বালিশে মুখ লুকিয়ে মা বলে ডাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন আমার বয়স আট কি নয়। আমি স্কুল থেকে ফিরে মা বলে ডাক দিতেই আমার বড় বোন বলল, ‘মা বেড়াতে গেছে।’ আমার বুকের মধ্যে কেমন জানি ধক করে উঠল। মা আমাকে একা রেখে কোনো দিন কোথাও যায় না। এই প্রথম আমাকে রেখে ছোট বোনকে নিয়ে কোনো এক আত্মীয়ের বাড়ি গেছে। আমি কাঁদতে কাঁদতে রাস্তায় বেরিয়ে পড়লাম। দৌড় দিলাম মায়ের কাছে যাব বলে। গ্রামের রাস্তা শেষ করে উঠলাম পিচঢালা পাকা রাস্তায়। আর তো যাওয়া যায় না, আমি তো এর চেয়ে বেশি চিনি না। বাড়ি ফিরে এলাম। এভাবে বিকেল পর্যন্ত বারবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি আর রাস্তায় দাঁড়িয়ে থাকি মা কখন আসবে সেই অপেক্ষায়। সন্ধ্যার আগ মুহূর্তে মা বাড়িতে ফিরতেই তাকে জড়িয়ে ধরে সে কী কান্না। তা আমার আজও মনে পড়ে।
মা আমার যেকোনো আবদার পূরণ করত। আমার একটা অদ্ভুত অভ্যাস ছিল। মাঝেমধ্যে রাতে হঠাৎ ঘুম থেকে জেগে মাকে বলতাম, ‘মা, ভাত খাব।’ মা আমার এই অভ্যাসের জন্য প্রতি রাতে তার নিজের ভাগের একটু ভাত আলাদা করে তুলে রাখত। আমি বুঝতে পারতাম, মা পেট ভরে খায়নি। যে মা আমার জন্য কত কিছু করেছে, সেই মা আজ আর নেই। সেই কবে পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার সুখের জন্য তার সমস্ত সুখ বিসর্জন দিয়েছে। আজ সেই মা শব্দটাই ভুলতে বসেছি। কী করব, মা শব্দটা যে আমার আর উচ্চারণ হয় না। মাকে ছাড়া আর কাউকেই যে মা ডেকে শান্তি পাওয়া যায় না। আমি এই মা ডাকটা ভুলতে চাই না, তাই মাঝেমধ্যে বালিশে মুখ লুকিয়ে মা, মা...বলে ডাকি, আবার কখনো বাড়ির ছাদে উঠে রাতের তারাদের দিকে তাকিয়ে মা, মা, মা...বলে ডাকি। এভাবেই মা শব্দটা আমি মুখে সচল রাখি, তা না হলে মা শব্দটা যে আমি ভুলেই যাব। এখন খুব ইচ্ছে হয় মা যদি বেঁচে থাকত, তাহলে আমার মায়ের সব আবদার আমি পূরণ করতাম।
মেহেরপুর।