বার্সেলোনায় মুঠোফোনের নতুন নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনন্দিন জীবনে মুঠোফোনের ব্যবহারকে আরও কত নতুনভাবে উপস্থাপন করা যায়, তা নিয়ে ভাবতে বসেছিলেন বিশ্বের মুঠোফোন বিশেষজ্ঞরা। কত দ্রুত মুঠোফোনের মাধ্যমে ব্যাংক বা অর্থসেবা, স্বাস্থ্যসেবা, কৃষিসেবা, শিক্ষাসেবাসহ বিভিন্ন ধরনের সেবা উন্নয়নশীল দেশগুলোর প্রান্তিক গ্রাহকদের কাছে পৌঁছানো যায়, তা নিয়ে আলোচনা করেন তাঁরা। তবে সবকিছু নির্ভর করছে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের তরঙ্গ বরাদ্দ নীতিমালার ওপর।‘রিডিফাইনিং মোবাইল’ শীর্ষক স্লোগান নিয়ে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত চার দিনের ‘জিএসএমএ ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে’ মুঠোফোন বিশেষজ্ঞদের সঙ্গে সেবা ও কম্পাংক (ফ্রিকোয়েন্সি) বরাদ্দ নিয়ে ভেবেছেন বিশ্বের ১৩০টি দেশের সরকারি প্রতিনিধিরাও।কংগ্রেসের ‘এম ফিন্যান্স’ শীর্ষক এক সেমিনারে টেলিনরের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিন স্কোজেন লোন্ড বলেন, মোবাইল পেমেন্ট সার্ভিসের মাধ্যমে এশিয়ার মানুষের অর্থনৈতিক অবস্থা উন্নত করা সম্ভব। পাকিস্তানের উদাহরণ দিয়ে তিনি জানান, ২০০৯ সালে পাকিস্তানে তামির মাইক্রো ফিন্যান্স ব্যাংকের সঙ্গে চালু করা ‘ইজি-পয়সা’ সেবা এ পর্যন্ত ৭০ কোটি মার্কিন ডলার লেনদেন করেছে। ক্রিস্টিনা আরও বলেন, মুঠোফোনে এ অর্থসেবার মাধ্যমে আগামী অর্থবছরে এশিয়া থেকে ১০ শতাংশ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মুঠোফোন সংযোগদাতা টেলিনর। বাংলাদেশে টেলিনরের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হলো গ্রামীণফোন।কংগ্রেসের দ্বিতীয় দিনে টেলিনরের প্যাভিলিয়নে মুঠোফোনে স্বাস্থ্যসেবার ওপর জোর দেন টেলিনরের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জন ফ্রেডরিক বাকসাস। তিনি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশগুলোর প্রান্তিক জনগণের জন্য দ্রুত ও উন্নত স্বাস্থ্যসেবা পেতে মুঠোফোন ছাড়া উপায় নেই বলে মন্তব্য করেন।টেলিনরের প্রেসিডেন্ট বাকসাস জানান, বর্তমানে সাড়ে ৬০০ কোটি মানুষের এই পৃথিবীতে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। এর মধ্যে ১৩০ কোটি মানুষ এখন মুঠোফোনেই ব্রডব্যান্ড ব্যবহার করছে। আর মুঠোফোনে স্বাস্থ্যসেবা পাওয়ার বিষয়টি এখন সময়ের দাবি। তাই সরকারকেও এখন বিভিন্ন সেবার বিষয়ে গুরুত্ব দিতে হবে। তবে এ সেবা দেওয়ার জন্য প্রশস্ত তরঙ্গ বিতরণের বিষয়টি সংশ্লিষ্ট দেশের সরকারকে নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন ফ্রেডরিক বাকসাস।ফ্রেডরিক বাকসাস বলেন, ‘প্রযুক্তি দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ জেনারেশন বা প্রজন্মের যা-ই হোক না কেন, নতুন প্রজন্ম এখন মুঠোফোনে সেবা পেতে চায়। তাই আমরা মনে করি, প্রযুক্তির উন্নয়ন সরকারসহ আমাদের সবার চেষ্টা নতুন প্রজন্মের দাবি মেটাতে পারবে।’‘মোবাইল অপারেটর স্ট্র্যাটেজি’ শীর্ষক সেমিনারে জিএসএমএর মহাপরিচালক অ্যামনি বোর্ভাট বলেন, মুঠোফোনের নিত্যনতুন ডিজাইন নয়, এখন নিত্যনতুন সেবার বিষয়টি গুরুত্বপূর্ণ। সে সময় মুঠোফোন অপারেটর এটিঅ্যান্ডটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (মোবিলিটি) রালফ ডি লা ভেগা বলেন, ভবিষ্যতের প্রযুক্তি হতে হবে অনেক সহজ। কারণ ইউরোপের ৬৫ শতাংশ গ্রাহক মুঠোফোনের বিভিন্ন ধরনের ডিজাইনে দুই বছর আগেই বিরক্ত ছিল। তারা চেয়েছিল, সহজে মুঠোফোন ব্যবহার এবং একই সঙ্গে জীবনযাপনের সঙ্গে সংশ্লিষ্ট সেবা যেন সহজ হয়। মাত্র দুই বছরের মধ্যে স্মার্ট ফোন এখন তাদের নিত্যপ্রয়োজনীয় কাজগুলো সহজ করে দিয়েছে বলে গবেষণায় পাওয়া গেছে।সরকারের বোধোদয়কংগ্রেসের ইতিবাচক ছোঁয়া লেগেছে বাংলাদেশ সরকারের গায়েও। এর বাংলাদেশের প্রতিনিধিত্বকারী টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোস বলেন, বাংলাদেশে টেলিযোগাযোগ খাতে সরকার পরিবর্তন আনতে চায়। এ জন্য সরকার টেলিযোগাযোগ আইনেও পরিবর্তন আনতে চায় বলে জানান তিনি। এরই সঙ্গে বাংলাদেশে দ্রুত প্রযুক্তিনিরপেক্ষ লাইসেন্স প্রদান এবং কম্পাংক বরাদ্দের ক্ষেত্রে সমন্বয় করা হবে বলে আশ্বাস দেন তিনি।একনজরে মেলামুঠোফোনের ধারণা পালটে দিতে গত ২৭ ফেব্রুয়ারি ‘রিডিফাইনিং মোবাইল’ শীর্ষক স্লোগান দিয়ে শুরু হয় জিএসএমএ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০১২। প্রায় ৫৮ হাজার বর্গমিটার এলাকা প্লাজা লা স্পেনায় এক হাজার ৪০০ স্টল নিয়ে শুরু হয় এ মেলা। এতে অংশ নেন ১৩০টি দেশের সরকারি প্রতিনিধি এবং বিশ্বের খ্যাতনামা সব টেলিযোগাযোগ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। আগামী বছর এ মেলা শুরু হবে ২৫ ফেব্রুয়ারি থেকে, একদম বার্সেলোনা বিমানবন্দরের পাশেই।