
মুহূর্তের মধ্যে পাঁচটি বার্গার পেটে চালান করে দিলেন রিকার্ডো ফ্রান্সিসকো। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ভিডিওটি দেখে চোখ ছানাবড়া হওয়ার জোগাড়। কারণ, ফিলিপাইনের ২৪ বছর বয়সী রিকার্ডো প্রমাণ আকারের পাঁচটি হ্যামবার্গার খেতে সময় নিয়েছেন মাত্র এক মিনিট। যা তাঁকে এনে দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিশ্ব রেকর্ডের সনদ। ১০৭ গ্রাম ওজনের পাঁচটি বার্গার এক নিমেষে পেটে পোরেন তিনি। ফিলিপাইনের পাসায় শহরের একটি বার্গারের দোকানে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের ইউটিউব চ্যানেলে গত ৩০ মার্চ বার্গার খাওয়ার এই ভিডিও প্রকাশ করেছে।
ভিডিওতে দেখা যায়, অতি দ্রুত বার্গার খাওয়ার সে আসরে ফ্রান্সিসকোর প্রতিদ্বন্দ্বী ছিলেন কেলভিন মাদিনা নামের এক তরুণ। কেলভিন বর্তমানে ১২ ইঞ্চি ব্যাসের পিৎজা খাওয়ার বিশ্ব রেকর্ডের মালিক।
প্রতিযোগিতার নিয়মে বলা হয়েছে, বার্গার খাওয়ার জন্য ব্যবহার করতে হবে একটি হাত। তবে অন্য হাতে প্রতিযোগী পানি পান করতে পারবেন। তবে বার্গারের স্বাদ বাড়ানোর জন্য কোনো রকম মসলা যোগ করা যাবে না। এ ছাড়া একটি বার্গার খাওয়া হলে জিব বের করে বিচারককে দেখাতে হবে।
এত দিন দ্রুত বার্গার খাওয়ার বিশ্ব রেকর্ডটি ছিল পিটার সেরভিনস্কির দখলে। ২০১৩ সালে তিনি এক মিনিটে চারটি বার্গার খেয়েছিলেন। বলা যায় পিটারের গড়া রেকর্ডটি অনেক দিন অধরা ছিল। এখন দেখা যাক রিকার্ডো ফ্রান্সিসকো কত দিন ধরে রাখতে পারেন বিশ্ব রেকর্ড।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ভিডিও অবলম্বনে সজীব মিয়া