বার্লিনের মহা-মিছিল

বার্লিনের রাস্তায় এত মানুষের ঢল সচরাচর দেখা যায় না। সেই ঘটনাই ঘটল বিশ্ব সংস্কৃতির মহাযাত্রার কুড়ি বছর পূর্তির দিন। জার্মানিতে বসবাসরত নানা জাতি-সম্প্রদায় ও সংস্কৃতিকে এক পথে বেঁধে দেওয়ার প্রয়াসেই এই আয়োজন।
ইউরোপে এই মুহূর্তে সাংস্কৃতিক সম্পর্কের সংকট চলছে, বিশ্বজুড়ে মৌলবাদের উত্থানের কারণে ভিন্ন সংস্কৃতির প্রতি ইউরোপীয়দের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। জার্মান ভাষায় এই মহাযাত্রার পোশাকি নাম ‘কার্নিভাল ডের কুলটুর’। বাঙালি জাতিসত্তার অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ধারণাকে বার্লিনের এই সংস্কৃতির মহাযাত্রায় তুলে ধরতেই প্রবাসী বাঙালিরা দীর্ঘদিন থেকেই এই মহাযাত্রার অন্যতম সঙ্গী। সেই ২০০২ সাল থেকেই প্রবাসী বাঙালিরা বার্লিনের বিশ্ব সংস্কৃতির মহাযাত্রার সঙ্গী হয়েছেন।
বিশ্ব সংস্কৃতির এই মহা মিছিলে নেমে এসেছে যেন সারা পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা নানা জাতির ভিন্ন ভিন্ন সংস্কৃতি। কী নেই এই মহা মিছিলে! যেমন আছেন দক্ষিণ আমেরিকার ব্রাজিল, পেরু, বলিভিয়ার অংশগ্রহণকারীরা। আছেন আফ্রিকার নানা দেশ; আছেন ক্যারিবীয় দেশগুলোর প্রতিনিধিরা। বাদ নেই এশিয়ার নানা দেশের সাংস্কৃতিক দলগুলো। সবচেয়ে বড় কথা, এই বিশ্ব মহা মিছিলে ছিল বাঙালিদের শুভানুধ্যায়ী জার্মানরা। নীল আকাশের নিচে প্রতিবছরের মতো এবারও বার্লিন শহরের প্রাণকেন্দ্র ক্রয়েজবার্গের হারমান স্কয়ার থেকে ছয় কিলোমিটার রাস্তাজুড়ে যেন বিশ্ব সংস্কৃতির মেলা বসেছিল।

গত ২৪ মে বার্লিনের আকাশ ছিল ঝকমকে নীল, তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। তপ্ত আকাশফাটা রোদের সঙ্গে বার্লিন ততটা পরিচিত নয়। বিশ্ব সংস্কৃতির মহাযাত্রার ২০ বছর পূর্তিতে সূর্যটা ঠিকমতোই জানান দিল, যেন প্রকৃতিও আছে জার্মানিতে বসবাসকারী নানা দেশের সংস্কৃতি ও তাদের ধারকদের সঙ্গে। বিভিন্ন সংস্কৃতির মানুষের বর্ণাঢ্য জমকালো পোশাক আর গানবাজনার তালে বার্লিন হয়ে উঠেছিল ছন্দময় আর বর্ণিল।
প্রথম দিকে দক্ষিণ এশিয়া ফোরাম আর গত পাঁচ বছর থেকে বার্লিনের বঙ্গীয় সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে সাফল্যের সঙ্গে বিশ্ব সংস্কৃতির মহাযাত্রার সঙ্গী হয়েছেন বাংলাদেশি প্রবাসীরা। জার্মানিতে এত বিশাল মানুষের উপস্থিতিতে এই ধরনের অনুষ্ঠান বিরল। এই বছরও প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার দুই পাশে আগের সব রেকর্ড ছাড়িয়ে ১৪ লাখ মানুষ হাজির হয়েছিল এই সাংস্কৃতিক মহাযাত্রার আয়োজন দেখতে। নানা সংস্কৃতির ৬২টি দলের প্রায় পাঁচ হাজার অংশগ্রহণকারী তাদের নিজ নিজ সংস্কৃতির স্বকীয়তা নিয়ে আবারও জয় করল বার্লিনের রাজপথ। এই রাজপথে ছিল বাংলাদেশ আর বাঙালি সংস্কৃতিও।
প্রতিবছরের মতো এবারও বার্লিন এবং জার্মানির অন্য শহরগুলো থেকে আসা বাঙালিরা বার্লিনের রাস্তা কাঁপালেন। সামনে ছিল কুঁড়েঘর আর তা আচ্ছাদিত ছিল বাঘের মুখোশ আর নানা ধরনের হস্তশিল্পে। তার ঠিক পেছনে—মেয়েরা শাড়ি পরে, কপালে টিপ, খোঁপায় নানা রঙের ফুল, দেশীয় অলংকারে সেজেছে। ছেলেরা লুঙ্গি-ফতুয়া ও মাথায় গামছা বেঁধে গাইছিল জনপ্রিয় দেশাত্মবোধক গান আর লোকগীতি। নেচেগেয়ে দীপ্ত পদভরে এগিয়ে যাচ্ছিল সবাই। রাস্তার দুই পাশের লাখো মানুষ করতালি দিয়ে আর চিৎকার করে সমস্বরে তাদের অভিনন্দন জানিয়েছে।
এই শোভাযাত্রা নিয়ে বার্লিনে বসবাসকারী বাঙালিদের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা বাঙালিদের উৎসাহ কম ছিল না। কোপেনহেগেন থেকে এসেছিলেন শিল্পী রুহুল কাজল। ফ্রাঙ্কফুর্ট থেকে হুমায়ূন কবির, জয়িতা রহমান, হাইডেলবার্গ থেকে আবদুল্লাহ আল ফারুক, সোলিংগেন থেকে মুহম্মদ সাকী, গোটিংগেনের সুজিত চৌধুরী। তালিকা যেন শেষ হওয়ার নয়।
প্রায় ১৩ বছরের বেশি সময় ধরে এই আয়োজনে রয়েছেন বার্লিন প্রবাসী বাঙালিদের ঐকান্তিক প্রচেষ্টা। এই কার্নিভালে বার্লিনে বাঙালিদের সংগঠন বঙ্গীয় সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে এই দায়িত্ব পালন কেরছেন বার্লিনপ্রবাসী খালেদ নোমান, সৈয়দ বাবুল, মাসুদ হোসেন, মামুন আহসান খান, মিলন আল মামুন, লুৎফুল খান, মকসুদুল হক ও আবু শফিকেরা।
আশা থাকল প্রবাসী এসব বন্ধুর প্রচেষ্টায় ভবিষ্যতেও বার্লিনের রাস্তায় বাঙালি সংস্কৃতি আর ঐতিহ্য আরও উজ্জ্বল হবে।
