বালু ভাস্কর্য
কক্সবাজার সমুদ্রসৈকতে সময়-অসময়ে নানা উৎসব লেগেই থাকে। সে রকমই একটি উৎসব ‘বিজয় বালু ভাস্কর্য উৎসব’। এবার উৎসবটি সাজানো হয়েছে মুক্তিযুদ্ধে খেতাব পাওয়া সাতজন বীরশ্রেষ্ঠ, জাতীয় স্মৃতিসৌধ ও বধ্যভূমি নিয়ে। উৎসবের নাম রাখা হয় ‘বিজয় বালু ভাস্কর্য উৎসব’। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ৪৮ দিনের এ উৎসব চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের শিক্ষক মো. এনামুল হক, এ এ এম কাউসার হোসেন ও আতিকুল ইসলামের তত্ত্বাবধানে ২২ জন শিক্ষার্থী এই বালু ভাস্কর্য নির্মাণ করেন।বালু আর পানি দিয়ে কি ভাস্কর্য হয়? এর সত্যতার প্রমাণ পেতে হলে যেতে হবে কক্সবাজার সমুদ্রসৈকতে। তবে প্রয়োজন কলাকৌশলের। ৯ ডিসেম্বর বেলা ১১টায় সৈকতে গিয়ে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ধু-ধু বালুচরে পানি ঢেলে তা ভিজিয়ে নিচ্ছেন। ট্রাকে করে আনা বালু কাঠের কাঠামোতে ভর্তি করছেন ৬০ জনের বেশি শ্রমিক। কয়েকজন শ্রমিক কাঠামোয় রাখা বালুতে পানি ঢেলে ভিজিয়ে দিচ্ছেন। তারপর ওই ভেজা বালু চাপ দিয়ে শক্ত করে নেওয়া হচ্ছে।১০ থেকে ১৪ ডিসেম্বর দুপুর ১২টা পর্যন্ত কাঠের নয়টি কাঠামোর ওপর আট ফুট উঁচু করে তৈরি করা হয় জাতীয় স্মৃতিসৌধ, বধ্যভূমি এবং সাতজন বীরশ্রেষ্ঠের ভাস্কর্য।সমুদ্র পেছনে রেখে স্মৃতিসৌধ নির্মাণ করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এ এম কাউসার হোসেন। সঙ্গে তিনজন শিক্ষার্থী। তিনি বলেন, ‘অতীতে দেশের কোথাও এত বড় জাতীয় স্মৃতিসৌধসহ একসঙ্গে সাতজন বীরশ্রেষ্ঠের বালু ভাস্কর্য তৈরির নজির নেই। আমরা দেশকে মায়ের মতো ভালোবাসি বলেই মুক্তিযুদ্ধের চেতনা ও বীরশ্রেষ্ঠদের বীরত্বগাথা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে এখানে হাজির হয়েছি।’স্মৃতিসৌধের দক্ষিণ পাশে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য তৈরি করছিলেন ভাস্কর্য বিভাগের ছাত্র দীপক রঞ্জন সরকার ও মো. সফিকুল ইসলাম। এর পাশে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ভাস্কর্য তৈরিতে ব্যস্ত একই বিভাগের শিক্ষার্থী শারমিন নওরিন, মোহাম্মদ জামান ও রাশিদুল হাসান। বীরশ্রেষ্ঠদের রঙিন ছবি দেখে শিল্পীরা গড়ে তোলেন তাঁদের অবিকল মুখমণ্ডল। পর্যটকেরা ঘুরেফিরে এসব ভাস্কর্য দেখছেন। অনেকে তুলছেন ছবি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. এনামুল হক বলেন, ‘ভাস্কর্য তৈরির পর বাতাস, ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও কুয়াশায় বালু যাতে সরে না যায়, সে জন্য ভাস্কর্যের ওপর আঠাযুক্ত এক ধরনের প্রলেপ (স্প্রে) দেওয়া হয়। একে আমরা বলি আইকা গাম।’ গ্রিন ওয়ার্ল্ভ্রের প্রকল্প পরিচালক তৌফিক এলাহি জানান, নয়টি ভাস্কর্য তৈরি করতে ৬৩ ট্রাক বালুর প্রয়োজন হয়েছে। সৈকতের ২৩ কিলোমিটার দূরে রামু উপজেলার বিভিন্ন স্থান থেকে এই বালু সংগ্রহ করা হয়েছে। ভাস্কর্য তৈরিসহ নানা খাতে খরচ হয়েছে প্রায় ১৩ লাখ টাকা। বেসরকারি কয়েকটি সংস্থা এই অর্থের জোগান দেয়।