ক্লাস চলাকালে মাঝেমধ্যেই ওপর থেকে বাঁশ-কাঠের টুকরা ভেঙে পড়ে। বর্ষায় ভাঙা টিন বা বেড়ার ফাঁকে পানি ঢুকে সয়লাব হয়ে যায় শ্রেণীকক্ষ। বাতাসে উড়ে যায় বই-খাতা। আর শীত মৌসুমে বেড়ার ফাঁকে ঢোকা ঠান্ডা বাতাসে জবুথবু হয়ে ওঠে শিক্ষার্থীরা। এ রকম ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনে আতঙ্ক নিয়েই শ্রেণীর কাজ করছে ফটিকছড়ির বালুটিলা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী। শিক্ষক-শিক্ষার্থীদের আশঙ্কা, যেকোনো সময় ভবনটি হেলে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিদ্যালয় সূত্র জানায়, ১৯৮৪ সালে বালুটিলা উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ছয় কক্ষবিশিষ্ট টিনের ছাউনি ঘরটির বিভিন্ন কক্ষের বেড়া ও দরজা-জানালায় ৮-১০ বছর আগে থেকে ভাঙন দেখা দেয়। তিন-চার বছর আগে ঘূর্ণিঝড়ের সময় বিদ্যালয়টি নড়বড়ে হয়ে যায়। ২০০০-০১ অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের ফ্যাসিলিটিজ বিভাগ সাড়ে ১৭ লাখ টাকা খরচ করে তিন কক্ষের একটি নতুন ভবন তৈরি করলেও পুরোনো ভবন রয়ে গেছে আগের মতোই। জানা যায়, বিদ্যালয়ে ৩৫৬ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে নতুন ভবনে ১৫০ ও পুরোনো ভবনে ২০০ শিক্ষার্থীর পাঠদান চলে।বিদ্যালয় ঘুরে দেখা গেছে, এক একর জমির ওপর নির্মিত কাঁচা ঘরটির দরজা-জানালা ভাঙা। বেড়াগুলোও ভাঙা। জীর্ণদশা বিমগুলোরও।বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মিতালী রানী ত্রিপুরা ও নবম শ্রেণীর ছাত্র মো. ফারুক হোসেন জানায়, ‘বর্ষায় বিদ্যালয়ের টিনের বেড়ার ভেতর দিয়ে কক্ষগুলোতে পানি ঢুকে। ফলে আমরা ঠিকমতো ক্লাস করতে পারি না।’ অষ্টম শ্রেণীর ছাত্র পাখি কুমার ত্রিপুরা বলে, ‘শ্রেণীর কাজ চলাকালে ওপর থেকে বিভিন্ন সময় বাঁশ ও কাঠের টুকরা ভেঙে পড়ে। ভয় হয় কখন পুরো ঘর ভেঙে মাথার ওপর পড়ে।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ জামাল মজুমদার বলেন, বিদ্যালয়ে কক্ষ-সংকটের কারণে বিপজ্জনক এ ঘরে পরীক্ষাসহ শ্রেণীর কাজ চালিয়ে নিতে হয়। তিনি জানান, উপজেলা পরিষদের পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া বিদ্যালয়ের নিজস্ব তহবিল ও এলাকার বিত্তশালীদের কাছ থেকে সাহায্য নিয়ে পুরোনো ভবনের পাশে আরও একটি ভবন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত বলেন, ঘরটি এমনই বিপজ্জনক পর্যায়ে রয়েছে যে এটিকে ভেঙে নতুন করে তৈরি করা ছাড়া আর কোনো পথ নেই।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ বলেন, ‘বিদ্যালয়ের অবস্থার কথা জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে জানানো হয়েছে। আশা করি তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’