
থার্টি রক নামে এক রম্য টেলিভিশন ধারাবাহিকে জেমস ফ্রাঙ্কো নামে এক চরিত্র ছিল। ধারাবাহিকের এক পর্বে ফ্রাঙ্কো বিয়ে করেন বালিশকে। মানুষ সেই দৃশ্য দেখে হেসেই বাঁচে না! তবে কল্পকাহিনি এবার সত্যি হলো। সত্যি কাহিনির পাত্র হলেন লি জিন-গ্যু। পাত্রী এক জাপানি কোলবালিশ; নাম ডাকিমাকুরা। প্রেম ছিল দীর্ঘ দিনের। লি চাইছিলেন এর সফল পরিণতি। বিয়ের আগে পাত্রীকে বেশ সাজিয়ে-গুছিয়ে গির্জায় নিয়ে যান এই কোরিয়ান। বিয়ের পোশাক তো ছিলই, বালিশটির মুখে একটি অ্যানিমের স্টিকারও সেঁটে দেওয়া হয়েছিল গির্জায় যাওয়ার আগে। তারপর সাক্ষী-সাবুদ মেনে লি উচ্চারণ করলেন, ‘ইয়েস, আই ডু’। বিয়ের অনুষ্ঠানে নেমন্তন্ন পেয়েছিলেন লির বন্ধুরা। পুরোদস্তুর গাঁটছড়া বেঁধে নববধুকে নিয়ে পার্ক ও বিভিন্ন রেস্তোরাঁয় ঘুরে বেড়াচ্ছেন ২৮ বছর বয়সী লি। তবে দীর্ঘদিনের সঙ্গী ডাকিমাকুরাকে চিরস্থায়ীভাবে নিজের করে পেতে বেশ বেগ পেতে হয়েছিল তাঁকে। প্রেম যে কোনো বাধা মানে না—অবশেষে সেটাই প্রমাণিত হলো আবার!
হাফিংটন পোস্ট অবলম্বনে মাহফুজ রহমান