কী ভাব এসে ভর করে তা কে জানে? কিন্তু আমরা তো জানাতেও চাই। অনেক সময় এমন সব না বলা কথা বলে দেওয়া যায় একটা ছবিতেই। সেলফি কী এ জন্যই দিন দিন এত জনপ্রিয় হচ্ছে! চলুন জেনে নিই বারো মাসে তেরো জাতের সেলফির কথা।
অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মানুষের ব্যক্তিগত পরিসরের দুয়ার যেন অনেকটাই খুলে দিয়েছে হালের সেলফি সাব-কালচার। বন্ধুদের সঙ্গে দলবেঁধে আড্ডার ‘গ্রুপ-সেলফি’ কিংবা প্রেম-পাখির মতো জোড় বেঁধে ঘুরে বেড়ানোর ‘কাপল সেলফি’ বা ‘কাপলিস’ তো আছেই। আমরা এখন ‘বাট সেলফি’ বা ‘বেলফিস’-এর কথাও জানি। সেলফির সুযোগে বন্ধুদের চোখ নাকি এখন উঁকিঝুকি মারতে শুরু করেছে শোবার ঘর থেকে শুরু করে গোসলখানাতেও! একে নাকি বলা হচ্ছে ‘বেডরুম সেলফি’ আর ‘বাথরুম সেলফি’!
কাপলি আর রেলফি
কাপল-সেলফি সংক্ষেপে ‘কাপলি’। সঙ্গীর প্রতি নিজের ভালোবাসা দেখানোর জন্য লোকে ‘কাপলি’ তুলে ফেসবুকে আপলোড দিচ্ছে হরদম। তবে এই শ্রেণিতে নতুন সংযোজন রিলেশনশিপ সেলফি বা ‘রেলফি’! প্রেম-পাখির জোড় বাঁধলে চখা-চখি একসঙ্গে ছুবি তুলে আপলোড করবেন অনলাইনে। ব্যাস রিলেশনশিপ স্ট্যাটাসের মতোই এটা জানান দেবে আপনাদের সম্পর্কের।
ফ্রেন্ড সেলফি
অনেক দিন পর বন্ধুর সঙ্গে দেখা। কুশল বিনিময় হলো। তুমুল-আড্ডা হইচই চলছেই। কিন্তু পুরোনো বন্ধুর সঙ্গে একখানা ফ্রেন্ড সেলফি তুলে সবাইকে জানান না দিলে যেন এই দেখা হওয়াটাই মাটি! অনেক ফ্রেন্ড সেলফি-ভক্তই আছেন আমাদের চারপাশে। আপনি যা-ই ভাবুন না কেন, ফ্রেন্ড সেলফি-ভক্তরা কিন্তু অনেক বেশি সামাজিক হিসেবে বিবেচিত।
মেকআপ সেলফি
এটা একেবারেই নারীর দখলে। বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য সেজেগুজে তৈরি হয়ে আছেন! এখনই একটা মেকআপ সেলফির সময়। এমন সাজের পর আয়নার মতোই ক্যামেরার সামনেও সমান স্বচ্ছন্দ থাকা চাই।
নো মেকআপ সেলফি
এই বছর সেলফিকুলের মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছে ‘নো মেকআপ সেলফি’। স্তন ক্যানসারের বিষয়ে সচেতনতা প্রসারে প্রচারাভিযান থেকে শুরু হয় এই ধারা। কোনো মেকআপ ছাড়াই নিজের স্বাভাবিক চেহারা-ছবিতে সবার সামনে হাজির হয়ে আপনার আত্মবিশ্বাসী মুখটাও সবাইকে দেখান।
বেলফি
কিম কারদাশিয়ান থেকে শুরু করে অনেক নারীই এই ধারার সেলফিতে জনপ্রিয়। সেলিব্রেটিরা নিজের চেনা মুখের সঙ্গে সঙ্গে ভক্তদের জন্য নিজেকে আরও একটু মেলে ধরলে ‘বাট সেলফি’ বা সংক্ষেপে ‘বেলফি’ নামের এই বিশেষ সেলফির প্রসার ঘটতে শুরু করে।
হলিডে সেলফি
বেড়াতে গিয়েছেন দূরে কোথাও। ফিরে আসার আগেই ভ্রমণের খানিকটা শেয়ার করতে চান বন্ধুদের সঙ্গে। পছন্দের ক্লিকগুলো থেকে বেছে নিয়ে আপলোড করে দিন একখানা। হয়ে গেল আপনার হলিডে সেলফি। একে অনেকে ‘ব্র্যাগি’ বলে ডাকে।
ফিল্টার্ড সেলফি
সেলফি আপলোড করার আগে আপনি ফিল্টার ব্যবহার করে ছবি এডিট করে নিতে পারেন। আপনাকে যাতে আরও উজ্জ্বল দেখায়, যাতে চোখগুলো ভাসা ভাসা মনে হয়, যাতে দাঁতগুলো আরও মুক্তোঝরা মনে হয়। তাহলে আপনি যা করছেন সেটাই ফিল্টার্ড সেলফি।
বিচ সেলফি
সমুদ্রসৈকতে বেড়াতে গিয়েছেন। ভাবছেন আহা কী দারুণ অবসর কাটছে। কাজের হুজ্জতি নেই। লোকজনের যখন তখন ডাকাডাকি নেই। কী আনন্দ! কিন্তু তখনই আপনার ইচ্ছে করল সৈকতে শুয়ে-বসেই নিজের এই সুখের কথা জানান দিতে। ব্যাস, আপলোড করে দিলেন একটা বিচ সেলফি! দেখলেন তো আপনি দূরে থাকতেও চান আবার মনোযোগেও থাকতে চান!
জিম সেলফি
শরীরটাকে ফিটফাট রাখার জন্য আজকাল জিমেও যাচ্ছেন। এই খবর পুরোনো বন্ধুদের জন্য তো বটেই নতুন বন্ধু খোঁজার জন্যও নাকি খুবই কাজের! জিমে ব্যায়ামের পোশাকে বন্ধুদের সামনে হাজির হয়ে চমকে দিতে পারেন সবাইকে। বন্ধুরা বুঝবেন আপনি আপনার নিজের যত্ন নিতে জানেন।
ফেসলেস সেলফি
আজকে চেহারাটা এক্কেবারে বিশ্রি লাগছে, কিছুতেই মেজাজটাও ঠিক হচ্ছে না। নিজের মুখটাকে না দেখিয়েও নিজেকে দেখানো যায়। কখনো কখনো এভাবেও বন্ধুদের সামনে হাজির হওয়া যেতেই পারে। আপনার মুখ না দেখেও কেউ কেউ হয়তো আপনাকেই বুঝবেন। এটাই ফেসলেস সেলফি।
টাং সেলফি
ঝাক্কাস মুডে থাকলে নিজের জিব বের করা একটা সেলফি তুলে আপলোড দিয়ে দিতে পারেন ফেসবুকে। দেখুন কমেন্টের বন্যায় কী অভিধা জোটে আপনার কপালে। নিজের নির্ভীক কিংবা নির্বোধ, ফুর্তিবাজ কিংবা নেতিয়ে যাওয়া সব চেহারাই তো আপনারই।
বাডাস সেলফি
নাগরিক অভিধান বলছে—বাডাস হচ্ছে এমন লোক যার সঙ্গে লাগতে যাওয়া কোনোভাবেই ঠিক হবে না। গলায় চিকন শিকল, হাতে ব্রেসলেট, কানে দুল, লম্বা চুল বা জুলফি...আরও কত কী-ই তো থাকতে পারে এমন লোকের গায়ে-গতরে। কেউ দেখে হয়তো ভাববে আপনি একজন রকার, কেউ ভাববে হিপহপ মিউজিশিয়ান। তবে রাগী-বদরাগী ভাব কিংবা টাফ-গাই ভাব যাই হোক না কেন জীবনে একটা বাডাস সেলফিও তো থাকতে পারে!