বালুর ভাস্কর্যে বীরের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বালু ও পানি দিয়ে তৈরি করা হয়েছে নয় ফুট উঁচু জাতীয় স্মৃতিসৌধ, এর সামনে একাত্তরে পাকিস্তানি হায়েনাদের নৃশংসতার সাক্ষী—বধ্যভূমি। আছেন মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ খেতাবে ভুষিত সাত শহীদ, আট ফুট উচ্চতার সাতটি ভাস্কর্যে আলোকিত সাত বীরের মুখ। স্মৃতিসৌধের দক্ষিণে বীরশ্রেষ্ঠ শহীদ নুর মোহাম্মদ শেখ, রুহুল আমিন ও হামিদুর রহমানের ভাস্কর্য। উত্তরে বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সী আবদুর রউফ, মোস্তফা কামাল, মহিউদ্দিন জাহাঙ্গীর ও মতিউর রহমান। সাগরতটের বিশাল ক্যানভাসে আঁকা হয়েছে একাত্তরকে। তাতে বিজয়ের গৌরবগাথার পাশাপাশি আছে স্বজন হারানোর বেদনার প্রতিচ্ছবি। কক্সবাজার সমুদ্রসৈকতে ১৪ ডিসেম্বর শুরু হয়েছে বিজয় বালু ভাস্কর্য উৎসব। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব। প্রতিদিন শত শত মানুষ উৎসবে যোগ দিয়ে শ্রেষ্ঠ বীর শহীদদের প্রতিও ভালোবাসা নিবেদন করছেন। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে এখানে শ্রদ্ধা নিবেদন করেন লাখো মানুষ। পরিবেশবাদী সংগঠন গ্রীণ ওয়ার্ল্ড সৈকতে দ্বিতীয়বারের মতো এ বালু ভাস্কর্য উৎসবের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের শিক্ষক মো. এনামুল হক, এ এ এম কাউসার হোসেন ও আতিকুল ইসলামের তত্ত্বাবধানে ২২ জন শিক্ষার্থী ভাস্কর্য নির্মাণ করেন। গ্রীণ ওয়ার্ল্ডের নির্বাহী পরিচালক হেদায়েতুল ইসলাম হেলাল জানান, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ভ্রমণে আসা হাজার হাজার পর্যটক ভাস্কর্য দেখে মুক্তিযুদ্ধ ও দেশের জন্য জীবন উৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠ সম্পর্কে জানতে পারছেন।রাখাইন তরুণী মা টিন টিন জানান, ‘এই বীর যোদ্ধারা না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। তাই শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে ছুটে এলাম। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা এই দেশকে মায়ের মতো ভালোবাসব, গড়ব সোনার বাংলা।’ কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম জানায়, ‘বালু আর পানি দিয়েও যে বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য তৈরি করা যায়, তাঁদের অবিকল মুখচ্ছবি আঁকা যায় তা এখানে না এলে জানতাম না।’ঢাকার রামপুরা থেকে ভ্রমণে আসা পর্যটক আহসান কবির (৫৫) জানান, ‘প্রতি বছর রায়েরবাজার বধ্যভূমিতে গিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানাতাম। এবার কক্সবাজার এসে মনটা খারাপ ছিল। কিন্তু সৈকতে অন্য রকমভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করতে পেরে মনটা আনন্দে ভরে গেল। সৈকতে বীরশ্রেষ্ঠদের দেখে মুক্তিযুদ্ধের সময় ঘাতক হানাদার বাহিনীর বর্বর নির্যাতনের কথা চোখের সামনে ভেসে উঠছে। নতুন প্রজন্ম এখান থেকে অনেক কিছু শিখতে পারছে।’ বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে আসা কয়েকজন শিক্ষার্থী জানান, ‘শহীদদের সামনে দাঁড়িয়ে আমরা ঘৃণা জানাচ্ছি তাদের, যারা একাত্তরে বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করতে চেয়েছিল। আমরা সেই যুদ্ধাপরাধীদের বিচার চাই।’