মাননীয় ‘প্রধানমন্ত্রী’ বললেন, ‘মানহীনতা নয়, আমাদের শিক্ষাব্যবস্থার মূল সমস্যা অব্যবস্থাপনা—এই প্রস্তাবটি আজকের সংসদে গৃহীত হোক।’ অন্যদিকে বিরোধী দল থেকে একজন সাংসদ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ‘আপনারা কেন আইন করে শিক্ষাব্যবস্থার মান ঠিক করতে পারছেন না।’ এ রকম তুমুল উত্তেজনা ও বাগিবতণ্ডার মধ্য দিয়ে চলছিল সংসদ। সরকারি ও বিরোধী উভয় দলই সংসদে উপস্থিত থেকে শেষ করেছে সংসদের কার্যক্রম। এর মধ্যে হয়নি কোনো ধরনের ওয়াকআউট ও ফাইল ছোড়াছুড়ি। হয়েছে শুধু যুক্তির লড়াই। আর এভাবেই প্রাণবন্ত হয়ে ওঠে ছায়া সংসদ। গত ১৫ মার্চ শেষ হওয়া নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের আন্তসেমিস্টার বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে এমন দৃশ্যই চোখে পড়ছিল। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের উদ্যোগে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় ছিল প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (পিইউডিএস)।আইন অনুষদের সপ্তাহব্যাপী জমজমাট এই আয়োজনে মোট ১৮টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে আইন অনুষদের চতুর্থ সেমিস্টারের দল ‘ওরা কারা’ সরকারি দলে এবং ষষ্ঠ সেমিস্টারের দল ‘ঐকতান’ বিরোধী দলের ভূমিকায় ছিল। চূড়ান্ত পর্বের বিতর্কে চতুর্থ সেমিস্টারের শুভাশীষ চৌধুরী, রনি বড়ুয়া ও মিঠুন চক্রবর্তীর দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চূড়ান্ত পর্বে তুখোড় যুক্তিতর্ক উপস্থাপন করে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন রনি বড়ুয়া। তিনি বলেন, ‘পরিশ্রমের ফল পেলাম আজ আমরা, দল জিতে যাওয়ায় ভালো লাগছে খুব।’আন্তসেমিস্টার বিতর্কের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার পর এই টুর্নামেন্টের ছয়জন শ্রেষ্ঠ বক্তাকে নিয়ে শুরু হয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, ‘যেটা ছিল না, ছিল না, সেটা না পাওয়াই থাক’—এই বিষয়ের ওপর বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে ডিবেটার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন দাউদ আজাদ।এ ছাড়া রাজেশ দাশ দ্বিতীয় বক্তা ও তানজিদা মীম তৃতীয় বক্তা নির্বাচিত হন। বারোয়ারি বিতর্কের পর শুরু হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ইফতেখার মুনীর। তিনি বলেন, ‘যুক্তিবিহীন জীবন কল্পনা করা যায় না। যুক্তি জীবনের একটি অংশ। এ ধরনের প্রতিযোগিতার ফলে শিক্ষার্থীরা যুক্তিচর্চায় আরও বেশি উৎসাহিত হবে।’ এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ফাহমিদা কাদের, মেহের নিগার, হুমায়রা নওশীন, তাহমিনা সুলতানা, হিল্লোল সাহা, সঞ্জয় বিশ্বাস এবং দৃষ্টি চট্টগ্রামের বিতর্ক সম্পাদক রেজা চৌধুরী। পিইউডিএসের সভাপতি সাইফুদ্দীন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার সঞ্চালনা করেন পিইউডিএসের সাধারণ সম্পাদক সাবের শাহ।