বার্জার-দৃষ্টি-স্টার ক্যাম্পাস ব্রেইন স্টোর্মিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বায়নের এ যুগে মুক্তবাজার অর্থনীতিতে আমাদের দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে প্রয়োজন নতুন ব্যবসায়িক ধারণা, নতুন উদ্যোক্তা। আর এ ধারণা থেকেই শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন দৃষ্টি আয়োজন করল বার্জার-স্টার ক্যাম্পাস ব্রেইন স্টোর্মিং। বাস্তবভিত্তিক ঘটনা বিশ্লেষণ, ব্যবসায় পরিকল্পনা, রিব্র্যান্ডিং, প্রসার ইত্যাদি বিষয় নিয়ে বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের এ প্রতিযোগিতায় সহযোগিতা দেয় চট্টগ্রাম স্টক এক্সচঞ্জ। এতে অংশ নেয় চট্টগ্রামের ১০টি বিশ্ববিদ্যালয়ের ২২টি ও ১২টি বিদ্যালয়ের ১২টিসহ ৩৪টি দল। গত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় ছিল প্রস্তুতিমূলক কর্মশালাও। প্রথম রাউন্ডের প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনটি দলসহ ছয়টি দল চূড়ান্ত পর্বে ওঠে। বিদ্যালয় পর্যায়ে চূড়ান্ত পর্বে ওঠা সাইডার ইন্টারন্যাশনাল স্কুল, উইলিয়াম কেরি একাডেমি, সিলভার বেলস গার্লস হাইস্কুল ও বাওয়া স্কুলদল নিয়ে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। গত ২৩ ফেব্রুয়ারি নগরের একটি রেস্টুরেন্টে চূড়ান্ত পর্বে বিদ্যালয় পর্যায়ের প্রতিযোগীরা পুরোনো জনপ্রিয় ব্যবসায় প্রতিষ্ঠানের রিব্র্যান্ডিং ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগীরা নতুন পণ্যের ব্যবসায় পরিকল্পনা ও বাজারজাতকরণ সম্পর্কে ধারণা দেন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ মামুন, আবুল খায়ের গ্রুপের কনসালটেন্ট তাসনিম এ করিম, সানমার প্রপার্টিজের উপমহাব্যবস্থাপক সেলিম বিন সালেহ, করপোরেট ব্যক্তিত্ব কামরুল হুদা, ডাচ-বাংলা ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট রাশেদুল আমিন, গ্রামীণফোনের উপব্যবস্থাপক নাজরানা ইউসুফ ও সিটিসেলের অ্যাকাউন্ট ম্যানেজার মোহাম্মদ হাসান। প্রতিযোগিতায় বিদ্যালয় পর্যায়ে বিজয়ী হয় সিলভার বেলস গার্লস হাইস্কুল আর রানার আপ হয় উইলিয়াম কেরি একাডেমি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিজয়ী হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (মার্কেটিং) এবং রানার আপ হয়েছে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়। সমাপনী ও পুরস্কার বিতরণ পর্বে প্রধান অতিথি ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী।দৃষ্টির সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণ-এর পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ মামুন, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান ও অভিনেত্রী শুভ্রা বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য দেন দৃষ্টির সহসভাপতি মিলি চৌধুরী, সাধারণ সম্পাদক সাইফ চৌধুরী ও যুগ্ম সম্পাদক আদনান মান্নান।