বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দাখিল পরীক্ষার্থী সালমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাই ও মায়ের চাপে বিয়ে করতে রাজি হলেও মাদ্রাসার তত্ত্বাবধায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বন্ধ হলো একটি অনাকাঙ্ক্ষিত বাল্যবিবাহ। বিয়ে বন্ধ হওয়ার পর পরীক্ষায় অংশ নেওয়ায় সুযোগ পেয়ে নিজেকে যোগ্য করে গড়ে তোলার স্বপ্ন দেখছে উম্মে সালমা (১৫)।
উম্মে সালমা কক্সবাজারের মহেশখালী উপজেলায় শাপলাপুর ইউনিয়নের মহিউল সুন্নাহ দাখিল মাদ্রাসার ছাত্রী এবং এবারের দাখিল পরীক্ষার্থী। মেধাবী ছাত্রী সালমার দাখিল শ্রেণীতে ক্রমিক নম্বর ছিল এক।
এদিকে দুবছর আগে তার বাবা মারা যাওয়ার পর থেকে তাকে বিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লাগেন তার মা ও ভাই। শেষ পর্যন্ত সালমার মত ছাড়াই চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের এক যুবকের সঙ্গে ৬ ফেব্রুয়ারি তার বিয়ের দিন ঠিক করা হয়। মাদ্রাসার তত্ত্বাবধায়ক নাজেম উদ্দিন বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অনুরোধ জানান।
ইউএনও মোহাম্মদ আনোয়ারুল নাসের ৬ ফেব্রুয়ারি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সালমার মা ও ভাইকে তাঁর কার্যালয়ে ডেকে এনে বাল্যবিবাহের ক্ষতিকর ও আইনি দিক বুঝিয়ে বলেন। এতে বিয়েটি বন্ধ করতে রাজি হয় সালমার পরিবার। এভাবেই বাল্যবিবাহ থেকে রক্ষা পেল সালমা। ৯ ফেব্রুয়ারি দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে ভীষণ খুশি সালমা। প্রথম আলোকে সে বলে, বিয়েটা বন্ধ হওয়ায় সে এখন পড়ালেখা চালিয়ে নিজেকে যোগ্য করে গড়ে তোলার সুযোগ পাবে।
এ বিষয়ে ইউএনও বলেন, গ্রামে-গঞ্জে সালমার মতো অনেক মেয়ে বাল্যবিবাহের শিকার হচ্ছে। কিন্তু এলাকার জনগণ একটু সচেতন হলেই এ রকম বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব।