বারো মাসের আলোচিত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তিতাস একটি নদীর নাম!’—বিস্ময় জাগানিয়া এক মূল রচনা দিয়ে ২০১২ সাল শুরু করেছিল ছুটির দিনে। ক্ষণজন্মা সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের স্মৃতি বুকে নিয়ে নদীটি তখন ধুঁকছে! নদীর বুকে গড়া বিকল্প রাস্তার কারণে মুমূর্ষু তিতাস। সেই নদী ও নদীতীরবর্তী মানুষদের হালহকিকতই ছিল মূল রচনার প্রতিপাদ্য। সেখানে উঠে এসেছিল তিতাস একটি নদীর নাম উপন্যাসের সেই মালোদের জীবনযাপনের ছবি। ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাট ও আখাউড়া থেকে তুলে আনা ওই প্রতিবেদন ছাপা হওয়ার পরই ঘটে গেল আরেক ঘটনা। জীবনই ফিরে পেল তিতাস! বিকল্প রাস্তা সরিয়ে তিতাসকে ফিরিয়ে দেওয়া হলো তার স্বাভাবিক গতি। ‘বারীর কাজ বীরের মতো’—এই শিরোনাম ছিল ৬১৯তম সংখ্যাটির মূল রচনা। গল্পের নায়ক পঞ্চগড় মহিলা কলেজের ভূগোল শিক্ষক মো. তোহিদুল বারী। শিক্ষাসফরে যাচ্ছিলেন কলেজের ৪০ জন ছাত্রী নিয়ে। আচমকা সামনের একটি বাসের পেছনে ধাক্কা দিয়ে বসে বারীদের বাস। মুহূর্তেই পাশের গভীর খাদের দিকে এগিয়ে যেতে থাকে বাসটি! পালিয়ে যান বাসের চালক। মুহূর্তেই চালকের আসনে বসেন বারী। বেঁচে যান বাসের সবাই। খবরটি ছাপা হওয়ার পর সমাজের নানা স্তরের মানুষ অকুণ্ঠ ভালোবাসায় সিক্ত করেন বারীকে। প্রথম আলো অনলাইনের এক পাঠক মন্তব্যের জায়গায় লিখেছিলেন—বারীর কাজ বীরের মতো।ছোটবেলা থেকে ফুটবলই ছিল ধ্যানজ্ঞান। স্বপ্নেও ভাবেননি জীবিকার অবলম্বন ফুটবল একদিন তাঁকে এনে দেবে বিশ্বস্বীকৃতি। মাগুরার শালিখা উপজেলার প্রত্যন্ত গ্রাম ছয়ঘরিয়ার আবদুল হালিম নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। বল মাথায় নিয়ে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রমের বিশ্ব রেকর্ড হালিমেরই ঝুলিতে। তাঁকে নিয়েই লেখা হয়েছিল ছুটির দিনের ৬২১তম সংখ্যার মূল রচনা।৬৩৮তম সংখ্যায় উঠে এসেছিল সিরাজগঞ্জের কাজিপুরের এক দুর্গম চরের গৃহবধূ ফুলেআরার মানবসেবার গল্প। চরবাসীর চিকিৎসাসেবার জন্য স্বামী আর এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ফুলেআরা গড়ে তুলেছেন মানবসেবা হাসপাতাল। বিয়ের পর থেকে গৃহকর্মের খরচ বাঁচিয়ে টাকা জোগাড় করেছিলেন এই গৃহবধূ। খবরটি ছাপা হওয়ার পরই ফুলেআরার পাশে দাঁড়িয়েছেন অনেকেই। পেয়েছেন ‘সিঙ্গার-চ্যানেল আই সাহসিকতা পুরস্কার: কিংবদন্তি ২০১২’ সম্মাননা।অনেক ভিনদেশি বন্ধুই আছেন, যাঁরা বাংলাদেশের জন্য অনেক কিছুই করছেন। তেমনই এক দম্পতি—হিরোকি ও মায়ে। বস্তি আর পথশিশুদের নিয়ে হাজারো প্রশ্ন জেগেছিল জাপানি তরুণ হিরোকির মনে। উত্তর খুঁজতে আসেন বাংলাদেশে। বাংলাদেশের একঝাঁক তরুণকে নিয়ে গড়ে তোলেন ‘একমাত্রা’ নামের সংগঠন। সঙ্গে এসে যোগ দেন জাপানি কন্যা মায়ে। পথশিশুদের জন্য কাজ করার তাগিদে বাংলাদেশেই আছেন তাঁরা। বিয়ের পর নতুন সংসার পেতেছেন ঢাকার মিরপুরে। ‘একমাত্রা’র মাধ্যমে তাঁরা পথশিশুদের প্রশিক্ষণ দিচ্ছেন নানা বিষয়ে। কেবল কর্মসংস্থানই নয়, জাপানি দম্পতির স্বপ্ন, এই শিশুরা অবদান রাখতে পারবে সমাজ বদলে দেওয়ার অঙ্গীকারেও। ছুটিরদিনের ৬৩৯তম সংখ্যায় ছাপা হয়েছিল খবরটি।ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে আমাদের উন্মাদনা সংগত কারণেই। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে নিয়ে কত যে প্রশ্ন পাঠকের মনে! অনেক প্রশ্নেরই উত্তর মিলেছিল ৬৪৩তম সংখ্যাটিতে। ‘সাকিবের সঙ্গে ঢাকা টু মাগুরা’—মূল রচনার শিরোনাম ছিল এমনই। ঢাকা থেকে মাগুরা পর্যন্ত সাকিবের সঙ্গে ছিলেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। সঙ্গে ছিলেন আলোকচিত্রী শামসুল হক। তাঁদের লেখায় ও আলোকচিত্রে পাঠক দেখতে পেয়েছিলেন সাকিবের সারা বেলা। যে মাঠ থেকে উত্থান, সেই আলোকদিয়া স্কুলের মাঠে দাঁড়িয়ে থাকা সাকিব, নানিবাড়ির পাশে ছোট্ট নদী নবগঙ্গার পাশে দাঁড়িয়ে থাকা সাকিব কিংবা দেখা গিয়েছিল মায়ের পাশে বসে থাকা হাস্যোজ্জ্বল সাকিবকে। পরিষ্কারভাবে ফুটে উঠেছিল নানির সঙ্গে সাকিবের মধুর সম্পর্কটাও। ২০১২ সালে লন্ডনে বসেছিল অলিম্পিকের আসর। ওই আসরে বিভিন্নভাবে জড়িয়ে ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিরা। যেমন ব্রিটিশ কিকবক্সিং চ্যাম্পিয়ন বাঙালি তরুণী রোকসানা বেগম দৌড়েছেন অলিম্পিক মশাল নিয়ে। অলিম্পিকের স্মারকমুদ্রার নকশা করেছেন সায়মন মিয়া। খুদে শিল্পী সৌগত প্রিয়মসহ ৯০ জন বাঙালি কিশোর, তরুণ-তরুণী যোগ দিয়েছিলেন লন্ডন অলিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বিরাট এক দায়িত্বে ছিলেন বাংলাদেশি আকরাম খান। উদ্বোধনী অনুষ্ঠানের মূল পরিকল্পনাকারী অস্কারজয়ী নির্মাতা ড্যানি বোয়েল তাঁর কাঁধে দিয়েছিলেন কোরিওগ্রাফির দায়িত্ব। আয়েশা কোরেশী নামের আরেক বাংলাদেশি তরুণীও ছিলেন অলিম্পিকে। আন্তর্জাতিক অলিম্পিক আয়োজক কমিটির ১১৭তম সভায় যোগ দেওয়া লন্ডনের ১১ প্রতিনিধির একজন ছিলেন তিনি। আর যুক্তরাজ্যের নানা প্রান্তে প্রায় ১২ হাজার বাঙালি রেস্টুরেন্ট অতিথি আপ্যায়নে রেখেছে বিরাট ভূমিকা। এসব নিয়ে উজ্জ্বল দাশ লন্ডন থেকে লিখেছেন ছুটিরদিনের ৬৪৪তম সংখ্যার মূল রচনা।অপহূত হয়েছিল আট বছরের রাকিব। তাকে নিয়ে লঞ্চে ঢাকার পথে রওনা দেয় অপহরণকারী কথিত চাচা। গভীর রাতে অপহরণকারী তাকে ফেলে দেয় মাঝনদীতে! চাঁদপুরের ফরিদগঞ্জ ঘুরে এসে আমাদের প্রতিবেদক জানিয়েছিলেন এমন খবর। আনন্দের বিষয়, ছোট্ট রাকিবকে উদ্ধার করেছিলেন জাহাঙ্গীর বেপারি নামের এক জেলে। ছুটির দিনের ৬৫১তম সংখ্যায় ছাপা হয়েছিল মায়ের কোলে বসে প্রাণখুলে হাসতে থাকা রাকিবের ছবি। প্রতিবেদনটি ছাপা হওয়ার পর অপহরণকারীর বিচারকাজও শুরু হয়েছে।‘ভালোবাসার টানে: ইতামি থেকে কোনাবাড়ী’—৬৫৬তম সংখ্যার মূল রচনা। ‘বিশ্বজুড়ে ভালোবাসা’ মূলমন্ত্র নিয়ে যাত্রা শুরু করেছিল জাপানি স্বেচ্ছাসেবী সংস্থা ইন্টারন্যাশনাল অ্যানজেল অ্যাসোসিয়েশন। ইউরিকো কাওয়ামুরা নামের মমতাময়ীর গড়া সেই সংগঠন দীনহীনের পাশে দাঁড়াতে পা রেখেছিল বাংলাদেশেও। কাওয়ামুরা ও তাঁর সংগঠনের বৃত্তান্তই উঠে এসেছিল ওই মূল রচনায়।বিশ্বজুড়ে আগ্রহ ছিল মার্কিন মুলুকের নির্বাচন নিয়ে। নির্বাচনী প্রচারণা আর বিজয়মুহূর্তে বারাক ওবামার সঙ্গে ছিলেন এএফপির হোয়াইট হাউস ফটোসাংবাদিক বাংলাদেশের জুয়েল সামাদ। ৬৫৯তম সংখ্যায় তিনি লিখেছিলেন সেই অভিজ্ঞতা।ছুটিরদিনে প্রতিবেদক