বালি মানে ফিরে এসো
দেনপাসার নাগুরা রাই বিমানবন্দর থেকে বেরিয়ে দরদাম করে ট্যাক্সিতে উঠে বসতে ট্যাক্সি ড্রাইভার এক গাল হেসে শুধাল, ‘ইন্দিয়ান?’ মাথা নেড়ে বলি—নো, বাংলাদেশি। শুনে সে ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকায়—বাংলাদেশ? তোমাদের একজন মহান নেতা আছেন না? শেখ মুজিবুর রহমান? আমি তাঁর নাম জানি। রীতিমতো হকচকিয়ে গেলাম। ভারত মহাসাগরের মধ্যখানে এই ছোট্ট পাহাড়ি বুনো সবুজ দ্বীপে পা রেখেই এতটা বিস্মিত হতে হবে, তা ভাবিনি। এই ভালোলাগা আর বিস্ময় পরের চার দিন প্রতি মুহূর্ত সঙ্গী হয়ে রইল, ফিরতি বিমানে ওঠা পর্যন্ত।হ্যাঁ, এই হলো বালি, প্রাচীন ইন্দোনেশীয় ভাষায় এককালে যার নাম ছিল ওয়ালি, যার অর্থ হচ্ছে ফিরে আসা। বালির লোকেরা বিশ্বাস করে, একবার এখানে যে পা দেবে, সে বারবার ফিরে আসতে চাইবে। কেননা এই ঘন নীল সমুদ্র, এই গাঢ় সবুজ পাহাড়, এই এলোমেলো ঘন বন, দিঘির জলে ছায়া ফেলা সুপ্ত আগ্নেয়গিরি, পৃথিবীর প্রাচীন সব উপাসনালয় আর সবচেয়ে বড় কথা, এখানকার প্রাণবন্ত, আন্তরিক ও অতিথিপরায়ণ মানুষ তাকে বারবার ডাকবে। সেই ডাক উপেক্ষা করা সত্যিই কঠিন।সাগরে জীবনের ফেনাবালি দ্বীপের মোটে ১৮ থেকে ২০ শতাংশজুড়ে মানুষের বসবাস আর চলাচল, বাকি ৮০ শতাংশই পাহাড়, বন, বেলাভূমি আর দেবদারু, পামের নিবিড় মাথা—মাইলের পর মাইল। পুরো পৃথিবী থেকে সাগরের সৌন্দর্য আকণ্ঠ উপভোগ করতে বালির সমুদ্রসৈকতে ছুটে আসে প্রতিদিন হাজার হাজার পর্যটক। বালির প্রাণকেন্দ্র হচ্ছে কুটা সৈকত এলাকা। ধূসর বেলাভূমিতে আছড়ে পড়া সমুদ্রের ফেনিল গর্জন, আকাশে হাজার রঙিন ঘুড়ির নৃত্য, সৈকতে পর্যটকের ভিড় আর আনন্দ হিল্লোল, সার্ফারদের দারুণ সব কারসাজি, সারি ধরে হস্তশিল্প ও বাটিক সামগ্রীর দোকানপাট—সব মিলিয়ে এই সৈকত বিশ্বের অন্যতম প্রাণবন্ত আর বাঙ্ময় সমুদ্রসৈকত। তবে একটু নির্জনতা ও খানিকটা নিস্তব্ধতা যাঁদের পছন্দ, তাঁরা উল্টো দিকে যেতে চাইবেন। বন-জঙ্গল পেরিয়ে পাহাড়-পর্বত ডিঙিয়ে প্রথমেই তাদের উঠে পড়তে হবে উলুওয়াতুতে। ভীষণ খাড়া উঁচু পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে অনেক নিচে সমুদ্রের ফেনায় ফেনায় ফুঁসে ওঠা আর তারপর কোটি কোটি রজতশুভ্র টুকরোয় ভেঙে পড়ার এক আশ্চর্য দৃশ্য দেখে স্তম্ভিত হতে হবে। পাহাড় আর সমুদ্রের এত সুন্দর আর এত ভয়ংকর মিতালি এর আগে কখনো দেখেননি—এ কথা নিশ্চিত করেই বলা যায়। বেরিয়ে পড়ুন গাড়ি নিয়ে, পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে, দুই পাশে ঘন রেইন ফরেস্ট আর কখনো ম্যানগ্রোভ বনের বুক চিরে কিন্তামানি নামের একটা ছোট্ট সবুজ গাঁয়ে এসে থামবেন। এখান থেকে খুব ভালো করে দেখা যায় বিশ্বখ্যাত সুপ্ত আগ্নেয়গিরি বাটুর পর্বত আর তার পাশে শান্ত-নির্জন বাটুর দিঘিকে। শেষ ১৯৭৪ সালে জেগেছিল এই আগ্নেয়গিরি, তার লাভার ঘন-কালো গুঁড়াগুলো ছড়িয়ে আছে এলাকাজুড়ে। রোমাঞ্চপ্রিয় ব্যক্তিরা চাইলে বিশেষ অনুমতি নিয়ে জ্বালামুখের একেবারে কাছটিতেও যেতে পারেন—সে ব্যবস্থাও আছে। ভালো আর মন্দএলোমেলো, ঘন আর নিবিড় এক অরণ্যের ভেতর অপেক্ষা করে আছে আরেক বিস্ময়—গুনাঙ কাভি। পাহাড় কেটে সেই কবে কোন প্রাচীনকালে কারা তৈরি করেছিল মন্দির, মঠ ও শিক্ষাপ্রতিষ্ঠান। পাহাড়ি পথে ধাপে ধাপে অনেক নিচে নেমে গেলে অরণ্যের ভেতর হঠাৎ আবিষ্কৃত হয় এটি—প্রাচীনত্ব, গাম্ভীর্য আর পবিত্রতা নিয়ে অটল দাঁড়িয়ে আছে হাজার বছরের পুরোনো এক ইতিহাস। বালির মানুষের কাছে সবচেয়ে পবিত্র ও পূজনীয় হলো বিসাখি মন্দির বা মা মন্দির। কিন্তামানির কাছেই আরেক পাহাড়ের ওপর এই আশ্চর্য সুন্দর স্থাপনা। জাভা মন্দির এলাকাজুড়ে যে মূর্তিগুলো রয়েছে, তাদের গায়ে জড়ানো কালো আর সাদা লুঙ্গি। এই দুই রং এখানে ভালো আর মন্দের প্রতীক। জগতে সবকিছুরই আছে দুটি দিক—বালিনীয়রা এই দ্বিতত্ত্বে ভীষণ বিশ্বাসী। বালিনীয়দের দেবতার নাম তাই বারাঙ, যিনি একই সঙ্গে ভালো আর মন্দের প্রতীক। যিনি একই সঙ্গে ধ্বংস করেন এবং সৃষ্টিও করেন।বালি আর নক্ষত্রের তরেসারা দিন ঘুরেফিরে ক্লান্ত হয়ে এবার চলুন জিমবারান বে নামের পথটিতে। সমুদ্রপাড়ের এই রাস্তাটি শত শত খোলা রেস্তোরাঁয় পরিপূর্ণ। এরই যেকোনো একটায় ঢুকে বসে পড়বেন সৈকতে, খোলা আকাশের নিচে, বালুর মধ্যে পাতা চেয়ার-টেবিলে। পানিতে ভাসমান তাজা চিংড়ি ও রেড স্ন্যাপার মাছ আঙুল দিয়ে দেখিয়ে দেবেন, ওই জিনিসই তৎক্ষণাৎ রান্না করে পরিবেশন করা হবে আপনাকে। সঙ্গে জুঁই ফুলের মতো সাদা ভাত আর ফলের রস। নক্ষত্রের আলোয় সমুদ্রের মাতাল হাওয়ায় চুল, জামাকাপড় সামলাতে সামলাতে বাড়তি পাওনা খোলা মঞ্চে ঐতিহ্যবাহী ইন্দোনেশীয় ও বালিনীয় নৃত্য। এ রকম একটি নৈশভোজের অভিজ্ঞতা থেকে কিছুতেই বঞ্চিত করবেন না নিজেকে। এখানে বলে নিই, বালিতে মূল খাবারের সঙ্গে ভাত সর্বদাই বিনা পয়সায় পরিবেশন করা হয়। আর বালির সামুদ্রিক মাছের গ্রিল ও সাঁতের স্বাদ সত্যিই অতুলনীয়। ডেজার্টে প্রাণভরে নেবেন নানা জাতের ফল—পেঁপে, তরমুজ, আনারস, স্ট্রবেরি। এর মধ্যে যদি স্ট্রবেরি হিলে যাওয়ার সুযোগ করে নিতে পারেন, তবে খেয়ে নেবেন সুস্বাদু মিষ্টি স্ট্রবেরি—যত খুশি।কচ্ছপের দ্বীপসৈকতের হুল্লোড়, প্রাচীন মন্দির, পাহাড়ের গুহা আর নিবিড় অরণ্য—সবই দেখা হয়ে গেলে এবার চলুন কচ্ছপের দ্বীপে। ছোট্ট এই দ্বীপটি হলো কচ্ছপ প্রজনন কেন্দ্র, বালুর মধ্য থেকে পটপট করে ডিম ফুটে কচ্ছপ শিশুর বেরিয়ে আসা থেকে শুরু করে ১০০ বছর বয়সী বুড়ো ও বড় কচ্ছপ—সবই দেখতে পাবেন এখানে। জেটি থেকে স্পিডবোট বা গ্লাসবোটে করে ওখানে যেতে হবে। গ্লাসবোটের তলাটা কাচের, যেতে যেতেই দেখতে পাবেন লাল-নীল মাছের নাচানাচি আর পানির তলায় প্রবালের সৌন্দর্য। চাইলে করতে পারবেন স্নোরকেলিং, ওয়াটার ওয়াকিং, স্কুবা ডাইভিং, প্যারাগ্লাইডিং ইত্যাদি সব মজাদার ইভেন্ট। তবে সাবধান—দামদস্তুর করতে হবে প্রচুর, নয়তো আকাশচুম্বী দাম হেঁকে বসবে ওরা। একই কথা প্রযোজ্য কেনাকাটার বিষয়েও।ফিরে এসো, বালিতেবালির আছে এক নিজস্ব প্রাণ, আলাদা এক আমেজ ও স্বাদ—যার দেখা আর কোথাও পাইনি। এখানে হররোজ উৎসব, দিনমান আনন্দ, রাতভর উচ্ছ্বাস। সব বিষাদ, সব দুঃখ, সব অনিশ্চয়তা ধুয়েমুছে দেয় এর প্রাণময়তা। বালির মুখরতা, বালির প্রাণবন্ততা—বালির অভাবনীয় সৌন্দর্যের মতোই টানে, ভালোবাসে এবং ভালোবাসায়। যে একবার এই ভালোবাসায় বাঁধা পড়েছে, তাকে আবার ফিরে আসতে হবে বালিতে। কেননা বালি মানেই ফিরে আসা, ফিরিয়ে দেওয়া।জেনে নিনঢাকা থেকে সরাসরি বালি যাওয়ার বিমান নেই। সিঙ্গাপুর এয়ারলাইনসে বালি যেতে পারেন সিঙ্গাপুর হয়ে। আর মালয়েশিয়ান এয়ারলাইনস যায় কুয়ালালামপুর হয়ে।ইন্টারনেটে আগেই দেখে নিতে হবে থাকার ব্যবস্থা। এয়ারপোর্টে নেমে ট্যাক্সি পাবেন। হোটেলের নাম বললেই পৌঁছে দেবে। বালি খুব ছোট জায়গা। থাকা-খাওয়ার বন্দোবস্ত করে নিতে পারবেন সহজেই।