বাল্যবিবাহ ঠেকাবে জন্মসনদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রায়েরবাজারের একটি কাজি অফিসে এসেছেন এক মুদি দোকানি। বড় মেয়ে মনিরাকে (ছদ্মনাম) সঙ্গে নিয়ে এসেছেন তার বিয়ের ব্যাপারে আলাপ করতে। অষ্টম শ্রেণীতে পড়ুয়া মনিরার একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ছেলেটি মাদকাসক্ত। তাই মনিরার মা-বাবা অন্য এক ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছেন। কাজি সাহেব বিস্তারিত শুনে মেয়ের বয়স জানতে চাইলেন। মুদি দোকানি এবার পড়ে গেলেন বেকায়দায়। থতমত খেয়ে বললেন, ‘১৮ বছর হইছে।’ কাজি সাহেবের সন্দেহ হলো। মেয়ের জন্মনিবন্ধনের সনদ আছে কি না জানতে চাইলেন তিনি। ‘না’ সূচক জবাব দিতেই কাজি সাহেব বললেন, ‘এই বিয়া দেওয়া যাবে না। মেয়ে সাবালিকা হয় নাই। এই বিয়া দিলে আমি ভ্যাজালে পড়ুম।’ কাজি অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় মুদি দোকানি বললেন, ‘এই কাজি না দিলে কী হইব, অন্য কাজিরে ডাইকা মাইয়্যার বিয়া আমি দিমুই দিমু।’৯ অক্টোবরের ঘটনা এটি। একই দিন অন্য রকম চিত্রও দেখা গেল মগবাজারের কাজি অফিসে। সেখানে এক ব্যক্তি কাজি অফিসেরই এক কর্মচারীর সঙ্গে কথা বলছিলেন। মাছ ব্যবসায়ী ওই ব্যক্তি বলেন, ‘আমার মেয়ের বয়স এহন ১৬। বিয়া দেওন লাগব। কী করা যায় কন।’ কর্মচারী বললেন, ‘মেয়ের বয়স আঠারোর কম। কাজ হবে না। তবে একটা উপায় আছে। নোটারি পাবলিক দিয়ে বয়সের অ্যাফিডেভিট করায়া আনেন। আর মেয়ে দেখতে বড় হইলে কথা নাই। কাজি সাবে বিয়া পড়ায়া দিব।’বাল্যবিবাহ ঠেকাতে জন্মসনদ থাকার বিষয়টি কতটা জরুরি, ওপরের দুটি ঘটনায় তা বোঝা যায়। জন্মসনদ থাকলে ওই মাছ ব্যবসায়ীর মেয়ের বয়সের অ্যাফিডেভিটের প্রসঙ্গ আসত না। এ জন্য সরকার দেশের প্রত্যেক নাগরিকের জন্মনিবন্ধন করানোর ওপর ব্যাপক গুরুত্ব আরোপ করেছে। জন্মসনদ না থাকার সুযোগে আমাদের দেশে বহু মেয়ের বাল্যবিবাহ হচ্ছে। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) দেওয়া তথ্য অনুযায়ী, দেশের প্রতি তিনজনের মধ্যে দুজন মেয়ে ১৮ বছর বয়স হওয়ার আগেই এ ধরনের পরিস্থিতির শিকার হচ্ছে। বেশির ভাগ বিয়ে আইনের ফাঁক গলে এবং গোপনে হচ্ছে বলে এর সঠিক পরিসংখ্যানও নেই।১৯২৯ সালে বাংলাদেশে বাল্যবিবাহ নিরোধ আইন পাস করা হয়। এ আইনে পুরুষের বিয়ের বয়স ন্যূনতম ২১ বছর এবং নারীর ন্যূনতম ১৮ বছর নির্ধারণ করা হয়। কিন্তু আমাদের দেশে অনেকেই এটি মানছে না। অল্প বয়সেই মেয়ের বিয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বিয়েতে জন্মসনদ উপস্থাপনের বিষয়ে সরকারের নির্দেশনা থাকলেও অনেক কাজিই তা মানছেন না। ফলে বাল্যবিবাহ ঠেকানো যাচ্ছে না। আর এর ফলে অনেক শিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও বিকাশের অধিকার ও সুযোগ খর্ব হয়। বাল্যবিবাহের কার েস্কুল থেকে ঝরে পড়ে শিশুরা।বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএ) নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, বাল্যবিবাহ ঠেকাতে কাজিদের দায়বদ্ধ করে তুলতে হবে। অনেক কাজি আছেন, যাঁরা বর বা কনের বয়স কম বুঝতে পেরে চেয়ারম্যানের কাছ থেকে সনদ আনতে বলেন। অনেক অভিভাবক আছেন, যাঁরা জাল সনদ সংগ্রহ করে দায় সারেন। এসব ক্ষেত্রে কাজিদের সচেতন হতে হবে। তিনি বলেন, বিয়ের সময় জন্মনিবন্ধনের পাশাপাশি ভোটার আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক করতে হবে। এতে আর বয়স লুকানোর সুযোগ থাকবে না।১৯৯৮ সাল থেকে বিয়ে পড়ানোর দায়িত্ব পালন করছেন ঢাকা সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের কাজি মো. ওয়াহেদুজ্জামান। তিনি এই প্রতিবেদককে বলেন, ‘ভোটার আইডি কার্ড ও জন্মসনদ দেখে বিয়ে পড়ানোর সরকারি নির্দেশ আমাদের ওপর আছে। এ নির্দেশ মেনে আমরা কাজ করছি। নির্দেশ অমান্যকারী কয়েকজন কাজির শাস্তিও হয়েছে। তবে অনেক সময় বাল্যবিবাহ পড়ানোর চাপ আসে। এ ক্ষেত্রে কাজির উচিত তাঁর অবস্থানে অনড় থাকা।’বাংলাদেশ কাজি সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘বাল্যবিবাহ ঠেকানোর ক্ষেত্রে জন্মনিবন্ধনের কোনো বিকল্প নেই। সরকার অনেক আইন করে, কিন্তু সেগুলোর প্রচার করে না। জন্মনিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য আরও প্রচার-প্রচারণা চালাতে হবে।’ তিনি আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে জন্মনিবন্ধনের গুরুত্ব তুলে ধরে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো কিছুটা সময় বরাদ্দ দিতে পারে। প্রতিদিন অনেক টক শো হয়। এসব শোতে এ বিষয়ে আলোচনা করা যায়।জন্মনিবন্ধন, বাল্যবিবাহসহ বিভিন্ন প্রয়োজনীয় বিষয় পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করলে ভালো হতো বলে মনে করেন রুহুল আমীন। তিনি বলেন, শিশুরা বিষয়গুলো সম্পর্কে ঠিকমতো শিক্ষা পেলে তাদের ভেতরই প্রতিরোধের ক্ষমতা তৈরি হবে। তারা তখন নিজেরাই বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।বেসরকারি প্রতিষ্ঠান স্টেপ্স টুয়ার্ডস ডেভেলপমেন্ট দেশের ১৯টি জেলায় বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছে। ২০০২ সালে প্রতিষ্ঠানটি জন্মনিবন্ধন কার্যক্রম নিয়ে প্রথম প্রচারণা শুরু করে। ২০০৬ সাল থেকে তারা জন্মনিবন্ধন আইনটিকে বাল্যবিবাহ ঠেকানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এত কিছুর পরও বাল্যবিবাহ বন্ধ হচ্ছে না। জন্মসনদ পরিবর্তন করে ফেলাসহ বিভিন্নভাবে তা চলছে।ইউনিসেফ সূত্রে জানা যায়, বেসরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমে ২০০৬ সাল থেকে ‘কিশোরী অভিযান’ নামে একটি কর্মসূচি পরিচালনা করছে ইউনিসেফ। বর্তমানে দেশের ৫৯টি জেলায় কর্মসূচি চলছে। এ কর্মসূচিতে কিশোর-কিশোরী, অভিভাবক ও এলাকার লোকজনকে বাল্যবিবাহের কুফলসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।লালমনিরহাটের খাতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাদিকা জাহান এ প্রতিবেদককে বলেন, বাল্যবিবাহের কুফল নিয়ে যতই প্রশিক্ষণ দেওয়া হোক, অভিভাবকেরা সচেতন না হলে কাজ হবে না। তিনি আরও বলেন, ‘স্কুলে ভর্তির সময় অনেক অভিভাবক শিশুর বয়স কমিয়ে বা বাড়িয়ে দেন। শিক্ষাজীবনের শুরুতেই এ ধরনের একটি ‘মিথ্যা’র মধ্যে পড়তে হয় অনেক শিশুকে। অনেক বাবা-মা জেনেশুনেই তাঁর সন্তানের বয়স কমিয়ে দেন, যা ঠিক নয়। এ ধরনের সমস্যা সমাধানে জন্মনিবন্ধন করাটা জরুরি।’