বাল্যবিবাহ থেকে রক্ষা পেল কিশোরী নাজমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ বছর বয়সে নিকট আত্মীয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল কাজী নাজমা আকতারের। কিন্তু মানবাধিকার সংস্থা ও জনপ্রতিনিধিরা রুখে দিলেন এ বাল্যবিবাহ। নাজমার মা-বাবা ভুল বুঝতে পেরে পাল্টেছেন সিদ্ধান্ত। সে এখন আবার আগের মতো মাদ্রাসায় যাচ্ছে। সহপাঠীদের সঙ্গে আনন্দে কাটাচ্ছে দিন। নাজমা রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের মিনাগাজির টিলা মতিউল উলুম দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী।মাদ্রাসার প্রধান শিক্ষক এস এম রহমত উল্লাহ জানান, ১২ অক্টোবর নাজমার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা শাখার কর্মী ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বিয়ে বন্ধ হলো।মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি জহুরু আনোয়ার জানান, মিনাগাজীর টিলা কাজীপাড়া গ্রামের মধ্যপ্রাচ্যপ্রবাসী কাজী জমির উদ্দিনের মেয়ে কাজী নাজমা আকতার। নিকট আত্মীয় দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও মোয়াজ্জিমপাড়া গ্রামের আবদুল হকের পুত্র আবদুল গফুরের সঙ্গে তার বিয়ে ঠিক হয়। এ ব্যাপারে অভিযোগ পেয়ে ১০ অক্টোবর বিয়ে বন্ধের জন্য চিঠি দেওয়া হয়। ফলে উভয় পক্ষ বিয়ে বন্ধে সম্মত হয়। শিলক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব খান ও দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান এনামুল হক মিয়া বিয়ে বন্ধে সহযোগিতা করেন। নাজমা আকতারের বাবা কাজী জমির উদ্দিন বলেন, ‘নিকট আত্মীয় হওয়ায় মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলাম। সব মা-বাবাই তো চায় মেয়ে সুখে থাক। তবে কম বয়সে বিয়ে দেওয়ার চেষ্টাটাই ভুল ছিল। সেটা বুঝতে পারছি এখন।’ শিলক ইউপির চেয়ারম্যান আইয়ুব খান বলেন, মা-বাবা না বুঝে কিশোরী নাজমা আকতারকে বিয়ে দিতে যাচ্ছিল। এ বিয়ে বন্ধ হওয়ায় মেয়েসহ তাঁরাও খুশি।