বালক জ্যাক ও তার শিমগাছ
(বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে)একটি রাজনৈতিক রূপকথা১.একদা ছিল এক বালক, নাম জ্যাক (বাংলায় পড়ুন জাকির)। বাবা অকালেই ওপারে পাড়ি জমান। টানাপোড়েনের সংসারে খরচ জোগাতে তার মা তাদের শেষ সম্বল গাভিটি বাজারে বিক্রি করার সিদ্ধান্ত নেন। জাকির গাভিটি বিক্রি করে ফেরার পথে এক দরবেশ তার কাছে কিছু শিমের বীজ বিক্রি করেন (১৫ শতাংশ ভ্যাটসহ)। বাড়ি ফিরে সে বীজগুলো রোপণ করে। পরদিন সকালে উঠে তো তার চক্ষু শিমগাছ! তার রোপিত বীজগুলো এক রাতের ব্যবধানে আকাশচুম্বী গাছে পরিণত হয়েছে। ফেসবুক, টুইটারের কল্যাণে এ খবর দেশ-দেশান্তরে ছড়িয়ে পড়ে। সাংবাদিক, ক্যামেরাম্যানে তার বাড়ি লোকারণ্য হয়ে ওঠে। স্থানীয় এক প্রভাবশালী নেতা শিমগাছটিকে ভুলবশত (!) নিজের মনে করে তার চারদিকে বেড়াদানপূর্বক ফটক নির্মাণ করেন। ফলে ইহা ‘পারিবারিক শিমগাছে’ পরিণত হয়। পরে ফার্স্ট লাইট নামের দৈনিকে খবর প্রকাশের পর এটি ভাঙা হয়। এদিকে হয়েছে কি, ‘ছয়জন বালক উক্ত শিমগাছ দর্শন করিতে আসিয়া ডাকাত সন্দেহে গণপিটুনির শিকার হইয়া মৃত্যুবরণ করে।’ স্থানীয় জনগণের কত বড় মহানুভবতা, তারা ছয়জন বিধ্বংসী ডাকাতের হাত থেকে দেশকে রক্ষা করলেন! শিমগাছ কথনের এই শেষ নয়, আরেক বালক শামছুদ্দিন লোটনকে পুলিশ সন্দেহবশত ওই শিমগাছসংলগ্ন এলাকা থেকে ধরে নিয়ে যায়। পথে পুলিশের গাড়ি থেকে ভুলবশত (!) পড়ে গিয়ে গণপিটুনিতে ডাকাত সন্দেহে কথিত ওই শীর্ষ সন্ত্রাসীরও মৃত্যু হয়। এরই মধ্যে এক সরকারি নেতা শিমগাছটিকে রাষ্ট্রীয় সম্পদ ঘোষণা করেন। ফলে বিরোধী দলে রীতিমতো লঙ্কাকাণ্ড শুরু হয়ে যায়। তারা অনির্দিষ্টকালের জন্য হরতাল, বিক্ষোভ কর্মসূচির আহ্বান করে এবং ‘শিমগাছ জাতির শত্রু’ লেখা ব্যানার নিয়ে মানববন্ধন করে। নাশকতা সৃষ্টির আশঙ্কায় শিমগাছের চারদিকে কড়া নিরাপত্তা জারি করা হয়। নতুন প্রস্তাবিত বাজেটে শিমগাছের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। আমাদের জাতীয় নেতাদের মহানুভবতায় মাত্র এক-দুই কোটি টাকা শিমগাছের ভাগ্যে পড়ে। বাকিটা তাঁরা উন্নয়নকাজে ব্যয় করেন। তবে রাষ্ট্রের নয়, ব্যক্তিগত উন্নয়নকাজে।২.ও, জাকিরের কথা মনে আছে তো। আরে, শিমগাছটার মালিকের কথা বলছি। খাবারের অভাবে ধুঁকতে ধুঁকতে তার মৃত্যু হয়। আর কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে থেকেই শিমগাছটি ধীরে ধীরে ঝরে পড়তে শুরু করে। এখানেই শেষ নয়, জাকিরের মৃত্যুর কারণ উদ্ঘাটন করতে ৩২ সদস্যের এক তদন্ত কমিটি গঠিত হয়। তারা ব্যর্থ হলে ব্যর্থতার কারণ আবিষ্কার করতে ৬৪ সদস্যের ‘আরেকটি তদন্ত কমিটি’ গঠিত হয়।এরপর আরও একটি তদন্ত...। থাক, আর বললাম না। পৌনঃপুনিক চিহ্ন দিয়ে রাখলাম! ফাহিম জাওয়াদ বিএল সরকারি উচ্চবিদ্যালয় সিরাজগঞ্জ।