বারোমাসি গ্রিনবল বেগুন চাষে লাভবান চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইব্রিড গ্রিনবল নামে বারোমাসি বেগুন চাষ করে বর্তমানে চন্দনাইশের চাষিরা প্রচুর লাভবান হচ্ছেন, এটির ফলন যেমন ভালো তেমনি সুস্বাদু। ওপরের আবরণ খুবই নরম। চাহিদার কারণে পাইকারি ক্রেতারাও চাষিদের আগাম জানিয়ে দিচ্ছেন কার কত বস্তা বেগুন লাগবে। ভোরে খেত থেকে বেগুন তুলে বস্তাভর্তি করে চাষিরা পাইকারি ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছেন। এই বেগুন চাষ করে চন্দনাইশের পাশাপাশি সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার চাষিরাও লাভবান হচ্ছেন। বাহার উদ্দিন একজন ব্যবসায়ী। হাইব্রিড গ্রিনবল বেগুনের ফলন দেখে গত দুই বছর থেকে ৮০ শতক জমি খাজনার বিনিময়ে বর্গা নিয়ে বেগুনের চাষ শুরু করেন। বীজ, সার, কীটনাশক ও শ্রমিক মিলিয়ে খরচ হয়েছে এক লাখ টাকা। এ পর্যন্ত তিনি এক লাখ ৫০ হাজার টাকার বেগুন বিক্রি করেছেন। খেত থেকে আরও দুই মাস বেগুন বিক্রি করতে পারবেন বলে জানান। বাহার উদ্দিন আরও জানান, পাইকারি ক্রেতারা বেগুনের জন্য আগাম জানিয়ে দেয় কার কত বস্তা লাগবে। সেই অনুযায়ী খেত থেকে বেগুন তুলে তাঁদের কাছে পৌঁছানো হয়। ১৯ সেপ্টেম্বর বুধবার ভোরে দোহাজারী দেওয়ানহাটসংলগ্ন বেগুন খেতে গিয়ে দেখা যায়, হাইব্রিড গ্রিনবল বেগুনের সফল চাষি বাহারসহ নয়জন শ্রমিক তাঁর খেত থেকে খাঁচায় বেগুন তুলছেন। এ সময় বাহার উদ্দিন জানান, প্রতি বস্তায় ৪০ থেকে ৪৫ কেজি বেগুন ভর্তি করা হয়। বর্তমানে এক বস্তা বেগুন ১৪ থেকে ১৫ শ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি হিসাবে প্রতি কেজি বেগুনের দাম পড়ে ৩৫ টাকা। আর পাইকারেরা খুচরা বাজারে বিক্রি করছেন প্রতি কেজি ৪৫ থেকে ৫০ টাকায়। বীজ বিপণন প্রতিষ্ঠান এআর মালিক অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড সূত্র জানায়, জাপান থেকে আমদানিকৃত বারোমাসি তরমুজ চাষে সফলতার পর তাঁরা গ্রিনবল নামে বারোমাসি বেগুনের বীজ আমদানি করেন।চন্দনাইশ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মৃণাল কান্তি দাশ মুঠোফোনে জানান, হাইব্রিড গ্রিনবল বেগুন বীজ খুবই ভালো। বারোমাসি গ্রিনবল বেগুনের চাষ করে চাষিরা লাভবান হচ্ছেন বলেও জানান তিনি।