বাল্যবিবাহ ঠেকানোর বড় বাধা জন্মনিবন্ধন সনদ!
মহেশখালীতে প্রত্যন্ত অঞ্চলে বাল্যবিবাহ ঠেকানোর বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জন্মনিবন্ধন সনদ। ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় থেকে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া কিশোরীদের বয়স বাড়িয়ে জন্মনিবন্ধন সনদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয়পড়ুয়া কিশোরীদের জন্মনিবন্ধন সনদ না দেওয়ার জন্য ইতিমধ্যে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন সব ইউপি চেয়ারম্যানকে লিখিতভাবে নির্দেশ দিয়েছেন। কুতুবজোম আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রমজান আলী প্রথম আলোকে বলেন, ২০১০ সালের জুন মাসে এই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক কিশোরী ছাত্রী বাল্যবিবাহের শিকার হয়েছে। বিয়ের সময় ওই কিশোরীর বয়স ছিল মাত্র ১৩ বছর। কিন্তু জন্মনিবন্ধন সনদে ওই ছাত্রীর বয়স দেখানো হয়েছে ১৯ বছর। তিনি বলেন, জন্মনিবন্ধন সনদে বয়স বাড়িয়ে দেওয়ায় বাল্যবিবাহ বন্ধ করা যাচ্ছে না। বিশেষ করে, টাকার প্রলোভনে পড়ে অশিক্ষিত অভিভাবকেরা বিদ্যালয় থেকে মেয়েদের লেখাপড়া বন্ধ করে বিয়ে দিচ্ছেন। গত বছর এই বিদ্যালয়ের আট কিশোরী ছাত্রী বাল্যবিবাহের শিকার হয়েছে বলে তিনি জানান। ছোট মহেশখালী তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার তত্ত্বাবধায়ক ছিদ্দিক আজাদ বলেন, জন্মনিবন্ধন সনদে বয়স বাড়িয়ে এই মাদ্রাসার বেশ কয়েকজন ছাত্রীর অল্প বয়সে বিয়ে হয়েছে। অথচ এদের বয়স হবে ১৩-১৫ বছর। বাল্যবিবাহ ঠেকাতে হলে ইউনিয়ন পরিষদ থেকে যাচাই-বাছাই ছাড়া জন্মনিবন্ধন সনদ দেওয়া বন্ধ করতে হবে। হোয়ানক রশিদিয়া দাখিল মাদ্রাসার তত্ত্বাবধায়ক জালাল উদ্দিন বলেন, ইউনিয়ন পরিষদ থেকে বয়স বাড়িয়ে জন্মনিবন্ধন সনদ দিয়ে গত বছর এই মাদ্রাসার চার ছাত্রীর বিয়ে হয়েছে।এ প্রসঙ্গে ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সমদ বলেন, ‘অভিভাবকেরা ইউনিয়ন পরিষদে এসেই জন্মনিবন্ধন সনদে বয়স বাড়িয়ে দিয়ে সনদ নিয়ে যান। দিতে না চাইলে উল্টো অভিভাবকেরা আমাদের সঙ্গে ঝগড়া করেন। অভিভাবকেরা সচেতন না হওয়া পর্যন্ত এলাকায় বাল্য বিবাহ ঠেকানো কোনোভাবেই সম্ভব না।’ মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বলেন, ‘এ এলাকার প্রতিদিন অল্পবয়সী মেয়েদের বিয়ে হচ্ছে। এ ক্ষেত্রে মেয়েদের অভিভাবক ও সমাজ দায়ী। এ নিয়ে থানায় দিনে কমপক্ষে চারটি অভিযোগ আসে। আর এসব সমস্যার সমাধান দিতে গিয়ে পুলিশকে হিমশিম খেতে হয়।’ মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, বাল্য বিবাহ ও ইভ টিজিং বন্ধে সচেতন করতে বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় অভিভাবক সমাবেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জনপ্রতিনিধিরা বয়স বাড়িয়ে দিয়ে জন্মনিবন্ধন সনদ দেওয়ায় এলাকায় বাল্য বিবাহ ঠেকানো যাচ্ছে না। তাই বাল্য বিবাহ ঠেকানোর জন্য আগামী আইনশৃঙ্খলাবিষয়ক সভায় জনপ্রতিনিধিদের অল্প বয়সের কিশোরীদের জন্মনিবন্ধন সনদ না দেওয়ার বিষয়টি উত্থাপন করা হবে।