নগর এলাকায় দোকান মালিকদের বার্ষিক মূল্য সংযোজন কর (ভ্যাট) ১২ হাজার থেকে কমিয়ে নয় হাজার টাকা করার দাবি জানিয়েছে চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশন। গত বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার কার্যালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের কাছে লিখিতভাবে এ দাবি জানানো হয়। চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম স্বাক্ষরিত ‘বাজেট প্রস্তাবনা’ শীর্ষক লিখিত প্রস্তাবনায় বলা হয়েছে, টানা ৯২ দিনের হরতাল–অবরোধ কর্মসূচিতে দোকান মালিক ও ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত। এ অবস্থায় বার্ষিক ভ্যাট ১২ হাজার থেকে কমিয়ে নয় হাজার করার জোর দাবি জানানো হচ্ছে। এটি করা হলে ভ্যাট আদায় বর্তমানের চেয়ে দ্বিগুণ হবে।
এ ছাড়া মেট্রো এলাকার অভিজাত শপিং মলগুলোর দোকানের দলিল বন্ধক রেখে সহজ শর্তে ঋণ প্রদান, চট্টগ্রামের উন্নয়নের জন্য আলাদা বাজেট ও ব্যাংকঋণের সুদের হার কমানোরও প্রস্তাব দেন ব্যবসায়ীরা। বিজ্ঞপ্তি।