বার্ন ইউনিটে হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে পোড়া রোগী। কারও পুরো শরীর ব্যান্ডেজে মোড়া, কারও অর্ধেক। যন্ত্রণাকাতর মানুষের চিৎকার-গোঙানির শব্দ পুরো ওয়ার্ডে। কিছুক্ষণ পর পর চোখ মুছছেন স্বজনেরা। এর মধ্যে এল আরও একজন। তাঁকে দেখতে ছুটে গেলেন আবাসিক চিকিৎসক। সঙ্গে সেবিকা। এ সময় খবর এল কারখানায় কাজ করতে গিয়ে মারাত্মকভাবে দগ্ধ আরও দুজন নতুন রোগী এসেছে। বিপাকে পড়ে যান চিকিৎসক। কাকে ছেড়ে কাকে দেখবেন! কারণ পুরো বিভাগে তখন তিনিই আছেন একমাত্র চিকিৎসক।
এটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের গত বুধবারের বিকেলের চিত্র। তবে এ চিত্র প্রতিদিনের। অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসা দেওয়ার একমাত্র বিভাগটি নিজেই ধুঁকছে নানা সামস্যায়। চিকিৎসক ও সেবিকা-সংকট এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে চলছে জোড়াতালির চিকিৎসাসেবা। তার ওপর রয়েছে রোগীর চাপ। নেই আলাদা নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ)।
অপ্রতুল শয্যা ও জনবল: চমেক হাসপাতাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের শয্যাসংখ্যা ২৬টি। যদিও গড়ে প্রতিদিন এখানে ৫০ জনের বেশি রোগী থাকে। রাজনৈতিক সহিংসতায় ভিড় বাড়ছে এ বিভাগে। গত ১৫ দিনে সহিংসতার শিকার হয়ে ১৫ জনেরও বেশি মানুষ ভর্তি হয়েছেন এখানে। কিন্তু রোগীর চাপ বাড়লেও বাড়েনি জনবল। পুরো বিভাগে চিকিৎসকের সংখ্যা মাত্র ছয়জন—একজন করে কনসালট্যান্ট, প্লাস্টিক সার্জন ও অবেদনবিদ (অ্যানেসথেসিস্ট), দুজন আবাসিক চিকিৎসক এবং একজন সহকারী রেজিস্ট্রার। প্রতি পালায় রোগীদের দেখভালের জন্য রয়েছেন মাত্র দুজন সেবিকা। বিভাগের চিকিৎসকদের মতে, কমপক্ষে দুই থেকে আড়াই গুণ বেশি চিকিৎসক ও সেবিকা দরকার এই ওয়ার্ডে।
চমেক বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান মৃণাল কান্তি দাশ প্রথম আলোকে বলেন, এ বিভাগে রোগীদের চিকিৎসা একরৈখিক নয়। এখানে পুরো একটি টিমকে কাজ করতে হয়। এ ছাড়া এখানে ২৪ ঘণ্টাই জরুরি সেবা দিতে হয়। তিনি জানান, বেশির ভাগ রোগীর ঘা শুকানোর পর প্লাস্টিক সার্জারির প্রয়োজন হয়। কিন্তু প্লাস্টিক সার্জনের দায়িত্বে আছেন তিনি একাই। শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে নিয়ে কাজ চালাতে হচ্ছে। যার ফলে অস্ত্রোপচারের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে রোগীদের।
নেই পৃথক নিবিড় পরিচর্যাকেন্দ্র: গত সোমবার রাতে অবরোধকারীদের আগুনে দগ্ধ হন চট্টগ্রামের হাটহাজারীর অটোরিকশাচালক আবদুল আজিজ (৫০)। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। আগুনে তাঁর শ্বাসনালি পুড়ে যাওয়ায় পর দিনই শুরু হয় শ্বাসকষ্ট। কিন্তু চমেক বার্ন ইউনিটে নিবিড় পরিচর্যাকেন্দ্র না থাকায় মঙ্গলবার রাতেই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে পাঠিয়ে দেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।
হাসপাতাল সূত্র জানায়, চমেক হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রের শয্যা সংখ্যা মাত্র ১০টি। এখানে শয্যা পাওয়াটা ভাগ্যের ব্যাপার। অথচ বার্ন ইউনিটের অনেক রোগীরই প্রয়োজন হয় নিবিড় পরিচর্যার। বিভাগীয় প্রধান মৃণাল কান্তি দাশ জানান, বার্ন ইউনিটের জন্য আলাদা নিবিড় পরিচর্যাকেন্দ্র থাকাটা খুব জরুরি। কারণ মুখ ও বুক পুড়ে যাওয়া রোগীদের বেশির ভাগেরই শ্বাসনালি পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে যে কোন মুহূর্তে তাঁদের শ্বাসকষ্ট শুরু হতে পারে। এসব পরিস্থিতিতে অক্সিজেন ও অন্যান্য ওষুধ দিয়ে বর্তমানে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে।
এদিকে অস্ত্রোপচারের সরঞ্জামাদিসহ অনেক প্রয়োজনীয় ওষুধেরই পর্যাপ্ত সরবরাহও নেই এখানে। বিভাগের আবাসিক চিকিৎসক মিশমা ইসলাম বলেন, পোড়া রোগীর চিকিৎসা ব্যয়বহুল। প্রয়োজনীয় ওষুধের সরবরাহ স্বাভাবিক থাকলে গরিব রোগীরা উপকৃত হতো।
তারপরও চেষ্টা: শত সীমাবদ্ধতা সত্ত্বেও রোগীদের সেবায় দিনরাত কাজ করে যাচ্ছেন বিভাগের চিকিৎসক, সেবিকাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিভাগীয় প্রধান মৃণাল কান্তি দাশ জানান, ধীরে হলেও বার্ন ইউনিটকে একটি পূর্ণাঙ্গ বিভাগে রূপান্তরিত করার চেষ্টা করছেন তাঁরা।
জনবল ও শয্যা সংকটের বিষয়ে যোগাযোগ করা হলে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গণি বলেন, পুরো হাসপাতালই শয্যা ও জনবল সংকটে ভুগছে। এ নিয়ে মন্ত্রণালয়ে অনেকবার চিঠি দেওয়া হয়েছে। সর্বশেষ সরকারের কাছ থেকে আশ্বাস পাওয়া গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ এর মতো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল -২ স্থাপন করা হবে। সেটি হলে শয্যা সংখ্যা যেমন বাড়বে তেমনি লোকবল বাড়ানোও সম্ভব হবে।